সেনারা কিংসফোর্ড ও গ্ল্যাডস্টোনভিত্তিক ১৪৩২তম ইঞ্জিনিয়ার কোম্পানির সদস্য/Michigan Army National Guard
ডেট্রয়েট, ৭ নভেম্বর : যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিম সীমান্তে নিরাপত্তা কার্যক্রমে সহায়তার জন্য মিশিগান আর্মি ন্যাশনাল গার্ডের প্রায় ১২৫ সদস্যকে মোতায়েন করা হচ্ছে। তাঁরা সেখানে এক বছর পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
মোতায়েন হতে যাওয়া সেনারা মিশিগানের কিংসফোর্ড ও গ্ল্যাডস্টোনভিত্তিক ১৪৩২তম ইঞ্জিনিয়ার কোম্পানির সদস্য। তাঁরা যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি)-কে সীমান্ত নিরাপত্তা কার্যক্রমে সহায়তা করবেন। এর মাধ্যমে ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা তাঁদের নিজস্ব দায়িত্ব পালনে আরও বেশি মনোযোগ দিতে পারবেন।
এ বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে মিশিগান ডিপার্টমেন্ট অব মিলিটারি অ্যান্ড ভেটেরানস অ্যাফেয়ার্সের পরিচালক ও অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল পল ডি. রজার্স বলেন, প্রয়োজনের সময় দায়িত্ব পালনের আহ্বানে সাড়া দিতে মিশিগানের সেনারা সব সময় প্রস্তুত।
তিনি আরও বলেন, এ মিশনে সেনারা যে পেশাদারিত্ব ও নিষ্ঠার পরিচয় দেবেন, তা নিয়ে তাঁরা গর্বিত। দীর্ঘ সময় দায়িত্ব পালনের ক্ষেত্রে সেনাদের পাশে থেকে অবিচল সমর্থন দেওয়ায় তাঁদের পরিবার ও স্বজনদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।
২০২০ সাল থেকে এ পর্যন্ত দক্ষিণ-পশ্চিম সীমান্তে মিশিগান ন্যাশনাল গার্ডের সদস্যদের মোতায়েনের ঘটনা এটি সপ্তম। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে ২০২০ সালে এবং প্রেসিডেন্ট জো বাইডেনের মেয়াদে ২০২১, ২০২২ ও ২০২৪ সালে এ ধরনের মোতায়েন করা হয়েছিল।
সীমান্তে দায়িত্ব পালনের উদ্দেশ্যে যাত্রার আগে গত অক্টোবরে এসকানাবা হাই স্কুলে আয়োজিত এক বিদায়ী অনুষ্ঠানে সেনারা তাঁদের পরিবারের সদস্য ও আমন্ত্রিত অতিথিদের সঙ্গে সময় কাটান।
Source & Photo: http://detroitnews.com
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

সুপ্রভাত মিশিগান ডেস্ক :