ডেট্রয়েট, ২৮ সেপ্টেম্বর : বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রযুক্তি, প্রকৌশল, গবেষণা ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা আরও বাড়ানোর নানা সম্ভাবনা উঠে এসেছে আমেরিকান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস (আবিয়া)-এর তিন দিনব্যাপী দ্বিবার্ষিক সম্মেলনে। সম্মেলনের দ্বিতীয় দিনের কীনোট অনুষ্ঠানে এসব ক্ষেত্রে প্রবাসী বাংলাদেশি প্রকৌশলী ও স্থপতিদের দক্ষতা, অভিজ্ঞতা ও জ্ঞান কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
ডেট্রয়েটের ডাউনটাউনের হান্টিংটন সেন্টারে আয়োজিত সম্মেলনে উত্তর আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশি বংশোদ্ভূত প্রকৌশলী, স্থপতি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও কমিউনিটির প্রতিনিধিরা অংশ নেন। শনিবার রাতে অনুষ্ঠিত হয় আবিয়ার দ্বিবার্ষিক সম্মেলনের কীনোট অনুষ্ঠান। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। কর্মক্ষেত্রে সাফল্য ও বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে অনুষ্ঠানে আটজনকে সম্মাননা প্রদান করা হয়।
প্রবাসী বাংলাদেশি প্রকৌশলী ও স্থপতিদের প্রশংসা করে প্রধান অতিথি ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, নিজ নিজ কর্মক্ষেত্রে দক্ষতা ও সাফল্যের মাধ্যমে তারা যুক্তরাষ্ট্রের বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। একই সঙ্গে তারা বাংলাদেশের সক্ষমতা ও ইতিবাচক ভাবমূর্তিও তুলে ধরছেন।
তিনি বলেন, দুই দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও পেশাজীবীদের মধ্যে সহযোগিতার নতুন সুযোগ তৈরি করতে প্রবাসী বাংলাদেশিদের দক্ষতা ও অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রযুক্তি, প্রকৌশল ও গবেষণার পাশাপাশি প্রাতিষ্ঠানিক পর্যায়েও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর তিনি গুরুত্ব দেন।
আবিয়ার সেক্রেটারি সাদেক রহমানসহ মিশিগান চ্যাপ্টারের নেতারা জানান, এবারের সম্মেলনে সাত শতাধিক প্রকৌশলী ও স্থপতি অংশ নিয়েছেন। তাঁদের মতে, বাংলাদেশি প্রকৌশলী ও স্থপতিদের এই মিলনমেলা শুধু পেশাগত যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্র তৈরি করছে না; বরং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে জ্ঞান, প্রযুক্তি, গবেষণা ও প্রাতিষ্ঠানিক সহযোগিতার নতুন সম্ভাবনাও উন্মোচিত করছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মিশিগানের ডেমোক্র্যাটিক কংগ্রেসওম্যান ডেবি ডিঙ্গেল, মিশিগান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মেগান কে কাভানা, জেনারেল মোটরসের ভেহিকল অটোনমির ভাইস প্রেসিডেন্ট রাশেদ হক এবং ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইফুর রহমান।
নৈশভোজের পর সাংস্কৃতিক পর্বে স্থানীয় শিল্পীদের পাশাপাশি বাংলাদেশ থেকে আসা জনপ্রিয় শিল্পী সামিনা চৌধুরী, দিলশাদ নাহার কনা ও ইমরান মাহমুদুলের পরিবেশনায় মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। শুক্রবার শুরু হওয়া তিন দিনব্যাপী সম্মেলনের শেষ দিন রবিবার ডেট্রয়েট প্রিন্সেস রিভারবোটে সানসেট ক্রুজ, নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এবারের আয়োজনের সমাপ্তি ঘটে।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

তোফায়েল রেজা সোহেল :