মনরো টাউনশিপ, ১৮ অক্টোবর : মিশিগানের মনরো টাউনশিপে শনিবারের হামলায় নিহত ব্যক্তিকে মনরো হাই স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী হিসেবে শনাক্ত করা হয়েছে। নিহত ট্রেন্টন জোসেফ গ্রান্টের বয়স ছিল ১৫ বছর। পুলিশ জানিয়েছে, হামলার ঘটনায় আগুন লাগার খবর পাওয়া যায় এবং আরও কয়েকজন আহত হয়েছেন।
মনরো পাবলিক স্কুল কর্তৃপক্ষ জানায়, গ্রান্ট স্কুলের ট্র্যাক দলের সদস্য ছিল এবং নবীন শিক্ষার্থীদের ফুটবল দলেও খেলত। স্কুল সুপারিনটেনডেন্ট অ্যান্ড্রু শ জানান, গ্রান্ট সংগীতের প্রতি অনুরাগী ছিল। হাই স্কুলে অর্কেস্ট্রা ও পিয়ানো ক্লাসে অংশ নেওয়ার পাশাপাশি ইস্টার্ন মিশিগান ইউনিভার্সিটির ‘অনার্স অর্কেস্ট্রা’তে পারফর্ম করা তিন শিক্ষার্থীর একজন ছিল সে। শনিবার অভিভাবকদের পাঠানো এক বার্তায় অ্যান্ড্রু শ লেখেন, “এটি আমাদের সবার জন্যই অত্যন্ত কঠিন একটি সময়।”
তিনি জানান, সোমবার হাই স্কুলে শিক্ষার্থী ও কর্মীদের সহায়তায় স্কুল ডিস্ট্রিক্টের সামাজিক-আবেগীয় সহায়তা দলের অতিরিক্ত সদস্যরা উপস্থিত থাকবেন। এ ছাড়া কাউন্সেলর ও সমাজকর্মীরাও প্রয়োজনীয় সহায়তা দেবেন।
অভিভাবকদের প্রতি সন্তানদের সঙ্গে এ মর্মান্তিক ঘটনা নিয়ে কথা বলার আহ্বান জানান তিনি। একই সঙ্গে সন্তানরা এ ঘটনায় যেসব আবেগ ও অনুভূতির মধ্য দিয়ে যাচ্ছে, সেগুলো বোঝার চেষ্টা করার পরামর্শ দেন।
মনরো কাউন্টি শেরিফের কার্যালয় গ্রান্টের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানায়নি। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় অন্যদের শরীরে কাটা ও ছুরিকাঘাতের ক্ষত পাওয়া গেছে। আহতের সঠিক সংখ্যা প্রকাশ করা হয়নি। তাঁদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
হামলার কারণ এখনো জানা যায়নি। শেরিফের কার্যালয় জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন। শনিবার ভোর ৫টা ৩৭ মিনিটে রেইনট্রি বুলেভার্ডের ১২০০ ব্লকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় কোনো তথ্য জানা থাকলে শেরিফের ডিটেকটিভ ব্যুরোর ৭৩৪-২৪০-৭৫৩০ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। এ ছাড়া ক্রাইম স্টপার্সের ১-৮০০-SPEAK-UP নম্বরে ফোন করে অথবা www.1800speakup.org ওয়েবসাইটের মাধ্যমে পরিচয় গোপন রেখে তথ্য দেওয়া যাবে।
Source & Photo: http://detroitnews.com
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

সুপ্রভাত মিশিগান ডেস্ক :