মেট্রো ডেট্রয়েট, ৭ নভেম্বর : নভেম্বরের শুরুতে দক্ষিণ-পূর্ব মিশিগানে স্বাভাবিকের তুলনায় উষ্ণ আবহাওয়া বিরাজ করলেও সপ্তাহান্তে তাপমাত্রা কমে শরৎকালীন আবহাওয়ার অনুভূতি ফিরে আসবে। তবে সপ্তাহান্তের শেষ দিকে আবারও তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।
ন্যাশনাল ওয়েদার সার্ভিসের (NWS) পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার আকাশ মেঘলা থাকবে। মিশিগানের ‘থাম্ব’ অঞ্চলে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, উত্তর-পশ্চিম দিক থেকে আসা শীতল বায়ুপ্রবাহের প্রভাবে তাপমাত্রা কিছুটা কমে যাবে। শুক্রবার ও শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ৫০ ডিগ্রি ফারেনহাইটের কাছাকাছি থাকতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার দক্ষিণ-পূর্ব মিশিগানের বিভিন্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ থেকে ৫০ ডিগ্রি ফারেনহাইটের মধ্যে থাকবে। শনিবার তা কিছুটা বেড়ে ৪৯ থেকে ৫৩ ডিগ্রিতে পৌঁছাতে পারে। ডেট্রয়েটে শুক্রবার ও শনিবার সর্বোচ্চ তাপমাত্রা যথাক্রমে ৪৮ ও ৫২ ডিগ্রি ফারেনহাইট হতে পারে। উল্লেখ্য, নভেম্বর মাসে ডেট্রয়েটের গড় সর্বোচ্চ তাপমাত্রা ৪৮ দশমিক ৬ ডিগ্রি ফারেনহাইট।
এদিকে, সপ্তাহান্তের শেষ দিকে আবহাওয়ার পরিবর্তন ঘটতে পারে। ন্যাশনাল ওয়েদার সার্ভিসের পূর্বাভাস বলছে, আকাশ পরিষ্কার ও আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। ফলে রবিবার থেকে আগামী সপ্তাহের শুরু পর্যন্ত তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে।
রবিবার দক্ষিণ-পূর্ব মিশিগানে সর্বোচ্চ তাপমাত্রা ৫৬ থেকে ৫৯ ডিগ্রি ফারেনহাইটের মধ্যে থাকতে পারে। সোমবারও তাপমাত্রা প্রায় একই পর্যায়ে থাকার সম্ভাবনা রয়েছে। ডেট্রয়েটে রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ৫৮ ডিগ্রি ফারেনহাইট হতে পারে এবং সোমবারও তাপমাত্রা কাছাকাছি থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
Source : http://detroitnews.com
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

সুপ্রভাত মিশিগান ডেস্ক :