সিলেটে তুরাব অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক

এটিএম তুরাবকে টার্গেট করে গুলি করা হয়েছিল : মিফতাহ সিদ্দিকী

আপলোড সময় : ০৪-০৮-২০২৬ ০১:৫৭:১৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৪-০৮-২০২৬ ০১:৫৭:১৪ পূর্বাহ্ন
সিলেট, ৪ আগস্ট : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেছেন, শহীদ সাংবাদিক এটিএম তুরাবকে টার্গেট করে গুলি করা হয়েছিল। কারণ তিনি সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকতা করেছেন। এ কারণে তৎকালীন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যে তার প্রতি বিশেষ ক্ষোভ ছিল বলে মনে করেন তিনি। সোমবার দুপুরে সিলেট অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও শহীদ সাংবাদিক এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিফতাহ সিদ্দিকী বলেন, “২০২৪ সালের ১৯ জুলাই সিলেটের সেই মিছিলে বিএনপির জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীও সেখানে ছিলেন। তারপরও পুলিশের হাত এতটুকু কাঁপেনি। তারা নিরস্ত্র মিছিলকারীদের ওপর নির্বিচারে গুলি চালিয়েছিল। সবার চোখের সামনে পুলিশের গুলিতে শহীদ হন সাংবাদিক এটিএম তুরাব।” তিনি বলেন, “দুঃখজনক হলেও সত্য, শহীদ সাংবাদিক এটিএম তুরাব হত্যার বিচারের আশায় আজও তার পরিবার হতাশায় দিন কাটাচ্ছে।”
বিএনপির এই নেতা আরও বলেন, “জুলাই আন্দোলনের সময় কিছু সাংবাদিক তৎকালীন সরকারের পক্ষে কাজ করেছিলেন। তারা এখনো বিভিন্নভাবে পলাতক স্বৈরাচারের পক্ষে জনমত তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাদের মধ্যে এখনো কোনো আত্মশুদ্ধির লক্ষণ দেখা যাচ্ছে না। এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।”
তিনি শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মৃতি ধরে রাখতে সিলেট অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এই অ্যাওয়ার্ড কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। একই সঙ্গে প্রেসক্লাবের বর্তমান নেতৃত্বের প্রশংসা করেন এবং সাংবাদিকতার মানোন্নয়নে তাদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল এর সভাপতিত্বে ড. রাগীব আলী মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  তানভীর হোসাইন সজীব। এসময়  স্বাগত বক্তব্য রাখেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার।
অনুষ্ঠানে সিলেটে কর্মরত চারজন সাংবাদিককে সিলেট অনলাইন প্রেসক্লাব কর্তৃক প্রবর্তিত ও ঘোষিত জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে  প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়া ক্যাটাগরিতে "শহীদ শহীদ সাংবাদিক এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং এওয়ার্ড" প্রদান করা হয়।  তারা হলেন- দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো প্রধান আব্দুল কাদের তাপাদার (প্রিন্ট মিডিয়া), সময় টেলিভিশন এর রিপোর্টার জয়ন্ত কুমার দাস (ইলেক্ট্রনিক মিডিয়া) ও চ্যানেল টোয়েন্টিফোর এর রিপোর্টার আজহার উদ্দিন শিমুল (ইলেক্ট্রনিক মিডিয়া) এবং বার্তা টোয়েন্টিফোর এর সিলেট প্রতিনিধি মো. মশাহিদ আলী (অনলাইন মিডিয়া)।
সভায় জানানো হয়, সিলেট অনলাইন প্রেসক্লাবের জুরিবোর্ডের সুপারিশের ভিত্তিতে জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন ও পরবর্তী সময়ে প্রকাশিত বা প্রচারিত সাহসী, বস্তুনিষ্ঠ ও জনস্বার্থ সংশ্লিষ্ট প্রতিবেদনের স্বীকৃতি হিসেবে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। এবছর জুরিবোর্ডে ছিলেন- সিলেট অনলাইন প্রেসক্লাবের জীবন সদস্য ও সিনিয়র সাংবাদিক আফতাব চৌধুরী, দৈনিক যুগান্তর এর সিলেট ব্যুরো প্রধান সংগ্রাম সিংহ ও মোহনা টেলিভিশনের সিলেট ব্যুরো প্রধান আব্দুল আউয়াল চৌধুরী শিপার।
সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্য ও দৈনিক আজকের বিজনেস বাংলাদেশের জেলা প্রতিনিধি রেজাউল করিম সোহেল এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করেন ক্লাব সদস্য এম এ ওয়াহিদ চৌধুরী, গীতা করেন জনি কান্ত শর্মা ও ত্রিপিটক পাঠ করেন উৎফল বড়ুয়া। অন্যান্যের মধ্যে থেকে  বক্তব্য রাখেন, শহীদ সাংবাদিক এটিএম তুরাব এর বড় ভাই আবু জাবুর।  শুভেচ্ছা বক্তব্য রাখেন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মুহিত দিদার, দপ্তর সম্পাদক দেলওয়ার হোসেন মান্না।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিলেট অনলাইন প্রেসক্লাবের  সহ-সভাপতি জহিরুল ইসলাম মিশু, কোষাধ্যক্ষ শহিদুর রহমান জুয়েল, ক্লাবের ক্রীড়া  ও সংস্কৃতি সম্পাদক তারেক আহমদ খান, কার্যকরী পরিষদের সদস্য সাদিকুর রহমান চৌধুরী,আইন সহায়তা কেন্দ্র সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহিম,ন্যাশনাল উলামা এলায়েন্সরর কেন্দ্রীয় সংগঠক মুফতি সালিম আহমদ খান,সাংবাদিক আবদুল কাদের তাপাদার এর সহধর্মিণী কবি ইশরাক জাহান জেলী প্রমুখ।
অনুষ্ঠানে অ্যাওয়ার্ডপ্রাপ্ত সাংবাদিকদের হাতে সনদপত্র, সম্মাননা ও নগদ অর্থ তুলে দেন অতিথিবৃন্দ।  এসময় অ্যাওয়ার্ডপ্রাপ্ত সাংবাদিকেরা তাদের অনুভূতি ব্যক্ত করেন।
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ সাংবাদিক এটিএম তুরাব এর স্মৃতি রক্ষার্থে গত বছর থেকে সিলেট অনলাইন প্রেসক্লাব এই এওয়ার্ড চালু করেছে। প্রিন্ট,ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত শুধুমাত্র পেশাদার সংবাদকর্মীদের এই এওয়ার্ড প্রদান করা হচ্ছে। জুলাই গণঅভ্যুত্থান এর ১ম বর্ষপূর্তিতে এই অ্যাওয়ার্ড পেয়েছিলেন দৈনিক শ্যামল সিলেটের মাল্টিমিডিয়া রিপোর্টার আলী হায়দার সিদ্দিকী মিদুল।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com