কর্মকর্তারা জানিয়েছেন, ডেট্রয়েট মেট্রোপলিটন বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনের কৃষি বিশেষজ্ঞরা গত জানুয়ারি মাসে ‘স্ট্র ক্রেস্ট মথ’ (straw crest moth) প্রজাতির একটি মথ শনাক্ত ও আটক করেন। কর্মকর্তারা জানান, যুক্তরাষ্ট্রের কোনো প্রবেশপথে এই মথটির দেখা পাওয়ার ঘটনা এটিই প্রথম/U.S. Customs and Border Protection
ডেট্রয়েট, ৩ সেপ্টেম্বর: যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট মেট্রো বিমানবন্দরে প্রথমবারের মতো এমন একটি বিদেশি মথ (এক ধরনের পতঙ্গ) আটক করা হয়েছে, যা দেশটির কৃষি খাতে বড় ধরনের ক্ষতির কারণ হতে পারত।
কর্মকর্তারা জানান, গত জানুয়ারিতে বিমানবন্দরে সম্ভাব্য ক্ষতিকর এই পতঙ্গটি শনাক্ত ও আটক করা হয়। ‘স্ট্র ক্রেস্ট মথ’ নামে পরিচিত পতঙ্গটির বৈজ্ঞানিক নাম Mesophleps silacella।
মঙ্গলবার এক বিবৃতিতে সংস্থাটির পোর্ট ডিরেক্টর ফাদিয়া প্যাস্টিলং বলেন, দেশে প্রথমবারের মতো এ ধরনের মথ আটকের ঘটনা প্রমাণ করে, যুক্তরাষ্ট্রে প্রবেশকারী বিভিন্ন পণ্যে সম্ভাব্য ক্ষতিকর কীটপতঙ্গ শনাক্ত ও প্রতিরোধে কৃষি বিশেষজ্ঞরা কতটা সতর্কতার সঙ্গে তল্লাশি চালান।
তিনি বলেন, কৃষি বিশেষজ্ঞরা প্রতিদিন যে দায়িত্ব পালন করছেন, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁদের নিয়মিত তৎপরতার অংশ হিসেবেই প্রতি বছর এমন শত শত ক্ষতিকর কীটপতঙ্গ আটক করা হয়, যেগুলো যুক্তরাষ্ট্রের কৃষি শিল্পের জন্য হুমকি হয়ে উঠতে পারত।
কীভাবে এটি ধরা পড়ল
কর্তৃপক্ষের তথ্যমতে, নিয়মিত তল্লাশির সময় ঘানা থেকে আসা এক যাত্রীর লাগেজ সম্পর্কে সিবিপি (CBP) কর্মকর্তাদের সতর্ক করে কৃষিপণ্য শনাক্তকারী একটি কুকুর। পরে কর্মকর্তারা লাগেজটি তল্লাশি করে ভুট্টা ও বীজের মধ্যে ওই মথটি খুঁজে পান।
লাগেজের মালিক ঘানার ওই নাগরিককে কৃষিপণ্য আমদানিসংক্রান্ত মার্কিন বিধিবিধান সম্পর্কে অবহিত করার পর ছেড়ে দেওয়া হয়।
কর্মকর্তারা জানান, পরে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের (USDA) বিশেষজ্ঞরা পতঙ্গটিকে ‘স্ট্র ক্রেস্ট মথ’ (straw crest moth) হিসেবে শনাক্ত করেন। এটি উত্তর আমেরিকার স্থানীয় কোনো প্রজাতি নয়।
ইউরোপ ও আফ্রিকার কিছু অঞ্চলে পাওয়া এই পতঙ্গটি ‘রকরোজ’ (rockrose) গোত্রের উদ্ভিদের ওপর নির্ভর করে বেঁচে থাকে। বিশ্বজুড়ে ‘গেলেচিড’ (gelechiid) গোত্রের প্রায় ৪,৭০০ প্রজাতির মথ রয়েছে। এ গোত্রের বেশ কিছু প্রজাতি ক্ষতিকর ও আক্রমণাত্মক বালাই হিসেবে পরিচিত।
নিজস্ব আবাসস্থলে প্রাকৃতিক শিকারি এবং উদ্ভিদের নিজস্ব প্রতিরোধব্যবস্থার কারণে এসব পতঙ্গের সংখ্যা নিয়ন্ত্রিত থাকে। ফলে সেখানে এগুলো সাধারণত বড় ধরনের ক্ষতির কারণ হয় না। তবে প্রাকৃতিক নিয়ন্ত্রণব্যবস্থা না থাকা কোনো নতুন পরিবেশে প্রবেশ করলে এই ভারসাম্য নষ্ট হয়ে পতঙ্গটি ক্ষতিকর হয়ে উঠতে পারে।
কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১২ আগস্ট ইউএসডিএ পতঙ্গটির শনাক্তকরণ নিশ্চিত করে। নথিপত্র অনুযায়ী, যুক্তরাষ্ট্রের কোনো প্রবেশপথে এ প্রজাতির পতঙ্গ শনাক্ত হওয়ার ঘটনা এটিই প্রথম।
সিবিপির ডেট্রয়েট ফিল্ড অপারেশন্সের পরিচালক মার্টি রেবন এক বিবৃতিতে বলেন, “খাদ্য ও কৃষিপণ্যের ঘোষণা দেওয়া কেবল কোনো আনুষ্ঠানিকতা নয়; বরং এটি এমন সব হুমকির বিরুদ্ধে আমাদের সুরক্ষার প্রথম ধাপ, যা আমাদের ফসল ধ্বংস করতে, খাদ্য সরবরাহব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করতে এবং অর্থনীতিকে অস্থিতিশীল করে তুলতে পারে।”
DTW-তে আগেও যা যা আটক হয়েছে
ডেট্রয়েট মেট্রো বিমানবন্দরে যাত্রীদের কাছ থেকে জব্দ করা সম্ভাব্য আক্রমণাত্মক পতঙ্গগুলোর মধ্যে এটিও অন্যতম।
কর্মকর্তারা জানান, এর আগে বিমানবন্দরে দক্ষিণ এশিয়ার একটি আক্রমণাত্মক বিটলের (এক ধরনের পোকা) অবশিষ্টাংশ জব্দ করা হয়েছিল। ২০২৩ সালেও একই ধরনের পোকার অবশিষ্টাংশ সেখানে পাওয়া যায়।
এ ছাড়া, গত ফেব্রুয়ারিতে নিয়মিত তল্লাশির সময় এক যাত্রীর লাগেজ থেকে ‘আফ্রিকান বার্ক বিটল’ (African bark beetle) জব্দ করেন বিমানবন্দরের কর্মকর্তারা।
জুন মাসে কর্মকর্তারা বিমানবন্দরে ইউরোপীয় চেরি ফ্রুট ফ্লাই (European cherry fruit fly) দ্বারা আক্রান্ত কিছু তাজা চেরিও আটক করেন।
Source & Photo: http://detroitnews.com
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

সুপ্রভাত মিশিগান ডেস্ক :