মেট্রো ডেট্রয়েট, ২ নভেম্বর : দক্ষিণ-পূর্ব মিশিগানে এ সপ্তাহে স্বাভাবিকের তুলনায় বেশি তাপমাত্রা বিরাজ করতে পারে। পাশাপাশি বুধবার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস (NWS)।
হোয়াইট লেক টাউনশিপে অবস্থিত ন্যাশনাল ওয়েদার সার্ভিসের কার্যালয়ের আবহাওয়াবিদ ব্রায়ান টিলি বলেন, উষ্ণ বায়ুপ্রবাহের প্রভাবে আজ বিকেল থেকে মেট্রো ডেট্রয়েট এলাকায় মেঘের পরিমাণ বাড়বে। সন্ধ্যা পর্যন্ত আকাশ মেঘলা থাকতে পারে। তবে গভীর রাত অথবা মঙ্গলবার সকালের দিকে মেঘ সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
তিনি আরও জানান, সমভূমি অঞ্চলে (প্লেইনস) সৃষ্ট একটি নিম্নচাপ ব্যবস্থার উষ্ণ বলয়ের প্রভাবে সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত তাপমাত্রা বাড়তে থাকবে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সোমবার ও মঙ্গলবার আকাশ মূলত মেঘলা থাকলেও আবহাওয়া তুলনামূলক উষ্ণ থাকবে। সোমবার দক্ষিণ-পূর্ব মিশিগানের বিভিন্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৬০ ডিগ্রি ফারেনহাইটের মাঝামাঝি থেকে ওপরের দিকে থাকতে পারে। মঙ্গলবার তা বেড়ে ৭০ ডিগ্রির নিচ থেকে মাঝামাঝি পর্যায়ে পৌঁছাতে পারে। ন্যাশনাল ওয়েদার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবারের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ডের কাছাকাছি পৌঁছাতে পারে।
ডেট্রয়েটে সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ৬৭ ডিগ্রি এবং সর্বনিম্ন ৫৭ ডিগ্রি ফারেনহাইট থাকতে পারে। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে ৭৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ৬২ ডিগ্রি ফারেনহাইটে পৌঁছানোর পূর্বাভাস দেওয়া হয়েছে।
NWS-এর তথ্য অনুযায়ী, ৩ নভেম্বর ডেট্রয়েটে সাধারণত সর্বোচ্চ তাপমাত্রা থাকে ৫৪ ডিগ্রি ফারেনহাইট। এদিন শহরটিতে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ৭৬ ডিগ্রি, যা ২০১৫ সালে নথিভুক্ত হয়েছিল।
অন্যদিকে, ৩ নভেম্বর ফ্লিন্টে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ৭৯ ডিগ্রি এবং সাগিনাউয়ে ৭৪ ডিগ্রি ফারেনহাইট। উভয় রেকর্ডই ২০১৫ সালে হয়েছিল।
নভেম্বর মাসে ডেট্রয়েটে গড় সর্বোচ্চ তাপমাত্রা থাকে ৪৮ দশমিক ৬ ডিগ্রি ফারেনহাইট এবং গড় সর্বনিম্ন তাপমাত্রা ৩৩ দশমিক ৯ ডিগ্রি।
টিলি আরও জানান, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলো ও গালফ কোস্ট থেকে আসা উষ্ণ বাতাস মিশিগানের দক্ষিণাঞ্চলে প্রবেশ করছে। একটি নিম্নচাপ ব্যবস্থা এই বাতাসকে উত্তর দিকে গ্রেট লেকস অঞ্চলের দিকে টেনে আনছে।
তিনি বলেন, “সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত উষ্ণ আবহাওয়া থাকার মূল কারণ এটিই।” আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার মেট্রো ডেট্রয়েটজুড়ে তুলনামূলক উষ্ণ আবহাওয়া বজায় থাকতে পারে। একই সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনাও বাড়বে।
বুধবার পুরো অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ৬৯ থেকে ৭২ ডিগ্রি ফারেনহাইটের মধ্যে থাকতে পারে। বৃহস্পতিবার তা কিছুটা কমে ৬২ থেকে ৬৬ ডিগ্রিতে এবং শুক্রবার আরও কমে ৫৬ থেকে ৬১ ডিগ্রি ফারেনহাইটে নেমে আসতে পারে।
NWS কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার থেকে আবহাওয়া ধীরে ধীরে ঋতুর স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করবে। সপ্তাহান্তেও তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকতে পারে।
টিলি জানান, নিম্নচাপ ব্যবস্থাটি মিডওয়েস্ট ও উত্তরাঞ্চলের গ্রেট লেকস এলাকার দিকে এগিয়ে যাবে। বুধবারের শেষভাগে অথবা রাতে একটি শীতল বায়ুপ্রবাহ (কোল্ড ফ্রন্ট) এ অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে কিছুটা শীতল বাতাস প্রবেশ করবে। তবে তাপমাত্রা তখনও মৌসুমি গড়ের চেয়ে বেশি থাকতে পারে। একই সঙ্গে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
তিনি আরও জানান, নিম্নচাপ ব্যবস্থাটি পূর্ব দিকে সরে যাওয়ার সময় শুক্রবার আবহাওয়ায় কিছুটা অস্থিরতা তৈরি করতে পারে। এরপর, "নভেম্বরের শুরুর দিকের সপ্তাহান্তটি বেশ স্বাভাবিকই মনে হচ্ছে, যখন তাপমাত্রা ৫০ ডিগ্রি ফারেনহাইটের কোঠায় থাকবে," তিনি বলেন।
Source & Photo: http://detroitnews.com
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

সুপ্রভাত মিশিগান ডেস্ক :