আটলান্টিক সিটি, ১২ সেপ্টেম্বর : ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের নাইন-ইলেভেন হামলায় নিহতদের স্মরণে নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। ১১ সেপ্টেম্বর সকালে আটলান্টিক সিটি ও আটলান্টিক কাউন্টির বিভিন্ন পর্যায়ের মানুষ জ্যাকসন অ্যাভিনিউ ও বোর্ডওয়াকের সারাসিনি-ও’নিল ৯/১১ মেমোরিয়ালে সমবেত হন।
অনুষ্ঠানে নিহতদের স্মরণে নীরবতা পালন, তোপধ্বনি ও ঘণ্টাধ্বনির মাধ্যমে শ্রদ্ধা নিবেদন, শোকসংগীত পরিবেশন এবং দুই স্থানীয় বীরের স্মরণে নির্মিত বালুর ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
স্মরণসভায় আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল সিনিয়র বলেন, ৯/১১-এর স্মৃতি কখনোই ভোলার নয়। দেশের পাশাপাশি আটলান্টিক সিটির মানুষের মধ্যেও ঐক্য ও সংহতি আরও জোরদার করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে রাজ্যের অ্যাসেম্বলিম্যান ডন গার্ডিয়ানও বক্তব্য দেন। এ সময় মেয়র মার্টি স্মল, আটলান্টিক সিটি পুলিশের প্রধান জেমস সারকোস এবং ফায়ার বিভাগের প্রধান স্কট ইভান্স অ্যাঞ্জেল ও ক্যামিল মরালেসের হাতে একটি পতাকা তুলে দেন। অ্যাঞ্জেল ও ক্যামিল মরালেস দুজনই অবসরপ্রাপ্ত নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলার দিন তারা নিউইয়র্কের গ্রাউন্ড জিরোতে উদ্ধার ও সহায়তা কার্যক্রমে অংশ নিয়েছিলেন।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

সুব্রত চৌধুরী :