আটলান্টিক সিটি, ২ অক্টোবর: নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে সদ্য উদ্বোধন হওয়া স্থায়ী শহীদ মিনারকে কেন্দ্র করে বাংলাদেশি কমিউনিটিতে বিভাজন, হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।
এ প্রেক্ষাপটে গত ৩০ সেপ্টেম্বর বুধবার রাতে বেংগল ক্লাবের মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন হেলাল হাসান।
আয়োজকেরা শুরুতেই বলেন, কোনো ব্যক্তি বা সংগঠনকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা তাদের উদ্দেশ্য নয়। ইতিহাসের সত্য তুলে ধরা, শহীদ মিনারের মর্যাদা রক্ষা এবং কমিউনিটির ঐক্য ও সম্মিলিত অধিকারের পক্ষে কথা বলাই তাদের লক্ষ্য।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন লেখক ও সাংবাদিক ইব্রাহীম চৌধুরী, হেলাল হাসান, আলী চৌধুরী, মোহাম্মদ দিদার, শেখ আমীন, সাঈদ দোহা, পাপলু চৌধুরী, ফারুক হোসেন, এনামুল হক, সবুর মিয়া, আকবর হোসেইন, মোহাম্মদ শাহীন, সুব্রত চৌধুরী, জাকির হোসেন, মনিরুল আলম বাবু, আওলাদ হোসেইন, ফারুক তালুকদারসহ অন্যরা।
বক্তারা বলেন, শহীদ মিনার হওয়ার কথা ছিল কমিউনিটির ঐক্য ও একুশের চেতনার প্রতীক। সেই শহীদ মিনারকে ঘিরেই যদি নতুন করে বিভাজন তৈরি হয়, তাহলে স্মৃতিস্তম্ভ নির্মিত হলেও একুশের চেতনা যথাযথভাবে প্রতিষ্ঠিত হবে না।
তাঁরা শহীদ মিনার উদ্বোধনকে কেন্দ্র করে কমিউনিটিতে বিভাজন সৃষ্টির যে কোনো অপপ্রয়াসের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বক্তারা আগামী একুশে ফেব্রুয়ারি একই শহীদ মিনারের সামনে সবাইকে ঐক্যবদ্ধভাবে দাঁড়ানোর আহ্বান জানান। তাঁরা বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য শুধু একটি স্থায়ী শহীদ মিনার রেখে গেলেই হবে না; এর সঙ্গে একটি সত্যনিষ্ঠ ইতিহাস, একুশের চেতনা এবং ঐক্যবদ্ধ কমিউনিটিও রেখে যেতে হবে।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

সুব্রত চৌধুরী :