মায়া স্কট পেরি/Madison Heights Police Department
ম্যাডিসন হাইটস, ১৫ সেপ্টেম্বর: শহরের এক নারীর বিরুদ্ধে পতিতাবৃত্তি, মানব পাচার ও শিশুকে ঝুঁকির মুখে ফেলার অভিযোগে মামলা হয়েছে বলে সোমবার কর্মকর্তারা জানিয়েছেন। পুলিশ জানায়, রয়্যাল ওকের ৪৪তম ডিস্ট্রিক্ট কোর্টে বুধবার ৩৪ বছর বয়সী মায়া স্কট পেরিকে আদালতে হাজির করা হয়।
কর্তৃপক্ষের তথ্যমতে, পেরির বিরুদ্ধে পতিতাবৃত্তির উদ্দেশ্যে কোনো ব্যক্তিকে স্থানান্তর, পতিতাবৃত্তি থেকে অর্থ গ্রহণ, শারীরিক আঘাতের সঙ্গে সংশ্লিষ্ট মানব পাচার কার্যক্রম পরিচালনা, নগ্ন ব্যক্তির ছবি ধারণ বা বিতরণ, গুরুতর অপরাধের বিষয়ে মিথ্যা প্রতিবেদন এবং চতুর্থ মাত্রার শিশু নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। একজন ম্যাজিস্ট্রেট তার জামিনের পরিমাণ ২ লাখ ৫০ হাজার ডলার নির্ধারণ করেছেন। আগামী শুক্রবার তার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
দোষী সাব্যস্ত হলে, পতিতাবৃত্তির উদ্দেশ্যে ব্যক্তি স্থানান্তরের জন্য সর্বোচ্চ ২০ বছর, পতিতাবৃত্তি থেকে অর্থ গ্রহণের জন্য সর্বোচ্চ ২০ বছর, মানব পাচার কার্যক্রম পরিচালনার জন্য সর্বোচ্চ ১০ বছর, নগ্ন ব্যক্তির ছবি ধারণ বা বিতরণের জন্য সর্বোচ্চ পাঁচ বছর, গুরুতর অপরাধের মিথ্যা রিপোর্টের জন্য সর্বোচ্চ চার বছর এবং চতুর্থ মাত্রার শিশু নির্যাতনের জন্য সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড হতে পারে
সোমবার যোগাযোগ করা হলে পেরির আইনজীবী জেফরি পার্লম্যান এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
কর্তৃপক্ষের অভিযোগ, অভিযুক্ত নারী ম্যাডিসন হাইটস, রয়্যাল ওক, সাউথফিল্ড ও ওয়ারেনসহ মেট্রো ডেট্রয়েটের বিভিন্ন এলাকায় অন্তত একজনকে পাচার করেছেন। পুলিশ জানায়, নিজের ছোট সন্তান উপস্থিত থাকা অবস্থাতেও তিনি কথিত কর্মকাণ্ড চালাতেন।
তদন্তকারীরা নিশ্চিত করেছেন, শিশুটি ওই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল না এবং শারীরিকভাবে কোনো ক্ষতির শিকারও হয়নি। পরে শিশুটিকে তার এক অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়। গোয়েন্দারা জানান, এলাকায় অপরাধমূলক পতিতাবৃত্তি সংক্রান্ত তদন্তের পর গত ১৭ জুন পেরিকে গ্রেপ্তার করা হয়।
Source & Photo: http://detroitnews.com
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

সুপ্রভাত মিশিগান ডেস্ক :