আটলান্টিক সিটি, ২১ সেপ্টেম্বর : যুক্তরাষ্ট্রের নিউজার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে গতকাল রবিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে বর্ণিল ঘুড়ি উৎসব। নগরীর বেদের ফিল্ডে আয়োজিত এ উৎসবে শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষের অংশগ্রহণে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
খোলা আকাশে রঙ-বেরঙের ঘুড়ির ওড়াউড়িতে উৎসবস্থল হয়ে ওঠে প্রাণবন্ত। পরিবারের সদস্যদের সঙ্গে অনেকেই অংশ নেন ঘুড়ি ওড়ানোর আনন্দে। শিশুদের উচ্ছ্বাস আর আকাশজুড়ে নানা আকৃতির ঘুড়ি উৎসবে যোগ করে ভিন্নমাত্রা।
আটলান্টিক সিটির অফিস অব মাল্টিকালচারাল সার্ভিসেসের উদ্যোগে আয়োজিত এ উৎসব ছিল সবার জন্য উন্মুক্ত ও বিনামূল্যের আয়োজন। ঘুড়ি ওড়ানোর পাশাপাশি ছিল সংগীত, বিনোদন, খাবার এবং শিশুদের জন্য বিভিন্ন পারিবারিক কার্যক্রম।
আয়োজকরা জানান, বিভিন্ন সংস্কৃতি ও সম্প্রদায়ের মানুষকে একটি আনন্দঘন আয়োজনে একত্রিত করা এবং পরিবার ও প্রতিবেশীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার করাই ছিল এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য। উৎসবে অংশ নেওয়া লোকজনও এমন আয়োজনের প্রশংসা করেন। তাদের মতে, ব্যস্ত জীবনের বাইরে পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়া এবং নতুন প্রজন্মকে ঘুড়ি ওড়ানোর মতো ঐতিহ্যবাহী বিনোদনের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ।
সব মিলিয়ে, নীল আকাশে রঙিন ঘুড়ির মেলা আর মানুষের প্রাণবন্ত উপস্থিতিতে বেদের ফিল্ডে তৈরি হয় এক আনন্দঘন পরিবেশ। প্রবাসী বিভিন্ন কমিউনিটির মানুষের অংশগ্রহণে আটলান্টিক সিটির ঘুড়ি উৎসব হয়ে ওঠে সম্প্রীতি, বিনোদন ও পারিবারিক আনন্দের এক মিলনমেলা।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

সুব্রত চৌধুরী :