মাধবপুর (হবিগঞ্জ), ৩০ অক্টোবর : হবিগঞ্জের মাধবপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ে জুতা খুলে প্রবেশের নিয়ম চালু করা হয়েছে। প্রায় এক সপ্তাহ ধরে কার্যকর এ ব্যবস্থা নিয়ে সেবাগ্রহীতা ও স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা চলছে। অভিযোগ উঠেছে, সাধারণ সেবাগ্রহীতাদের জুতা খুলে অফিসে প্রবেশ করতে হলেও প্রভাবশালী কয়েকজনকে জুতা না খুলেই ভেতরে যেতে দেখা যাচ্ছে। এতে একই অফিসে প্রবেশের ক্ষেত্রে বৈষম্যের অভিযোগ উঠেছে।
কার্যালয়ের ইউনিয়ন সমাজকর্মী রঞ্জিত বিশ্বাস বলেন, অফিসের শৃঙ্খলা বজায় রাখতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অবগত আছেন। সবার সুবিধার কথা বিবেচনা করেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুবেল মন্ডল বলেন, জুতা রাখার জন্য বক্সের ব্যবস্থা করা হবে। অফিসে শৃঙ্খলা বজায় রাখতেই নতুন এ ব্যবস্থা চালু করা হয়েছে। তবে জুতা খুলে প্রবেশ বাধ্যতামূলক—বিষয়টি এমন নয়।
এ নিয়ম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন সেবা নিতে আসা কয়েকজন। সেবাগ্রহীতা নাজমা বেগম বলেন, এ ধরনের নিয়ম তিনি আগে কোথাও দেখেননি। পায়ে সমস্যা থাকা সত্ত্বেও তাঁকে জুতা খুলে অফিসে প্রবেশ করতে হয়েছে।
উপজেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মির্জা ইকরাম সরকারি অফিসে জুতা খুলে প্রবেশের নিয়ম নিয়ে প্রশ্ন তুলে বলেন, এটি আজগুবি ব্যবস্থা। এ ক্ষেত্রে কার্যকর ও যুক্তিসংগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
এদিকে, একই কার্যালয়ে কারও জন্য জুতা খুলে প্রবেশের নিয়ম কার্যকর হলেও কেউ কেউ তা না মানলে বৈষম্যের পাশাপাশি স্বাস্থ্যবিধি নিয়েও প্রশ্ন উঠতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। তাঁদের মতে, পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এমন কোনো ব্যবস্থা নেওয়া হলে তা সবার জন্য সমানভাবে প্রযোজ্য হওয়া উচিত। পাশাপাশি পায়ের সমস্যা বা শারীরিক অসুবিধা রয়েছে—এমন সেবাগ্রহীতাদের বিষয়টিও বিবেচনায় রাখা প্রয়োজন।
এ বিষয়ে হবিগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জালাল উদ্দিন বলেন, বিষয়টি খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

নিজস্ব প্রতিনিধি :