গতকাল ডেট্রয়েটের ক্যাম্পাস মার্টিয়াস পার্কে স্থাপন করা হয়েছে শহরের ঐতিহ্যবাহী বড়দিনের গাছ। মিশিগানেই বেড়ে ওঠা ৭০ ফুট উঁচু বিশাল ‘নরওয়ে স্প্রুস’ গাছটি ঘিরে ইতোমধ্যে শুরু হয়েছে বড়দিনের উৎসবের প্রস্তুতি/Clarence Tabb Jr., The Detroit News
ডেট্রয়েট, ৫ নভেম্বর : ডেট্রয়েট শহরের কেন্দ্রস্থলে বইতে শুরু করেছে বড়দিনের আগাম উৎসবের আমেজ। গতকাল ৪ নভেম্বর ‘ডাউনটাউন ডেট্রয়েট পার্টনারশিপ’-এর উদ্যোগে ক্যাম্পাস মার্টিয়াস পার্কে স্থাপন করা হয়েছে শহরের ঐতিহ্যবাহী বড়দিনের গাছ। মিশিগানে জন্মানো ৭০ ফুট উঁচু এই ‘নরওয়ে স্প্রুস’ গাছটি শিগগিরই বর্ণিল সাজসজ্জায় সাজানো হবে। পাশাপাশি ২৫ হাজার ঝলমলে এলইডি বাতির আলোয় আলোকিত করা হবে গাছটিকে।
আগামী ২০ নভেম্বর বিকেল ৪টা থেকে শুরু হবে ২৩তম বার্ষিক ‘ট্রি লাইটিং’ বা বড়দিনের গাছ আলোকসজ্জা অনুষ্ঠান। ক্যাম্পাস মার্টিয়াস পার্কে আয়োজিত এ অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত এবং সম্পূর্ণ বিনামূল্যে।
উৎসবকে ঘিরে থাকবে ১০ লাখেরও বেশি আলোকসজ্জার ঝলকানি, সরাসরি বিনোদনমূলক পরিবেশনা, অলিম্পিক ফিগার স্কেটারদের বিশেষ প্রদর্শনী, ফুড ট্রাকসহ নানা আয়োজন। সব মিলিয়ে অনুষ্ঠানটি ডেট্রয়েটের বাসিন্দা ও দর্শনার্থীদের জন্য বড়দিনের উৎসবের আবহ তৈরি করবে।
Source & Photo: http://detroitnews.com
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

সুপ্রভাত মিশিগান ডেস্ক :