ল্যান্সিং, ২৪ অক্টোবর : মিশিগানে আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে আজ শনিবার সকাল থেকে অঙ্গরাজ্যজুড়ে সশরীরে আগাম ভোটগ্রহণ শুরু হয়েছে। মিশিগানের আইন অনুযায়ী, ২৪ অক্টোবর থেকে নিবন্ধিত ভোটারদের জন্য সশরীরে আগাম ভোটদানের ব্যবস্থা চালু করতে হবে পৌরসভাগুলোকে। এ কার্যক্রম চলবে টানা নয় দিন, ১ নভেম্বর পর্যন্ত।
মেট্রো ডেট্রয়েটের ভোটকেন্দ্রগুলো শনিবার সকাল ৮টায় খুলেছে। ভোটাররা Michigan.gov/vote ওয়েবসাইটে গিয়ে তাঁদের নির্ধারিত আগাম ভোটকেন্দ্রের তথ্য জানতে পারবেন। মিশিগানের ডেপুটি সেক্রেটারি অব স্টেট আগোগো এদেভবি (Aghogho Edevbie) জানান, এ ব্যবস্থার ফলে ভোটাররা নিজেদের সুবিধামতো সময়ে ভোট দেওয়ার সুযোগ পাবেন। এদেভবি বলেন, “নির্বাচনের দিন আপনি ব্যস্ত থাকলেও নিজের সম্প্রদায়, আমাদের অঙ্গরাজ্য এবং পুরো জাতির ভবিষ্যৎ নির্ধারণে মতামত প্রকাশের অধিকার প্রয়োগ করতে পারবেন।”
অঙ্গরাজ্যের অন্তত তিনটি এলাকায় ২৪ অক্টোবরের আগেই সশরীরে আগাম ভোটগ্রহণ শুরু হয়েছে। ইস্ট ল্যান্সিংয়ে ১৯ অক্টোবর, গ্র্যান্ড র্যাপিডসে ২০ অক্টোবর এবং অ্যান আরবারে ২১ অক্টোবর থেকে এ কার্যক্রম চালু হয়। মিশিগানে ভোট দেওয়ার সময় ভোটারদের পরিচয়পত্র (আইডি) দেখাতে হয়। তবে ছবিযুক্ত পরিচয়পত্র সঙ্গে না থাকলেও ভোট দেওয়ার সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে ভোটারকে একটি হলফনামায় স্বাক্ষর করে নিজের পরিচয় নিশ্চিত করতে হবে।
২০২২ সালের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে অনুমোদিত একটি সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে মিশিগানের ভোটারদের জন্য সশরীরে আগাম ভোটদানের সুযোগ চালু করা হয়। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রাইমারি থেকেই অঙ্গরাজ্যজুড়ে এ ব্যবস্থা কার্যকর করেন নির্বাচন কর্মকর্তারা।
সশরীরে আগাম ভোট দেওয়ার পদ্ধতি নির্বাচনের দিনের ভোটদানের মতোই। ভোটাররা ব্যালট পেপারে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে তা ট্যাবুলেটর মেশিনে জমা দেন। তবে আগাম ভোটের ব্যালট গণনা শুরু হবে ৩ নভেম্বর রাত ৮টায় ভোটকেন্দ্র বন্ধ হওয়ার পর।
এদিকে, ভোটাররা বেশ কয়েক সপ্তাহ ধরেই অনুপস্থিত ভোটারদের জন্য নির্ধারিত ব্যালটের (অ্যাবসেন্টি ব্যালট) মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।
রাজ্যের ভোটিং ড্যাশবোর্ডের তথ্য অনুযায়ী, ২৪ অক্টোবর শনিবার সকাল পর্যন্ত অনুরোধ করা ২১ লাখ ব্যালটের মধ্যে ১০ লাখেরও বেশি ব্যালট পৌরসভার নির্বাচন কর্মকর্তাদের কাছে জমা পড়েছে। মিশিগানে বর্তমানে নিবন্ধিত সক্রিয় ভোটারের সংখ্যা প্রায় ৭৪ লাখ।
Source & Photo: http://detroitnews.com
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

সুপ্রভাত মিশিগান ডেস্ক :