সিলেটি ভাষা নিয়ে মন্তব্য: তীব্র  প্রতিবাদ, ক্ষমা চাওয়ার আহ্বান

আপলোড সময় : ২৯-০৮-২০২৬ ০৪:০৮:২৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৯-০৮-২০২৬ ০৪:০৮:২৮ পূর্বাহ্ন
লন্ডন, ২৯ আগস্ট : একটি টিভি টকশোতে সিলেটি ভাষা ও সিলেটের মানুষকে নিয়ে হুমায়রা নূরের করা মন্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে। ‘সিলেটিরা শুদ্ধ বাংলা বলতে পারে না’ এমন মন্তব্যের জন্য অতিসত্বর বক্তব্য প্রত্যাহার করে সিলেটিবাসীর কাছে ক্ষমা প্রার্থনার আহ্বান জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।
এক যুক্ত বিবৃতিতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের প্যাট্রন বিশিষ্ট শিক্ষাবিদ ড. হাসনাত এম হোসেইন এমবিই, প্যাট্রন ও সিনিয়র সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী, সাবেক চেয়ারপার্সন বিশিষ্ট ব্যবসায়ী নুরুল ইসলাম মাহবুব, সাবেক সেক্রেটারি ও ১৯৭১-এর বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর, কেন্দ্রীয় কনভেনর কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর, কো-কনভেনর আলহাজ্ব মসুদ আহমদ, সদস্যসচিব ড. মুজিবুর রহমান, অর্থসচিব এম আসরাফ মিয়া, সাউথ ইস্ট রিজিওনাল কনভেনর হারুনুর রশিদ, কো-কনভেনর জামাল হোসেন ও সদস্যসচিব তাজুল ইসলামসহ অন্যান্য কেন্দ্রীয় ও রিজিওনাল নেতৃবৃন্দ এ প্রতিবাদ জানান।
বিবৃতিতে বলা হয়, সিলেটি ভাষা, সংস্কৃতি ও নাগরী লিপি সিলেটিদের গর্ব ও আত্মপরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ। বাংলাদেশের কোনো আঞ্চলিক ভাষা নিয়ে বিদ্রূপ না করে প্রতিটি ভাষার ইতিহাস, ঐতিহ্য ও বৈচিত্র্যকে সম্মান করা উচিত।
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনর, ইউকে বিডি টিভির চেয়ারম্যান, কমিউনিটি লিডার ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর বলেন, “ভাষা মহান আল্লাহর দান। রব্বুল আলামীন মানুষকে ভাষা শিখিয়েছেন। পৃথিবীতে অসংখ্য ভাষা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামীন আল-কোরআন আধুনিক আরবি ভাষায় নাজিল করেছেন। এছাড়া তাওরাত হিব্রু ভাষায় এবং ইঞ্জিল, যাবুরসহ অন্যান্য আসমানি কিতাব বিভিন্ন ভাষায় নাজিল হয়েছে।”
তিনি বলেন, “সিলেটি কোনো ভুল বাংলা নয়। এটি নিজস্ব ভাষাগত বৈশিষ্ট্য, শব্দভাণ্ডার, উচ্চারণ ও সাংস্কৃতিক ঐতিহ্যসমৃদ্ধ একটি ভাষা।” মোহাম্মদ মকিস মনসুর আরও বলেন, উপমহাদেশের ইতিহাসে সিলেটের ভাষা, শিক্ষা ও সংস্কৃতির রয়েছে সমৃদ্ধ ঐতিহ্য। সিলেটের নিজস্ব সিলেটি নাগরী লিপি রয়েছে, যা এ অঞ্চলের ভাষা ও সংস্কৃতির স্বাতন্ত্র্যের গুরুত্বপূর্ণ নিদর্শন।
তিনি বলেন, “সিলেটি ভাষা কোনো বিকৃত বাংলা নয়; এর রয়েছে নিজস্ব ঐতিহ্য, উচ্চারণরীতি ও ভাষাগত বৈশিষ্ট্য। এটি সিলেটিদের মায়ের ভাষা এবং তাদের আত্মপরিচয়ের অবিচ্ছেদ্য অংশ।”

সম্পাদকীয় :

চিনু মৃধা : সম্পাদক মন্ডলীর সভাপতি

সম্পাদক ও প্রকাশক : চিন্ময় আচার্য্য, নির্বাহী সম্পাদক : কামাল মোস্তফা, সহযোগী সম্পাদক : আশিক রহমান,

বার্তা সম্পাদক : তোফায়েল রেজা সোহেল, ফিচার এডিটর : সৈয়দ আসাদুজ্জামান সোহান, স্টাফ রিপোর্টার : মৃদুল কান্তি সরকার।

অফিস :

22021 Memphis Ave Warren, MI 48091

Phone : +1 (313) 312-7006

Email : [email protected]

Website : www.suprobhatmichigan.com