অ্যান আরবার, ১৯ অক্টোবর : দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ওহাইও স্টেট ইউনিভার্সিটির সঙ্গে ৪৪তম বার্ষিক ‘ব্লাড ব্যাটল’ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ইউনিভার্সিটি অব মিশিগান।
বন্ধুত্বপূর্ণ এই প্রতিযোগিতার মূল লক্ষ্য দুই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রক্তদান কর্মসূচির মাধ্যমে হাসপাতালগুলোর রক্তের মজুত বাড়ানো। বিশেষ করে ছুটির মৌসুমের আগে রক্তদাতার সংকট মোকাবিলায় এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, আজ ১৯ অক্টোবর সোমবার থেকে ২৫ নভেম্বর পর্যন্ত এ প্রতিযোগিতা চলবে। আমেরিকান রেড ক্রস ইউনিভার্সিটি অব মিশিগানের ক্যাম্পাস ও অ্যান আরবার এলাকায় ৪৫টিরও বেশি রক্তদান কর্মসূচির আয়োজন করবে। অন্যদিকে, ওহাইও স্টেট ইউনিভার্সিটি তাদের ক্যাম্পাস ও আশপাশের এলাকায় ৪৬টি রক্তদান কর্মসূচি আয়োজন করবে।
মিশিগানে আমেরিকান রেড ক্রসের অ্যাকাউন্ট ম্যানেজার জেন সেরা এক বিজ্ঞপ্তিতে বলেন, “‘ব্লাড ব্যাটল’-এ রক্ত সংগ্রহের পরিমাণ বাড়াতে আমরা সব রক্তের গ্রুপের মানুষকে আসন্ন রক্তদান কর্মসূচিতে অংশ নিতে নিবন্ধন করার আহ্বান জানাচ্ছি। যারা প্রথমবার রক্ত দিতে চান, তাদের জন্যও এটি একটি দারুণ সুযোগ। এগিয়ে এসে রক্তদানের মাধ্যমে একটি জীবন বাঁচাতে ভূমিকা রাখুন।”
জেন সেরা নিয়মিত রক্তদাতাদের প্রতি আহ্বান জানিয়েছেন, ছুটির মৌসুম ঘনিয়ে এলেও যেন তাঁরা নিয়মিত রক্তদানের সময়সূচি বজায় রাখেন।
কর্তৃপক্ষ জানায়, ২০২৫ সালের ‘ব্লাড ব্যাটল’-এ ১ হাজার ৭২৫ পাইন্ট রক্ত সংগ্রহ করে জয়ী হয়েছিল ওহাইও স্টেট ইউনিভার্সিটি। অন্যদিকে, ইউনিভার্সিটি অব মিশিগান সংগ্রহ করেছিল ১ হাজার ৬২২ পাইন্ট রক্ত। এর মধ্য দিয়ে টানা চতুর্থবারের মতো এ প্রতিযোগিতায় জয় পায় ওহাইও স্টেট।
এবারের প্রতিযোগিতার অংশ হিসেবে আগামী ১ নভেম্বর, রবিবার ইউনিভার্সিটি অব মিশিগান ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে ‘বি আ হিরো’ (Be a Hero) রক্তদান কর্মসূচি। আয়োজকদের তথ্য অনুযায়ী, এটি বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে এক দিনে আয়োজিত সবচেয়ে বড় রক্ত সংগ্রহের কর্মসূচি।
আয়োজকরা জানিয়েছেন, এ কর্মসূচিতে অংশগ্রহণকারী রক্তদাতারা ‘জ্যাক রথ স্টেডিয়াম ক্লাব’ থেকে বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত ‘বিগ হাউস’—মিশিগান স্টেডিয়াম—দেখার সুযোগ পাবেন। ইউনিভার্সিটি অব মিশিগান হেলথের (UM Health) ট্রান্সপ্ল্যান্ট সেন্টারের পরিচালক ডা. ক্রিস সনেরন্ডে এক বিবৃতিতে বলেন, “যুক্তরাষ্ট্রে প্রতিদিন প্রায় ২৮ হাজার ৩০০ ইউনিট লোহিত রক্তকণিকার প্রয়োজন হয়। অঙ্গ প্রতিস্থাপন, ট্রমা কেয়ার, ক্যানসারের চিকিৎসাসহ বিভিন্ন প্রয়োজনে ইউনিভার্সিটি অব মিশিগান হেলথের প্রতিদিন ৯০ থেকে ১০০ ইউনিট রক্তের প্রয়োজন হয়। অঙ্গ, টিস্যু ও রক্তদাতারা তাঁদের উদারতার মাধ্যমে মানুষের জীবন বাঁচান। ‘ব্লাড ব্যাটল’ কর্মসূচি রক্তদানের গুরুত্ব এবং মানুষের দৈনন্দিন জীবনে এর ইতিবাচক প্রভাব তুলে ধরে।”‘ব্লাড ব্যাটল’ কর্মসূচিতে রক্তদাতাদের জন্য রয়েছে নানা উপহার। রক্তদাতারা স্টক থাকা সাপেক্ষে একটি ‘ব্লাড ব্যাটল’ টি-শার্ট, ‘ওয়াশটেনাও ডেইরি’র জন্য একটি কিনলে অন্যটি বিনামূল্যে পাওয়ার (BOGO) কুপন এবং ইমেইলের মাধ্যমে ১০ ডলারের অ্যামাজন গিফট কার্ড পাবেন। এ ছাড়া স্থানীয় স্পনসরদের দেওয়া উপহার জেতার সুযোগ এবং ‘ডোনার রিওয়ার্ডস’ কর্মসূচিতে ২০০ বোনাস পয়েন্টও রয়েছে।রক্তদানের অ্যাপয়েন্টমেন্ট নিতে redcrossblood.org ওয়েবসাইটে গিয়ে সার্চ বক্সে স্পনসর কোড “goblue” লিখতে হবে। এ ছাড়া ১-৮০০-৭৩৩-২৭৬৭ নম্বরে ফোন করে অথবা ‘রেড ক্রস ব্লাড ডোনার’ (Red Cross Blood Donor) অ্যাপের মাধ্যমেও অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে। আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসার পরামর্শ দেওয়া হলেও অ্যাপয়েন্টমেন্ট ছাড়াও সরাসরি উপস্থিত হয়ে রক্তদান করা যাবে।
Source & Photo: http://detroitnews.com
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

সুপ্রভাত মিশিগান ডেস্ক :