প্রাণের আমেজে আটলান্টিক সিটিতে ‘ব্লক বাই ব্লক’

আপলোড সময় : ২২-০৮-২০২৬ ০১:৪০:৩২ পূর্বাহ্ন , আপডেট সময় : ২২-০৮-২০২৬ ০১:৪০:৩২ পূর্বাহ্ন
আটলান্টিক সিটি, ২২ আগস্ট : নিউ জার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে চেলসি ইডিসি ও বেংগল ক্লাবের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘ব্লক বাই ব্লক’ অনুষ্ঠান। গত ১৯ আগস্ট বুধবার বিকেলে স্থানীয় বাসিন্দা, কমিউনিটি নেতৃবৃন্দ ও বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানে ছিল আনন্দ-উচ্ছ্বাস, সাংস্কৃতিক পরিবেশনা, পারস্পরিক যোগাযোগ এবং কমিউনিটির ঐক্যের বার্তা।
আটলান্টিক সিটির টেক্সাস এভিনিউর ফেয়ারমাউন্ট অংশ এদিন পরিণত হয় মানুষের মিলনমেলায়। বিকেল থেকেই বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। শিশু-কিশোর থেকে প্রবীণ সব বয়সী মানুষ অংশ নেন নানা আয়োজনে। প্রতিবেশীদের সঙ্গে দেখা-সাক্ষাৎ, মতবিনিময় এবং আনন্দ ভাগাভাগির মধ্য দিয়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
শুধু বিনোদন নয়, স্থানীয় বাসিন্দাদের নিজেদের এলাকার প্রতি আরও দায়িত্বশীল করে তোলাও ছিল এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। পরিচ্ছন্নতা, নিরাপত্তা, সৌন্দর্যবর্ধন এবং প্রতিবেশীদের মধ্যে পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরা হয় অনুষ্ঠানে।
আয়োজকদের মতে, একটি সুন্দর, পরিচ্ছন্ন ও নিরাপদ শহর গড়ে তুলতে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; এর জন্য প্রয়োজন স্থানীয় বাসিন্দাদের সক্রিয় অংশগ্রহণ ও পারস্পরিক সহযোগিতা। সেই লক্ষ্যেই ব্লকভিত্তিকভাবে বাসিন্দাদের একত্রিত করে সামাজিক বন্ধন আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠান ঘিরে ছিল নানা ধরনের বিনোদনমূলক আয়োজন। শিশুদের জন্য ছিল খেলাধুলা ও আনন্দের বিভিন্ন কর্মসূচি। বড়দের জন্য ছিল আড্ডা, খাবার ও সাংস্কৃতিক পরিবেশনা। শিল্পীদের গান ও নৃত্যে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।
সংগীতশিল্পী আসিফ আনোয়ার ও শারমিন তারা সংগীত পরিবেশন করে উপস্থিত দর্শকদের মাতিয়ে রাখেন। তাঁদের পরিবেশনায় অনুষ্ঠানে যোগ হয় বাড়তি প্রাণচাঞ্চল্য। একপর্যায়ে শিল্পী ও দর্শকদের আনন্দ-উচ্ছ্বাস যেন একাকার হয়ে যায়। পরিচিতজনদের সঙ্গে ছবি তোলা, গল্প-আড্ডা ও হাসি-আনন্দে সময় কাটান স্থানীয়রা।
‘ব্লক বাই ব্লক’ কর্মসূচিতে বিভিন্ন সংস্কৃতি ও সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণও ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। ভিন্ন ভাষা, সংস্কৃতি ও পেশার মানুষ একই ছাতার নিচে এসে নিজেদের কমিউনিটিকে উদযাপন করেন।
এ আয়োজনের মধ্য দিয়ে ফুটে ওঠে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের এক সুন্দর চিত্র। পরস্পরের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি সম্মান জানানোর পাশাপাশি স্থানীয় পর্যায়ে বন্ধুত্ব, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর সুযোগ তৈরি হয়।

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com