ট্রয় ফ্যামিলি অ্যাকুয়াটিক সেন্টারে দর্শনার্থীরা বিশ্রাম নিচ্ছেন। অবকাঠামোগত সমস্যার কারণে ২০২৭ সালের গ্রীষ্মে এই কেন্দ্রটি খোলা হবে না/Charles V. Tines
ট্রয়, ৬ নভেম্বর: অবকাঠামোগত সমস্যার কারণে ২০২৭ সালের গ্রীষ্মকালীন মৌসুমে বন্ধ থাকবে ট্রয়ের ফ্যামিলি অ্যাকুয়াটিক সেন্টার। গত ৫ নভেম্বর শহর কর্তৃপক্ষ জানিয়েছে, কেন্দ্রটির দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ নিয়েও পর্যালোচনা চলছে।
ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে শহর কর্তৃপক্ষ জানায়, সিভিক সেন্টার ড্রাইভে ট্রয় মিউনিসিপ্যাল কমপ্লেক্সের ঠিক উত্তরে অবস্থিত ‘ট্রয় ফ্যামিলি অ্যাকুয়াটিক সেন্টার’ ২০২৭ সালের গ্রীষ্মে চালু করা সম্ভব হবে না। কেন্দ্রটির অবকাঠামোয় বড় ধরনের ত্রুটি দেখা দিয়েছে, যা মেরামতে ব্যাপক কাজ প্রয়োজন। মেরামত চলাকালে কেন্দ্রটি চালু রাখা সম্ভব হবে না বলেও জানানো হয়েছে।
শহর কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, ২০২৬ সালের গ্রীষ্মে অ্যাকুয়াটিক সেন্টারের ভূগর্ভস্থ পুরোনো ব্যবস্থায় একাধিক ত্রুটি দেখা দেয়। এতে বিপুল পরিমাণ পানি অপচয় হচ্ছিল, যা আর গ্রহণযোগ্য পর্যায়ে ছিল না। ওই ব্যবস্থায় ন্যূনতম মেরামত কাজ করতেও প্রায় ১০ লাখ (১ মিলিয়ন) ডলার ব্যয় হতে পারে।
ফেসবুক পোস্টে সিটি ম্যানেজার ফ্র্যাঙ্ক নাস্তাসি (Frank Nastasi) বলেন, “মেরামতের কাজ কেবল গ্রীষ্মকালেই করা সম্ভব হওয়ায় ২০২৭ সালের মৌসুমে পুলটি বন্ধ রাখতে হবে। আমরা এর দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ নিয়ে পর্যালোচনা চালিয়ে যাব। আশা করছি, কমিউনিটির সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে একটি সমাধান খুঁজে পাওয়া সম্ভব হবে।”
১৯৯২ সালে যাত্রা শুরু করা ট্রয় ফ্যামিলি অ্যাকুয়াটিক সেন্টারের ৩০ বছর পূর্তি হয় ২০২২ সালে। কেন্দ্রটিতে রয়েছে একটি লেগুন এলাকা, দুটি ওয়াটার স্লাইড এবং ছোট শিশু ও কিশোর-কিশোরীদের জন্য পৃথক বিনোদন ব্যবস্থা। এর মধ্যে রয়েছে অগভীর পুল, ২০ ফুট উঁচু জলপ্রপাত এবং শিশুদের জন্য ছোট পুল।
তবে ‘ট্রয় কমিউনিটি সেন্টার’-এর ইনডোর লেজার পুল (Indoor Leisure Pool) চালু থাকবে। সেখানে রয়েছে ওয়াটার স্লাইড, শিশুদের জন্য জলক্রীড়ার ব্যবস্থা এবং সাঁতারের জন্য পৃথক লেন (Lap Lanes)। এ ছাড়া থেরাপির জন্য রয়েছে একটি আলাদা পুল।
শহর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২০ সাল থেকে কেন্দ্রটির বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নে ১৬ লাখ (১.৬ মিলিয়ন) ডলারেরও বেশি বিনিয়োগ করা হয়েছে।
ফেসবুক পোস্টে আরও বলা হয়েছে, “অবকাঠামোর স্থায়িত্ব বাড়াতে বড় ধরনের মেরামত ও আধুনিকায়ন প্রয়োজন, যার সম্ভাব্য ব্যয় প্রায় ১ কোটি ৫০ লাখ (১৫ মিলিয়ন) ডলার। এ অবস্থায় শহর কর্তৃপক্ষকে দীর্ঘমেয়াদি সমাধানের পথ খুঁজে বের করতে হবে এবং ট্রয় ফ্যামিলি অ্যাকুয়াটিক সেন্টারের ভবিষ্যৎ নির্ধারণ করতে হবে।”
গত বসন্তে ট্রয় শহরের প্রধান অর্থ কর্মকর্তা (চিফ ফিন্যান্সিয়াল অফিসার) রব ম্যালসিজিক জানিয়েছিলেন, ১ জুলাই থেকে শুরু হওয়া নতুন অর্থবছরের বাজেটে অ্যাকুয়াটিক সেন্টারের উন্নয়নে উল্লেখযোগ্য কোনো বরাদ্দ রাখা হয়নি। কাউন্সিল সদস্যরা এ বিলম্বের কারণ হিসেবে ২০২৫ সালের নভেম্বরে অনুষ্ঠিত ভোটাভুটিতে ১.১৩ মিল (সম্পত্তি করের হার) সংক্রান্ত ২০ বছর মেয়াদি প্রস্তাবটি পাস না হওয়ার বিষয়টি উল্লেখ করেছেন। প্রস্তাবটি পাস হলে মূলধনী উন্নয়ন প্রকল্পের জন্য ১৩৭ মিলিয়ন ডলার সংগ্রহ করা সম্ভব হতো।
এদিকে, প্রতিবেশী সাউথফিল্ড শহরে গত অক্টোবরের শেষ দিকে একটি নতুন অ্যাকুয়াটিক সেন্টারের নির্মাণকাজ শুরু হয়েছে। ২৬ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিতব্য ৩৮ হাজার বর্গফুটের এই কেন্দ্রটির কাজ ২০২৮ সালের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে।
Source & Photo: http://detroitnews.com
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

সুপ্রভাত মিশিগান ডেস্ক :