লিভোনিয়ার ট্রিনিটি হেলথ হাসপাতাল/ Photo : Clarence Tabb Jr, The Detroit News
লিভোনিয়া, ৩০ সেপ্টেম্বর: অক্টোবর থেকে পশ্চিম ওয়েইন কাউন্টির দুটি প্রতিষ্ঠানে ৬৪০ জনেরও বেশি কর্মী চাকরি হারাতে যাচ্ছেন।
ট্রিনিটি হেলথ লিভোনিয়ায় তাদের সদর দপ্তরে ৫৫৭ জন কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে। অন্যদিকে, নায়াগ্রা বটলিং এলএলসি প্লাইমাউথ কারখানায় ৮৬টি পদ বিলুপ্ত করবে। উভয় প্রতিষ্ঠানই মিশিগান ডিপার্টমেন্ট অব লেবার অ্যান্ড ইকোনমিক অপরচুনিটির কাছে ‘ওয়ার্কার অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড রিট্রেনিং নোটিফিকেশন’ নোটিশ জমা দিয়েছে।
৩ সেপ্টেম্বর দাখিল করা নোটিশ অনুযায়ী, লিভোনিয়ার ২০৫৫৫ ভিক্টর পার্কওয়ে-তে অবস্থিত ট্রিনিটি হেলথের ছাঁটাই প্রক্রিয়া ২৫ অক্টোবর থেকে ২৯ নভেম্বরের মধ্যে ধাপে ধাপে সম্পন্ন হবে। ছাঁটাই হতে যাওয়া কর্মীদের প্রায় সবাই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানটির প্রযুক্তি ও তথ্যসেবা বিভাগের সঙ্গে যুক্ত।
প্রায় ১২০ ধরনের পদে কর্মরত কর্মীরা এই ছাঁটাইয়ের আওতায় পড়ছেন। এর মধ্যে সবচেয়ে বড় দল ৪৯ জন এন্ট্রি-লেভেল আইটি সার্ভিস ডেস্ক সাপোর্ট কর্মী। এছাড়া রয়েছেন ১৭ জন সেকেন্ড-লেভেল সার্ভিস ডেস্ক কর্মী, ১৭ জন সার্ভার সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, ১১ জন ইমেজিং অ্যানালিস্ট, ১০ জন অ্যাপ্লিকেশন অ্যানালিস্ট এবং ১০ জন আইটি মনিটরিং অপারেটর।
অন্যদিকে, প্লাইমাউথের ৮৮৩৫ জেনারেল ড্রাইভে অবস্থিত নায়াগ্রা বটলিং এলএলসির ৮৬টি পদ বিলুপ্তির বিষয়টি ৩১ আগস্ট দাখিল করা নোটিশে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ছাঁটাইয়ের আওতায় মূলত উৎপাদন বিভাগের কর্মীরা রয়েছেন। এর মধ্যে ২১ জন প্রোডাকশন অপারেটর, ১১ জন ফর্কলিফট অপারেটর, ৯ জন প্রোডাকশন অপারেটর লিড এবং ৮ জন মেইনটেন্যান্স টেকনিশিয়ান রয়েছেন।
এ ছাড়া ব্যবস্থাপনা ও দাপ্তরিক পর্যায়ের কর্মীরাও ছাঁটাইয়ের আওতায় পড়েছেন। তাদের মধ্যে রয়েছেন প্ল্যান্ট ডিরেক্টর, কন্ট্রোলার, চারজন অ্যাকাউন্টিং অ্যানালিস্ট, ন্যাশনাল অ্যাকাউন্টস বিভাগের একজন সেলস ডিরেক্টর এবং টেকনিক্যাল অপারেশনস বিভাগের দুজন ডিরেক্টর।
শিল্পবিষয়ক প্রকাশনা ‘ইকো প্লাস্টিকস ইন প্যাকেজিং’-এর তথ্যমতে, প্লাইমাউথের ৮৮৩৫ জেনারেল ড্রাইভে অবস্থিত নায়াগ্রা বটলিংয়ের কারখানাটি ৩১ অক্টোবর বন্ধ হয়ে যাবে। এর আগে ‘অ্যাবসোপিউর’ (Absopure) প্রতিষ্ঠানটি কারখানাটি পরিচালনা করত।
Source & Photo: http://detroitnews.com
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

সুপ্রভাত মিশিগান ডেস্ক :