ডিয়ারবর্নের সালিনা এলিমেন্টারি স্কুল এবং এর খুব কাছে অবস্থিত ডিয়ারবর্ন ইন্ডাস্ট্রিয়াল জেনারেশন বিদ্যুৎ কেন্দ্র/Photo : David Guralnick, The Detroit News
ডিয়ারবর্ন, ৯ নভেম্বর : মিশিগানের ডিয়ারবর্ন শহরের বিভিন্ন স্কুল ও স্থানে ধারাবাহিক বোমা হামলার হুমকির ঘটনা তদন্ত করছে স্থানীয় পুলিশ ও ফেডারেল কর্তৃপক্ষ। এর মধ্যে ৯ নভেম্বর একটি হুমকির পর প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষার্থীদের সরিয়ে নেওয়া হয়।
ডিয়ারবর্ন পাবলিক স্কুলের সুপারিনটেনডেন্ট মাইক এসিলি অভিভাবক ও সংশ্লিষ্ট কমিউনিটির উদ্দেশে পাঠানো এক চিঠিতে জানান, ডিস্ট্রিক্টের কয়েকটি স্কুলে স্বয়ংক্রিয় ফোনকলের মাধ্যমে বোমা হামলার হুমকি দেওয়া হয়। এসব ভয়েসমেইলে সংশ্লিষ্ট স্থানে বোমা থাকার কথা উল্লেখ করা হয়।
চিঠিতে এসিলি বলেন, ‘ডিয়ারবর্ন পুলিশ কর্মকর্তারা ফেডারেল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে দ্রুত তদন্ত চালিয়েছেন। তাঁরা আমাদের নিশ্চিত করেছেন, শিক্ষার্থী ও স্কুলকর্মীদের জন্য কোনো ঝুঁকি নেই। কমিউনিটির অন্যান্য প্রতিষ্ঠানেও একই ধরনের হুমকি দেওয়া হয়েছে।’
ডিস্ট্রিক্টের মুখপাত্র ম্যাট বার্নহার্ট জানান, হুমকির পর শহরের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত সালিনা এলিমেন্টারি স্কুল থেকে শিক্ষার্থীদের সরিয়ে নেওয়া হয়। পরে তাদের সাময়িকভাবে কাছের সালিনা ইন্টারমিডিয়েট স্কুলে স্থানান্তর করা হয়।
এর আগে ৭ নভেম্বর হেনরি ফোর্ড মিউজিয়ামেও একই ধরনের বোমা হুমকি দেওয়া হয়। এ ঘটনার পর মিউজিয়াম থেকে সবাইকে সরিয়ে নেওয়া হয়। পুলিশ ও নিরাপত্তাকর্মীরা ভবনটিতে তল্লাশি চালানোর সময় জনসাধারণকে ওই এলাকা এড়িয়ে চলার অনুরোধ জানানো হয়। তবে তল্লাশিতে কোনো বোমা পাওয়া যায়নি। ৮ নভেম্বর মিউজিয়ামটি যথারীতি খুলে দেওয়া হয়।
এসিলি তাঁর চিঠিতে আরও জানান, স্বয়ংক্রিয় ফোনকলের মাধ্যমে আসা এসব হুমকির উৎস শনাক্ত করতে কাজ করছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।
সুপারিনটেনডেন্ট বলেন, ‘আমরা বুঝতে পারছি, এ ধরনের ঘটনা পরিবারগুলোর মধ্যে উদ্বেগ সৃষ্টি করতে পারে। তবে হুমকির ধরন বা বিশ্বাসযোগ্যতা যা-ই হোক না কেন, আমরা প্রতিটি ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করি। আমাদের স্কুলগুলো নিরাপদ রয়েছে। আমরা সতর্ক আছি এবং আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ অব্যাহত রাখব।’
Source & Photo: http://detroitnews.com
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

সুপ্রভাত মিশিগান ডেস্ক :