রাঙামাটি, ১১ অক্টোবর: অনিবার্য কারণ দেখিয়ে অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন। রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। একই সঙ্গে বর্তমানে সাজেকে অবস্থানরত পর্যটকদের আগামী ১৩ অক্টোবর বিকেল ৫টার মধ্যে পর্যটন এলাকা ছেড়ে নিরাপদে নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার সন্ধ্যায় জারি করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জেলা প্রশাসক নাজমা আশরাফীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণবশত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ থাকবে।
এর আগে রোববার সকালে সাজেকে জেএসএসের নাম ব্যবহারকারী কিছু সন্ত্রাসী অবস্থান করছে—এমন অভিযোগ তুলে তাদের সরিয়ে দেওয়ার দাবিতে দুটি সংগঠন অবরোধের ডাক দেয়। দুপুরে পর্যটকদের যাতায়াতের সড়কের গঙ্গারাম বাজার এলাকায় অবরোধ করা হলে বিপাকে পড়েন পর্যটকেরা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনার পর পর্যটকদের সাজেক ভ্যালিতে পৌঁছে দেওয়া হয়।
এদিকে পর্যটনের ভরা মৌসুমে সাজেক বন্ধের সিদ্ধান্তে হতাশ হয়ে পড়েছেন পর্যটন ব্যবসায়ীরা। বিশেষ করে দুর্গাপূজার টানা ছুটিকে সামনে রেখে পর্যটকদের আগাম বুকিং নেওয়া এবং পর্যটনকেন্দ্র সাজানোর কাজে ব্যস্ত ছিলেন তাঁরা। এর মধ্যেই বন্ধের ঘোষণা আসায় তাঁদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
খাগড়াছড়ি-সাজেক জিপ গাড়ির লাইনম্যান সৈকত চাকমা জানান, রোববার খাগড়াছড়ি থেকে ৫৮টি জিপসহ প্রায় শতাধিক গাড়িতে করে ১ হাজার ২০০-এর বেশি পর্যটক সাজেকে গেছেন।
সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির সভাপতি স্বপন দেব বর্মন বলেন, “পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে। আমরা তাদের সহযোগিতা করব।”
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

সুপ্রভাত মিশিগান ডেস্ক :