ল্যান্সিং, ২৩ সেপ্টেম্বর: ল্যান্সিংয়ের বাস টার্মিনালে বোমা হামলার মিথ্যা হুমকি দেওয়ার ঘটনায় দোষী সাব্যস্ত ইলিনয়ের এক নারীকে তিন বছরের প্রবেশন দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম চার মাস তাকে গৃহবন্দী থাকতে হবে।
মিশিগানের ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টের ইউএস অ্যাটর্নি টিমোথি ভারহে জানান, ৩৩ বছর বয়সী নেফাটেরিয়া ডেনিস ফার্গুসনকে ২১ সেপ্টেম্বর ফেডারেল আদালতে এই সাজা দেওয়া হয়। ২০২৫ সালের ২২ এপ্রিল ল্যান্সিংয়ের ক্যাপিটাল এরিয়া ট্রান্সপোর্টেশন অথরিটি (CATA)-এর বাস টার্মিনালে ফোন করে তিনি বোমা থাকার মিথ্যা তথ্য দেন। হুমকির পর কর্মকর্তারা ডাউনটাউন ল্যান্সিং থেকে সব বাস অন্যত্র সরিয়ে নেন, আশপাশের সড়ক বন্ধ করে দেন এবং CATA-এর কার্যালয় ও প্রধান বাস টার্মিনাল থেকে ২০০-এর বেশি কর্মী, চালক ও যাত্রীকে সরিয়ে নেওয়া হয়। ল্যান্সিং পুলিশ বোমা শনাক্তকারী কুকুর নিয়ে এলাকাটি তল্লাশি করে। প্রায় এক ঘণ্টা বন্ধ থাকার পর টার্মিনালটি আবার চালু হয়।
পরে তদন্তে ফার্গুসনের সঙ্গে ওই ফোনকলের যোগসূত্র পাওয়া যায়। প্রথমে তিনি পুলিশকে মিথ্যা নাম দিয়ে কল করার কথা অস্বীকার করলেও এফবিআই কর্মকর্তারা ফোনের তথ্য-প্রমাণ দেখালে তিনি কল করার কথা স্বীকার করেন। তদন্তকারীদের কাছে তিনি এটিকে ‘প্র্যাঙ্ক’ হিসেবে উল্লেখ করেন।
কর্তৃপক্ষ জানায়, ফার্গুসন একটি গ্রুপ টেক্সট চ্যাটের সদস্য ছিলেন, যেখানে CATA-র এক কর্মীও ছিলেন। ওই কর্মী মজা করে কাউকে বোমা হামলার হুমকি দেওয়ার কথা বলেছিলেন, যাতে তিনি কাজ থেকে ছুটি নিতে পারেন। তদন্তকারীদের কাছে ওই কর্মী জানান, ফার্গুসন সত্যিই তার কথাটি বাস্তবায়ন করবেন—এমনটা তিনি কখনো ভাবেননি। পরে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার কারণে CATA ওই কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করে।
এফবিআই ডেট্রয়েট ফিল্ড অফিসের স্পেশাল এজেন্ট ইন চার্জ জেনিফার রুনিয়ান বলেন, গণপরিবহন কেন্দ্রে বোমা হামলার হুমকি একটি গুরুতর অপরাধ। এ ধরনের মিথ্যা হুমকিতে আতঙ্ক সৃষ্টি, জনসেবায় বিঘ্ন এবং সাধারণ মানুষ ও জরুরি সেবাকর্মীদের ঝুঁকির মধ্যে পড়ার আশঙ্কা থাকে।
ফার্গুসনের পক্ষে ফেডারেল পাবলিক ডিফেন্ডার অফিসের আইনজীবী শন টিলটন তাৎক্ষণিকভাবে মন্তব্যের জন্য পাওয়া যায়নি। তবে আদালতে দাখিল করা সাজার সুপারিশসংক্রান্ত নথি অনুযায়ী, ফার্গুসন অভিযোগের বিষয়ে দোষ স্বীকার করে নিজের কর্মকাণ্ডের দায় গ্রহণ করেছেন।
নথিতে টিলটন উল্লেখ করেন, ফার্গুসন সিএটিএতে ফোন করার কথা স্বীকার করেছেন এবং পরবর্তীতে ওই হুমকিটি যে ভুয়া ছিল, তাও জানিয়েছেন। তিনি লেখেন, ফার্গুসন শেষ পর্যন্ত দোষ স্বীকার করে নিজের আচরণের দায়ভার গ্রহণ করেছেন এবং ঘটনাটিকে লঘু করে দেখানোর চেষ্টা করছেন না।
টিলটনের নথি অনুযায়ী, ফার্গুসন প্রথম ফোন করার প্রায় ২০ মিনিট পর আবার ফোন করে জানান, আগের বোমা হামলার হুমকিটি ছিল নিছক একটি কৌতুক বা ‘প্র্যাঙ্ক’।
সাজার সুপারিশে ফার্গুসনের শৈশবের কিছু কঠিন অভিজ্ঞতার কথাও উল্লেখ করা হয়। নথিতে বলা হয়েছে, তার শৈশব ছিল অস্থিতিশীল এবং মাত্র চার বছর বয়সে যৌন নির্যাতনের শিকার হওয়ার পর তাকে মায়ের বাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছিল।
টিলটন আরও জানান, ফার্গুসন তিন সন্তানের একক মা এবং তার এক সন্তান অটিজমে আক্রান্ত। সাজার সুপারিশসংক্রান্ত নথি অনুযায়ী, তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও স্লিপ অ্যাপনিয়াসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। নথিতে আরও বলা হয়েছে, ফার্গুসনের বর্ডারলাইন পার্সোনালিটি ডিজঅর্ডার, উদ্বেগ, বিষণ্নতা এবং পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডার (PTSD) শনাক্ত হয়েছে।
ল্যান্সিং পুলিশ প্রধান রব ব্যাকাস এক বিবৃতিতে বলেন, “এই আইনি প্রক্রিয়া এগিয়ে নেওয়ার জন্য আমরা ইউএস অ্যাটর্নির কার্যালয়ের প্রতি কৃতজ্ঞ। যা হয়তো নিছক কৌতুক হিসেবে শুরু হয়েছিল, তার পরিণতি ছিল গুরুতর এবং এর ফলে পুরো শহরের গণপরিবহন ব্যবস্থা ব্যাহত হয়েছিল। মামলাটিকে গুরুত্বের সঙ্গে নেওয়ার জন্য আমরা আমাদের ফেডারেল সহযোগীদের ধন্যবাদ জানাই।”
Source & Photo: http://detroitnews.com
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

সুপ্রভাত মিশিগান ডেস্ক :