সাউথফিল্ড, ৫ অক্টোবর: মিশিগান স্টেট পুলিশ জানিয়েছে, শনিবার (৩ অক্টোবর) লজ ফ্রিওয়েতে একটি দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে এগিয়ে আসা এক ব্যক্তি অন্য একটি গাড়ির ধাক্কায় নিহত হয়েছেন।
স্টেট পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে জানায়, শনিবার রাত ১১টা ৩৯ মিনিটের দিকে নাইন মাইল রোডের কাছে লজ ফ্রিওয়ের দক্ষিণমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রথম দুর্ঘটনায় একটি গাড়ি অচল হয়ে ফ্রিওয়ের বাম পাশের দুটি লেন বন্ধ হয়ে যায়। এর কয়েক মিনিট পর পাশ দিয়ে যাওয়া এক চালক ডান পাশের শোল্ডারে গাড়ি থামিয়ে দুর্ঘটনাকবলিত ব্যক্তিদের সহায়তায় এগিয়ে আসেন। এ সময় তিনি ফ্রিওয়ের লেন পার হওয়ার চেষ্টা করছিলেন।
পুলিশ জানায়, সহায়তারত ওই ব্যক্তির দিকে এগিয়ে আসা আরেকটি গাড়ি অচল গাড়িটিকে এড়াতে গিয়ে হঠাৎ দিক পরিবর্তন করে এবং ওই ব্যক্তিকে ধাক্কা দেয়।
দুর্ঘটনার পর স্টেট ট্রুপার, সাউথফিল্ড পুলিশ কর্মকর্তা এবং সাউথফিল্ড ফায়ার ডিপার্টমেন্টের জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সিপিআরসহ বিভিন্ন জীবন রক্ষাকারী চিকিৎসা ব্যবস্থা নেন। তবে ঘটনাস্থলেই ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করা হয়।
স্টেট পুলিশ জানায়, যে চালকের গাড়ির ধাক্কায় ওই ব্যক্তি নিহত হন, তিনি ঘটনাস্থলে অবস্থান করেন এবং তদন্তকারীদের সহযোগিতা করেন। প্রাথমিকভাবে চালকের অ্যালকোহল বা মাদকের প্রভাবে থাকার কোনো লক্ষণ পাওয়া যায়নি। দুর্ঘটনার তদন্ত চলাকালে ফ্রিওয়েটি বন্ধ রাখা হয়। পরে ভোর ৪টা ৩০ মিনিটের দিকে সড়কটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। স্টেট পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ ও পরিস্থিতি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।
Source & Photo: http://detroitnews.com
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

সুপ্রভাত মিশিগান ডেস্ক :