ম্যাডিসন হাইটস, ৯ নভেম্বর : বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির ঐক্য সুদৃঢ় করা, সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং ভবিষ্যৎ উন্নয়নের প্রত্যয় নিয়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগানের (BAM) ২০২৬–২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে।
গতকাল রোববার মিশিগানের ম্যাডিসন হাইটসে অবস্থিত BAM-এর নিজস্ব কার্যালয়ে নির্বাচন-পরবর্তী আনুষ্ঠানিকতা, শপথ গ্রহণ ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে নতুন কমিটির আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা হয়।
নির্বাচন কমিশনার ইঞ্জিনিয়ার আহাদ আহমেদ ও মোহাম্মদ আহাদ নির্বাচন-পরবর্তী আনুষ্ঠানিকতা ও শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন। তাঁরা নবনির্বাচিত সভাপতি, কর্মকর্তা ও কার্যনির্বাহী সদস্যদের পরিচয় করিয়ে দেন এবং নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করেন।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগানের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন—সভাপতি জাবেদ চৌধুরী, নির্বাহী সহসভাপতি সুমন কবির, সহসভাপতি আলী আহমেদ ফারিস, আজহার রহমান ও তারেক জামান; সাধারণ সম্পাদক লুথফুল বি. নিয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক লুথফুর রহমান ও দীপু চৌধুরী; কোষাধ্যক্ষ জসিম চৌধুরী, যুগ্ম কোষাধ্যক্ষ সাইফ ইসলাম; সাংগঠনিক ও অফিস সম্পাদক তাহমিদ চৌধুরী, প্রচার ও তথ্য সম্পাদক সায়েম চৌধুরী, শিক্ষা ও সাহিত্য সম্পাদক মীর তানভীর, ক্রীড়া ও বিনোদন সম্পাদক লিটন সূত্রধর, সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সম্পাদক রসি মীর, যুগ্ম সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সম্পাদক কে. ডি. বাবলু, মহিলা বিষয়ক সম্পাদক সারমিন তানিম এবং যুগ্ম মহিলা বিষয়ক সম্পাদক তানিমা আলম।
কার্যনির্বাহী সদস্যরা হলেন—ওয়াহিদুজ্জামান আগা, মুস্তাক চৌধুরী, রুহেল আমিন, জাফর ইকবাল মল্লিক, সৈয়দ আসাদুজ্জামান, কামাল পাশা, এ. এন. এম. এস. চৌধুরী, সাইমা জেরিন, তানিয়া আক্তার লিমা, জাকের চৌধুরী, মোহাম্মদ মোহাম্মেন হোসেন ও মাহমুদুল হাসান।
অনুষ্ঠানে বক্তব্য দেন নবনির্বাচিত সভাপতি জাবেদ চৌধুরী, নির্বাহী সহসভাপতি সুমন কবির, সাধারণ সম্পাদক লুথফুল বারী নিয়ন, উপদেষ্টা ও সাবেক সভাপতি মতিন চৌধুরী, নির্বাচন কমিশনার ইঞ্জিনিয়ার আহাদ আহমেদ ও মোহাম্মদ আহাদ এবং উপদেষ্টা ইকবাল ফয়েজ শপন।
বক্তারা নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির ঐক্য, পারস্পরিক সহযোগিতা, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং সামাজিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের উদ্যোগে BAM আরও শক্তিশালী, গতিশীল ও কার্যকর সংগঠন হিসেবে কমিউনিটির কল্যাণে ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণীয় ঘোষণা ছিল ২০২৮ সালের ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা (FOBANA) কনভেনশন মিশিগানে আয়োজনের স্বত্ব বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগানের (BAM) অর্জন।
নবনির্বাচিত সভাপতি জাবেদ চৌধুরী আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিয়ে বলেন, FOBANA ২০২৮ মিশিগানের বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির জন্য গর্ব, সম্মান ও নতুন সম্ভাবনার এক গুরুত্বপূর্ণ অর্জন। উত্তর আমেরিকার বৃহৎ এই আয়োজন সফল করতে মিশিগানের সর্বস্তরের বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং পেশাজীবীদের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
তিনি বলেন, “FOBANA ২০২৮ শুধু একটি সম্মেলন নয়; এটি আমাদের ঐক্য, সাংস্কৃতিক পরিচয়, ঐতিহ্য ও সাংগঠনিক সক্ষমতা উত্তর আমেরিকাজুড়ে তুলে ধরার এক অনন্য সুযোগ। আমরা সবাইকে সঙ্গে নিয়ে একটি সফল, মর্যাদাপূর্ণ ও স্মরণীয় আয়োজন উপহার দিতে চাই।”
এ আয়োজন সফল করতে দল-মত ও সংগঠননির্বিশেষে মিশিগানের সব বাংলাদেশি-আমেরিকানকে BAM-এর পাশে থাকার আহ্বান জানান তিনি।
নির্বাহী সহসভাপতি সুমন কবির তাঁর বক্তব্যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগানের প্রতিষ্ঠা, সাংগঠনিক বিকাশ ও বিভিন্ন অর্জনের ইতিহাস তুলে ধরেন। সংগঠনটিকে একটি শক্তিশালী কমিউনিটি প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে সাবেক সভাপতি, উপদেষ্টা ও অতীতের নেতৃবৃন্দের অবদানের কথা স্মরণ করে তাঁদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান তিনি।
যুক্তরাষ্ট্রজুড়ে বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির অব্যাহত সমর্থনের জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করেন সুমন কবির। বিশেষ করে BAM-কে ম্যাকম্ব কাউন্টির বৃহত্তম কমিউনিটি উৎসবগুলোর অন্যতম প্রধান আয়োজক হিসেবে প্রতিষ্ঠিত করতে যাঁরা সহযোগিতা করেছেন, তাঁদের অবদান স্মরণ করেন তিনি। তাঁর ভাষায়, BAM-এর প্রতিটি সাফল্যের পেছনে রয়েছে কমিউনিটির মানুষের ভালোবাসা, ঐক্য, নিষ্ঠা ও সম্মিলিত প্রচেষ্টা।
সাধারণ সম্পাদক লুথফুল বারী নিয়ন সফলভাবে নির্বাচন পরিচালনা এবং নতুন কার্যনির্বাহী কমিটি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য নির্বাচন কমিশনারদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে BAM-এর উপদেষ্টা, সাবেক সভাপতি, বর্তমান নেতৃত্ব এবং সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট সবার অব্যাহত সহযোগিতা ও সমর্থনের জন্য ধন্যবাদ প্রকাশ করেন।
তিনি বলেন, ২০২৬–২০২৮ মেয়াদে BAM-কে আরও শক্তিশালী, গতিশীল, স্বচ্ছ ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তুলতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও ঐক্যের ভিত্তিতে কাজ করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
শপথ গ্রহণ ও পরিচিতি অনুষ্ঠানে মিশিগানের বিভিন্ন বাংলাদেশি-আমেরিকান সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতা, সাবেক কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, পেশাজীবী, সাংবাদিক ও কমিউনিটি অ্যাক্টিভিস্টরা অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন MIBADC-এর সাবেক সভাপতি ড. নাজমুল হাসান শাহীন, সংগঠনটির প্রধান উপদেষ্টা মঞ্জুর শফি চৌধুরী এলিম, বাংলা প্রেস ক্লাব মিশিগানের সাবেক সভাপতি শামীম আহসান, কমিউনিটি অ্যাক্টিভিস্ট শাব্বির খান, সাবেক রোটার্যাক্টর জাবির চৌধুরী, রিয়েল এস্টেট পেশাজীবী মোহাম্মদ উদ্দিন কামাল, লোন অফিসার সানি জাইগিরদার, বাংলাদেশি-আমেরিকান সাংবাদিক ফয়সল আহমেদ মুন্না, মাহমুদুল হক লিটু ও শেবুল আহমেদসহ অনেকে।
এ ছাড়া বিভিন্ন সংগঠন ও কমিউনিটির প্রতিনিধিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি BAM-এর প্রতি কমিউনিটির আস্থা, আগ্রহ ও সহযোগিতার ইতিবাচক প্রতিফলন ঘটায়।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগানের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি সংগঠনকে আরও শক্তিশালী, অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেছে।
নতুন নেতৃত্বের অগ্রাধিকারগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশি সাংস্কৃতিক ঐতিহ্য, ভাষা ও মূল্যবোধ সংরক্ষণ; শিক্ষা, সাহিত্য ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে উৎসাহ প্রদান; তরুণ প্রজন্মের অংশগ্রহণ নিশ্চিত করা এবং তাদের নেতৃত্ব বিকাশের সুযোগ সৃষ্টি। পাশাপাশি বাংলাদেশি-আমেরিকান পরিবারগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক, সম্প্রীতি ও সৌহার্দ্য জোরদার এবং মিশিগানের বিভিন্ন বাংলাদেশি সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের সঙ্গে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
কমিউনিটির ঐক্য, কল্যাণ ও সামগ্রিক উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখার পাশাপাশি FOBANA ২০২৮ সফলভাবে আয়োজনের লক্ষ্যে শক্তিশালী ও সমন্বিত সাংগঠনিক প্রস্তুতি গ্রহণও নতুন কমিটির অন্যতম অগ্রাধিকার।
নতুন কমিটি আশাবাদ ব্যক্ত করেছে, ২০২৬–২০২৮ মেয়াদে সবার সহযোগিতা ও অংশগ্রহণে BAM আরও গতিশীল ও কার্যকর সাংগঠনিক ভূমিকা পালন করবে। একই সঙ্গে FOBANA ২০২৮ সফলভাবে আয়োজনের মধ্য দিয়ে মিশিগানের বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির জন্য গৌরবোজ্জ্বল একটি অধ্যায় রচিত হবে।
সফলভাবে নির্বাচন, শপথ গ্রহণ ও পরিচিতি অনুষ্ঠান সম্পন্ন করতে সহযোগিতার জন্য নির্বাচন কমিশনার, উপদেষ্টা, সাবেক সভাপতি, কমিউনিটি নেতৃবৃন্দ, সম্মানিত অতিথি, গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগান (BAM)। সংগঠনটি বিশ্বাস করে, সবার সম্মিলিত সহযোগিতা, আন্তরিকতা ও সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়েই ভবিষ্যৎ কার্যক্রম আরও সফল, অর্থবহ ও জনকল্যাণমুখী হয়ে উঠবে।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

নিজস্ব প্রতিনিধি :