লিভোনিয়ায় বাবা-মা, ভাই ও ভাইয়ের প্রেমিকাকে হত্যার দায়ে যুবক অভিযুক্ত

আপলোড সময় : ১৩-০৬-২০২৬ ১১:২০:০৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৩-০৬-২০২৬ ১১:২০:০৬ পূর্বাহ্ন

ছবি: গতকাল ১২ জুন মিশিগানের লিভোনিয়ার ১৬তম ডিস্ট্রিক্ট কোর্টে শুনানির সময় গেজ পিয়ার্স (যিনি মঙ্গলবার তার পরিবার ও এক নারীকে গুলি করে হত্যার অভিযোগে অভিযুক্ত) তার আইনজীবী অ্যাশলি হার্পারের সাথে উপস্থিত ছিলেন/Photo : Daniel Mears, The Detroit News

লিভোনিয়া, ১৩ জুন: মিশিগানের লিভোনিয়ার একটি শান্ত আবাসিক এলাকায় নিজ বাবা-মা, ভাই ও ভাইয়ের প্রেমিকাকে গুলি করে হত্যার অভিযোগে ২৫ বছর বয়সী এক যুবকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে।
শুক্রবার লিভোনিয়ার ১৬তম ডিস্ট্রিক্ট কোর্টে গেজ ওয়েড পিয়ার্স-কে হাজির করা হলে বিচারক তাকে জামিন ছাড়াই ওয়েইন কাউন্টি জেলে পাঠানোর নির্দেশ দেন। তার আইনজীবী অ্যাশলি হার্পার আদালতকে জানান, পিয়ার্স দীর্ঘদিন ধরে লিভোনিয়ায় বসবাস করছেন।
মাথা কামানো ও লম্বা দাড়িওয়ালা পিয়ার্স নীল রঙের জেল ইউনিফর্ম পরে আদালতে উপস্থিত ছিলেন। বিচারক জেমস জলি যখন তার বিরুদ্ধে আনা অভিযোগ এবং নিহতদের নাম পড়ে শোনাচ্ছিলেন, তখন তার মধ্যে দৃশ্যমান কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। আদালতের কার্যক্রম শেষে তিনি বিচারকের সঙ্গে কথা বলতে চাইলে বিচারক তাকে তার আইনজীবীর সঙ্গে পরামর্শ করার নির্দেশ দেন।
লিভোনিয়া পুলিশ বিভাগের গোয়েন্দা ড্যানিয়েল ওয়ালিনস্কি আদালতে বলেন, পিয়ার্সকে জামিনে মুক্তি দেওয়া উচিত নয়, কারণ তার “পরিকল্পিত ও ইচ্ছাকৃত কর্মকাণ্ডের ফলে একাধিক মানুষের প্রাণহানি ঘটেছে।” তার বিরুদ্ধে চারটি ফার্স্ট-ডিগ্রি মার্ডার (পরিকল্পিত হত্যাকাণ্ড) এবং গুরুতর অপরাধ সংঘটনের সময় আগ্নেয়াস্ত্র ব্যবহারের চারটি অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগে দোষী সাব্যস্ত হলে প্রতিটি হত্যাকাণ্ডের জন্য তাকে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করতে হতে পারে। এছাড়া আগ্নেয়াস্ত্র ব্যবহারের অভিযোগে অতিরিক্ত সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড হতে পারে, যা অন্য সাজার পাশাপাশি কার্যকর হবে।
শুক্রবার এক বিবৃতিতে ওয়েন কাউন্টির প্রসিকিউটর কিম ওয়ার্দি বলেন, “একটি পুরো পরিবার নিশ্চিহ্ন হয়ে গেছে। সবচেয়ে মর্মান্তিক বিষয় হলো, নিজের বাড়ির ভেতরে একজন খুনির হাত থেকে নিজেকে রক্ষা করা অত্যন্ত কঠিন। পারিবারিক সহিংসতা থেকে জন্ম নেওয়া এ ধরনের গণহত্যা যেকোনো সময়, যেকোনো স্থানে ঘটতে পারে। অভিযুক্তের কথিত কর্মকাণ্ডের জন্য আমরা তার বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা গ্রহণ করব।”

'একটি পুরো পরিবার নিশ্চিহ্ন হয়ে গেল'
অভিযোগকারী পক্ষের তথ্য অনুযায়ী, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে লিভোনিয়ার রেনসেলর স্ট্রিটের ১৯৩০০ ব্লকে অবস্থিত নিজ বাসভবনে গেজ পিয়ার্স তার বাবা স্টার্লিং পিয়ার্স (৫৮), মা হলি কিম্বল (৫৩), ভাই ট্যানার পিয়ার্স (২২) এবং ভাইয়ের প্রেমিকা নাভিয়াহ ফিঞ্চকে (২১) গুলি করে হত্যা করেন।
গুলি চলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাড়ির একটি শোবার ঘরে ট্যানার পিয়ার্স ও নাভিয়াহ ফিঞ্চকে একাধিক গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে বাড়ির পেছনের প্যাটিওতে স্টার্লিং পিয়ার্স ও হলি কিম্বলকেও একাধিক গুলির আঘাতে আহত অবস্থায় পাওয়া যায় বলে জানান সরকারি কৌঁসুলিরা।
কর্তৃপক্ষের তথ্যমতে, বাড়ির ভেতরে একটি কুকুরও পাওয়া যায়, যার সামনের ডান পায়ে গুলির ক্ষত ছিল। ঘটনাস্থলে চিকিৎসকদের ডাকা হলে চারজনকেই মৃত ঘোষণা করা হয়। আহত কুকুরটিকে চিকিৎসার জন্য একটি পশু চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়েছে।
পুলিশ জানায়, গেজ পিয়ার্সকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়। এ সময় বাড়ি থেকে একটি সেমি-অটোমেটিক রাইফেলও উদ্ধার করা হয়েছে।
লিভোনিয়া পুলিশ প্রধান টম গোরালস্কি জানান, গেজ পিয়ার্সের সঙ্গে তার বাবা-মায়ের সম্পর্ক দীর্ঘদিন ধরে "তিক্ততাপূর্ণ" ছিল।
শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে গোরালস্কি বলেন, “এই পরিবারের মর্মান্তিক মৃত্যুতে লিভোনিয়া পুলিশ বিভাগ এবং শহর কর্তৃপক্ষ গভীরভাবে শোকাহত। পরিবার ও সম্প্রদায়ের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে আমরা ওয়েইন কাউন্টির প্রসিকিউটর এবং তার দলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাব।”
এদিকে নিহতদের স্বজন ও অভিযুক্তের পরিবারের সদস্যরা জানান, কী কারণে এমন ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটল, তা বোঝার চেষ্টা করছেন তারা।
Source & Photo: http://detroitnews.com
 

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com