চালকরা স্টার্লিং হাইটসের ১৮ ১/২ মাইল রোডের রাউন্ডঅ্যাবাউটে প্রবেশ করছেন/Google Map Image
স্টার্লিং হাইটস : গাড়ি দুর্ঘটনা-সংক্রান্ত আইন বিশেষজ্ঞ আইনজীবীদের এক সমীক্ষায় স্টার্লিং হাইটসের ১৮½ মাইল রোড ও ভ্যান ডাইক অ্যাভিনিউয়ের সংযোগস্থলের গোলচত্বরকে গত বছর মিশিগানের সবচেয়ে বিপজ্জনক সংযোগস্থল হিসেবে চিহ্নিত করা হয়েছে।
ফার্মিংটন হিলসভিত্তিক আইন প্রতিষ্ঠান ‘মিশিগান অটো ল’ (Michigan Auto Law) বুধবার তাদের প্রকাশিত বার্ষিক তালিকায় এ তথ্য জানিয়েছে।
এক বিবৃতিতে প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ও আইনজীবী স্টিভ গার্স্টেন বলেন, দুর্ঘটনায় কেউ আহত না হলেও এর প্রভাব চালক ও তাঁর পরিবারের ওপর গভীর প্রভাব ফেলতে পারে। তিনি মিশিগানের চালকদের এসব এলাকায় গাড়ি চালানোর সময় গতি কমিয়ে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের আহ্বান জানান।
প্রতিষ্ঠানটি প্রতি বছর মিশিগানের সবচেয়ে বিপজ্জনক সংযোগস্থলগুলোর তালিকা প্রকাশ করে। এর আগের তালিকায় I-696 সার্ভিস ড্রাইভ/১১ মাইল রোড ও ভ্যান ডাইক অ্যাভিনিউয়ের সংযোগস্থলকে মিশিগানের সবচেয়ে বিপজ্জনক হিসেবে চিহ্নিত করা হয়েছিল।
প্রতিষ্ঠানটির আইনজীবীরা মিশিগান স্টেট পুলিশের তথ্য বিশ্লেষণ করে রাজ্যের বিভিন্ন সংযোগস্থলে ঘটে যাওয়া গাড়ি দুর্ঘটনার ওপর ভিত্তি করে এ র্যাঙ্কিং তৈরি করেন।
বিশ্লেষণে সংযোগস্থলের ২০০ ফুটের মধ্যে ঘটে যাওয়া দুর্ঘটনা ও আহতের ঘটনাগুলো বিবেচনায় নেওয়া হয়। সংযোগস্থল বলতে ট্রাফিক সিগন্যাল, চার-মুখী স্টপ (four-way stop) কিংবা রাউন্ডঅ্যাবাউটযুক্ত সড়ককে বোঝানো হয়েছে।
‘মিশিগান অটো ল’-এর বিশ্লেষণ অনুযায়ী, স্টার্লিং হাইটসের ১৮½ মাইল রোডের রাউন্ডঅ্যাবাউটে ২০২৫ সালে মোট ২১০টি দুর্ঘটনা ঘটে। এসব দুর্ঘটনায় আহত হন ১২ জন। ২০২৪ সালে এখানে ১৬২টি দুর্ঘটনা ঘটেছিল। অর্থাৎ এক বছরের ব্যবধানে দুর্ঘটনার সংখ্যা ২৯ দশমিক ৬ শতাংশ বেড়েছে। তবে আহতের সংখ্যা অপরিবর্তিত রয়েছে। চলতি বছরের জানুয়ারিতেও আইন প্রতিষ্ঠানটি এই রাউন্ডঅ্যাবাউটকে মিশিগানের সবচেয়ে বিপজ্জনক সংযোগস্থল হিসেবে চিহ্নিত করেছিল।
বৃহস্পতিবার এক বিবৃতিতে স্টার্লিং হাইটসের সিটি ইঞ্জিনিয়ার ব্রেন্ট বাশাও বলেন, ভ্যান ডাইক অ্যাভিনিউ ও ১৮½ মাইল রোডের রাউন্ডঅ্যাবাউটটি মিশিগান ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশনের (MDOT) আওতাধীন এবং এখানে বিপুলসংখ্যক যানবাহন চলাচল করে। ফলে ছোটখাটো কিংবা শুধু সম্পদের ক্ষয়ক্ষতিসংক্রান্ত দুর্ঘটনা বেশি ঘটাটা অস্বাভাবিক নয়।
তিনি বলেন, নিরাপত্তা মূল্যায়নে দুর্ঘটনার সংখ্যা নয়, বরং দুর্ঘটনার তীব্রতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ২০১৯ থেকে ২০২৫ সাল পর্যন্ত তথ্য পর্যালোচনায় দেখা গেছে, এই রাউন্ডঅ্যাবাউটে কোনো প্রাণঘাতী বা গুরুতর আহতের ঘটনা ঘটেনি।
বাশাও বলেন, এটি রাউন্ডঅ্যাবাউট নির্মাণের অন্যতম প্রধান উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। গোলচত্বরের নকশা এমনভাবে করা হয়, যাতে উচ্চগতির মুখোমুখি সংঘর্ষ এবং ‘টি-বোন’ বা পার্শ্ব-সংঘর্ষের মতো দুর্ঘটনা কমানো যায়। কারণ এ ধরনের সংঘর্ষে গুরুতর আহত হওয়া কিংবা প্রাণহানির ঝুঁকি তুলনামূলক বেশি।
শহরজুড়ে প্রাণঘাতী ও গুরুতর আঘাতজনিত দুর্ঘটনা নির্মূলের লক্ষ্যে ‘ভিশন জিরো’ (Vision Zero) কর্মসূচির আওতায় শিগগিরই একজন নিবেদিত ট্রাফিক ইঞ্জিনিয়ার নিয়োগ করতে যাচ্ছে স্টার্লিং হাইটস।
এর মাধ্যমে শহরের ক্রমবর্ধমান পরিবহন ব্যবস্থায় দুর্ঘটনা বিশ্লেষণ, ট্রাফিক ব্যবস্থাপনা এবং আগাম নিরাপত্তামূলক পদক্ষেপ গ্রহণে আরও বেশি গুরুত্ব দেওয়া সম্ভব হবে।
Source & Photo: http://detroitnews.com
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

সুপ্রভাত মিশিগান ডেস্ক :