শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার

আপলোড সময় : ০৪-০৮-২০২৬ ১১:০৮:৫৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৪-০৮-২০২৬ ১১:০৮:৫৭ পূর্বাহ্ন
ঢাকা, ৪ আগস্ট : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) নির্দেশনা অনুসরণ করে জুলাই-আগস্ট গণহত্যা মামলার আসামি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বক্তব্য বা বিবৃতি প্রচার না করতে দেশের সব গণমাধ্যমের প্রতি পুনরায় আহ্বান জানিয়েছে সরকার।
মঙ্গলবার (৪ আগস্ট) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর আগে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রচারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন। একই সঙ্গে তাঁর বক্তব্য প্রচার বন্ধ এবং আগে প্রকাশিত বিদ্বেষমূলক বক্তব্য অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
বিবৃতিতে বলা হয়, জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি (এনসিএসএ) ও দেশের সার্বিক নিরাপত্তার স্বার্থে প্রযোজ্য আইনের বিধান অনুযায়ী দণ্ডিত আসামির বক্তব্য প্রচার থেকে গণমাধ্যমকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।
সরকারের ভাষ্য, অধিকাংশ গণমাধ্যম আদালতের নির্দেশনা ও জুলাই গণ-অভ্যুত্থানের চেতনার প্রতি সম্মান জানিয়ে এ নির্দেশনা অনুসরণ করছে। তবে কিছু গণমাধ্যম এখনো শেখ হাসিনার বক্তব্য প্রচার করছে, যা নিয়ে সরকার উদ্বেগ প্রকাশ করেছে।
বিবৃতিতে সরকার দেশের টেলিভিশন, সংবাদপত্র, অনলাইন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমকে আইসিটির নির্দেশনা মেনে শেখ হাসিনার কোনো বক্তব্য বা বিবৃতি প্রচার না করার আহ্বান জানিয়েছে।
সরকার আশা প্রকাশ করেছে, জাতীয় ঐক্য ও জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখতে দেশের গণমাধ্যমগুলো দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

যোগাযোগ :

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com