হবিগঞ্জ, ১২ সেপ্টেম্বর: নিজের জন্মস্থান হবিগঞ্জের কিডনি রোগীদের চিকিৎসায় সহায়তার লক্ষ্যে ‘তহুরুন্নেছা-রোকেয়া আহমেদ মেমোরিয়াল কিডনি পেশেন্ট ওয়েলফেয়ার ট্রাস্ট, মশাজান, হবিগঞ্জ’ গঠন করেছেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক সালেহ উদ্দিন আহমেদ। সম্প্রতি প্রয়াত তাঁর স্ত্রী রোকেয়া আহমেদ ও মা তহুরুন্নেছার স্মৃতিতে এ ট্রাস্ট গঠন করা হয়।
এই ট্রাস্টের উদ্যোগে হবিগঞ্জ ডায়াবেটিক হাসপাতালে নারীদের জন্য একটি পৃথক ডায়ালাইসিস ওয়ার্ড চালু করা হবে। এ লক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ ডায়াবেটিক হাসপাতালে ট্রাস্ট ও হবিগঞ্জ ডায়াবেটিক সমিতির মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
চুক্তিতে হবিগঞ্জ ডায়াবেটিক সমিতির সভাপতি ও সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী এবং তহুরুন্নেছা-রোকেয়া আহমেদ মেমোরিয়াল কিডনি পেশেন্ট ওয়েলফেয়ার ট্রাস্টের সাধারণ সম্পাদক ও শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক সহকারী অধ্যাপক ফখরউদ্দিন স্বাক্ষর করেন।
চুক্তি অনুযায়ী, ডায়ালাইসিস ওয়ার্ডটির নামকরণ করা হবে ‘তহুরুন্নেছা-রোকেয়া আহমেদ মেমোরিয়াল কিডনি পেশেন্ট ওয়েলফেয়ার ট্রাস্ট’। ট্রাস্টের পক্ষ থেকে ওয়ার্ডের জন্য চারটি ডায়ালাইসিস মেশিনসহ প্রয়োজনীয় বিভিন্ন যন্ত্রপাতি সরবরাহ করা হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ইলিয়াছ বখত চৌধুরী জালাল, হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সফিকুল বারী আউয়াল, এডভোকেট পুণ্যব্রত চৌধুরী বিভু সহ আরো অনেকে। ।
অধ্যাপক সালেহ উদ্দিন আহমেদ বলেন, হবিগঞ্জের কিডনি রোগীদের চিকিৎসায় সহায়তার পাশাপাশি জেলার চিকিৎসা খাতে আরও বিভিন্নভাবে কাজ করার আগ্রহ রয়েছে তাঁর। তাঁর এই মানবিক উদ্যোগে আমেরিকায় কর্মরত বিশিষ্ট বিজ্ঞানী ছেলে ড. সাবিহ উদ্দিন ওমর অমি এবং অস্ট্রেলিয়া প্রবাসী মেয়ে ইঞ্জিনিয়ার সাদিয়া সালেহ নিলুও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

শাহ ফখরুজ্জামান :