রাষ্ট্রপতি ইস্যুতে নাহিদের দাবি, পদত্যাগের পর গ্রেপ্তার

আপলোড সময় : ২৩-০৭-২০২৬ ১২:৫১:৩২ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৭-২০২৬ ১২:৫১:৩২ অপরাহ্ন
জামালপুর, ২৩ জুলাই: পদত্যাগের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে (চুপ্পু) গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় জামালপুর শহরের ফৌজদারী মোড়ে ‘জুলাই পদযাত্রা’ শেষে আয়োজিত সমাবেশে তিনি এ দাবি জানান।
নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের এখন মনে হয়েছে তার পদত্যাগ করা প্রয়োজন। তিনি অভিযোগ করেন, রাষ্ট্রপতি নিজে পদত্যাগ করবেন না, হয়তো সরকার তাকে সরানোর পরিকল্পনা করছে।
তিনি আরও বলেন, বিএনপি সরকার দুই-তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় এলেও কয়েক মাসেও আওয়ামী লীগ সরকারের সময় নিয়োগ পাওয়া রাষ্ট্রপতিকে পরিবর্তন করতে পারেনি। যে সরকার রাষ্ট্রপতি পরিবর্তন করতে পারে না, তারা দেশ পরিবর্তন করবে কীভাবে—এমন প্রশ্নও তোলেন তিনি।
এনসিপির আহ্বায়ক বলেন, “ফ্যাসিবাদের দোসর চুপ্পু পদত্যাগ করলেই হবে না, পদত্যাগের পর তাকে গ্রেপ্তার করতে হবে।” তিনি রাষ্ট্রপতির বিরুদ্ধে গণহত্যায় সমর্থন ও দুর্নীতির অভিযোগ তুলে তাকে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।
নাহিদ ইসলাম আরও বলেন, দেশের মানুষ একজন যোগ্য, নিরপেক্ষ ও অভিভাবকসুলভ ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চায়। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে অতীতের মতো রাজনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা হলে জনগণের আস্থা আরও কমে যাবে বলেও মন্তব্য করেন তিনি।
গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও সীমান্ত সুরক্ষার দাবিতে আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ শেষে সমাবেশে এনসিপি জামালপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবু সাইদ শামিমের সভাপতিত্বে বক্তব্য দেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান, জেলা সদস্য সচিব ডা. মোশাররফ হোসেনসহ অন্যান্য নেতারা।
এর আগে বিকেলে শহরের দয়াময়ী মোড় থেকে পদযাত্রা শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফৌজদারী মোড়ে গিয়ে শেষ হয়।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com