আটলান্টিক সিটিতে প্রাণের আমেজে সাংস্কৃতিক উৎসব

আপলোড সময় : ১৪-০৮-২০২৬ ০২:১৩:২৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৪-০৮-২০২৬ ০২:১৩:২৫ পূর্বাহ্ন
আটলান্টিক সিটি, ১৪ আগস্ট : যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে প্রাণের আমেজে অনুষ্ঠিত হয়েছে ‘আটলান্টিক সিটি সাংস্কৃতিক উৎসব’। গত বুধবার বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে আয়োজিত এ উৎসব পরিণত হয় প্রবাসী বাংলাদেশিদের এক প্রাণবন্ত মিলনমেলায়।
সিটির স্যান্ডস ক্যাসেল স্টেডিয়ামের উন্মুক্ত প্রাঙ্গণে বিকেল ৫টায় শুরু হয়ে রাত সাড়ে ১১টা পর্যন্ত চলে উৎসবের নানা আয়োজন। সংগীত ও নৃত্য পরিবেশনা, কৃতী শিক্ষার্থী সংবর্ধনা, বৃত্তি প্রদান, স্মরণিকা প্রকাশ, দেশীয় খাবার ও পণ্যের স্টল এবং র‍্যাফেল ড্রসহ ছিল নানা আয়োজন।
উৎসবে বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী এস আই টুটুল ও বিন্দুকণা, ভারতের শিল্পী মধু বিজয় ও উজ্বল ভাস, পাকিস্তানের শিল্পী সোনু ভাট এবং যুক্তরাষ্ট্রের ডিজে শেপ লাভ সংগীত পরিবেশন করেন। পাশাপাশি প্রবাসে বেড়ে ওঠা কিশোর-কিশোরীদের মনোজ্ঞ নৃত্য পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।
সাংস্কৃতিক উৎসবে প্রধান অতিথি ছিলেন সিটি স্কুল জেলার সুপারিনটেনডেন্ট ড. লা কোয়েটা স্মল। এছাড়া নিউ জার্সি অঙ্গরাজ্যের অ্যাসেম্বলিম্যান, সিটি মেয়র, সিটি কাউন্সিলরসহ মূলধারার রাজনীতিক ও বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
নিউ জার্সির পার্শ্ববর্তী অঙ্গরাজ্যগুলো থেকেও বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি উৎসবে যোগ দেন। অন্যান্য কমিউনিটির মানুষও এতে অংশ নেওয়ায় উৎসবটি পরিণত হয় বিভিন্ন সংস্কৃতি ও সম্প্রদায়ের সম্প্রীতির এক মিলনমেলায়।
বিশেষ করে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা হাতে তারা উৎসবের আনন্দে মেতে ওঠে। তাদের উচ্ছ্বাস, অংশগ্রহণ ও স্বতঃস্ফূর্ততায় প্রবাসের মাটিতে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যের এক প্রাণবন্ত প্রতিচ্ছবি ফুটে ওঠে।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com