আমেরিকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটের প্রায় অর্ধেক গির্জায় সপ্তাহান্তের মাসেস বন্ধের প্রস্তাব ডিয়ারবর্নের স্কুল ও বিভিন্ন স্থানে ধারাবাহিক বোমা হুমকি দক্ষিণ-পূর্ব মিশিগানে সপ্তাহান্তে তুষারপাতের সম্ভাবনা ডেট্রয়েটে ফ্যামিলি ডলারে ছুরিকাঘাত, আহত দুই কর্মী ডেট্রয়েটে বাড়িতে মিলল  স্বামী-স্ত্রীর গুলিবিদ্ধ মরদেহ মিশিগানে প্রস্রাবকে সারে রূপান্তরের উদ্যোগ ডিয়ারবর্নে ICE-এর  অভিযানে গ্রেপ্তার ৩ আমেরিকায় দীপাবলি অনুষ্ঠানে ঢুকে বিদ্বেষমূলক প্ল্যাকার্ড, নিন্দা হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার

ডেট্রয়েটের প্রায় অর্ধেক গির্জায় সপ্তাহান্তের মাসেস বন্ধের প্রস্তাব

  • আপলোড সময় : ১০-১১-২০২৬ ১২:৫৪:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৬ ১২:৫৪:৩৪ পূর্বাহ্ন
ডেট্রয়েটের প্রায় অর্ধেক গির্জায়  সপ্তাহান্তের মাসেস বন্ধের প্রস্তাব
ডেট্রয়েট, ১০ নভেম্বর : ডেট্রয়েট আর্চডায়োসিসের (ক্যাথলিক চার্চের প্রশাসনিক অঞ্চল) সর্বশেষ পুনর্গঠন পরিকল্পনার আওতায় শহরের প্রায় অর্ধেক ক্যাথলিক চার্চে সাপ্তাহিক প্রার্থনা সভা বা ‘মাস’ (Mass) আয়োজন বন্ধ হয়ে যেতে পারে। বিপুলসংখ্যক চার্চে প্রার্থনা বন্ধ হওয়ার সম্ভাবনায় স্থানীয় ক্যাথলিক সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাঁদের আশঙ্কা, ভবিষ্যতে কোথায় গিয়ে প্রার্থনায় অংশ নেবেন এবং এই পরিবর্তনের ফলে তাঁদের দীর্ঘদিনের ধর্মীয় ও সামাজিক ঐতিহ্যের কতটা হারিয়ে যাবে।
সদস্যসংখ্যা কমে যাওয়া, পুরোনো ভবনের রক্ষণাবেক্ষণ এবং যাজকের সংকটের কারণে আর্চডায়োসিস তাদের কার্যক্রমকে বর্তমান পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার উদ্যোগ নিয়েছে। এই পুনর্গঠন পরিকল্পনায় সবচেয়ে বেশি প্রভাব পড়তে যাচ্ছে ডেট্রয়েট শহরে। শহরের পূর্বাঞ্চল থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চল পর্যন্ত বিভিন্ন এলাকায় এসব চার্চ অবস্থিত। এর অনেকগুলোর বয়স ১০০ বছরেরও বেশি।
গত মাসে ডেট্রয়েট আর্চডায়োসিস দক্ষিণ-পূর্ব মিশিগানের পাঁচটি কাউন্টির ১৫টি পরিকল্পনা এলাকার জন্য হালনাগাদ পুনর্গঠন মডেল প্রকাশ করে। স্থানীয় ক্যাথলিক সম্প্রদায়ের সদস্যদের কাছ থেকে কয়েক মাস ধরে পাওয়া মতামতের ভিত্তিতে তৈরি এসব মডেলে বিভিন্ন প্যারিশ (চার্চভিত্তিক ধর্মীয় এলাকা) একীভূত করার সম্ভাব্য প্রস্তাব তুলে ধরা হয়েছে। এর মধ্যে তিনটি পরিকল্পনা এলাকা বিশেষভাবে ডেট্রয়েট শহরকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। প্রতিটি এলাকার জন্য প্রস্তাব করা হয়েছে দুটি করে বিকল্প মডেল।
ডেট্রয়েট শহরের সীমানার মধ্যে বর্তমানে প্রায় ৩৯টি ক্যাথলিক চার্চে ধর্মীয় কার্যক্রম চালু রয়েছে। প্রস্তাবিত দুটি মডেলেই ১৬টি চার্চে শনিবার সন্ধ্যা কিংবা রবিবারের সাপ্তাহিক প্রার্থনা সভা বা ‘মাস’ বন্ধ রাখার প্রস্তাব রয়েছে। অর্থাৎ, শহরের মোট ক্যাথলিক চার্চের প্রায় ৪১ শতাংশে নিয়মিত সপ্তাহান্তের প্রার্থনা বন্ধ হতে পারে। এ ছাড়া বিকল্প মডেলগুলোর একটিতে আরও চারটি চার্চে সপ্তাহান্তের প্রার্থনা বন্ধের প্রস্তাব রয়েছে। সব মিলিয়ে ২০টি চার্চে প্রার্থনা বন্ধ হলে তা শহরের মোট ক্যাথলিক চার্চের প্রায় ৫১ শতাংশকে প্রভাবিত করবে।
ডেট্রয়েটের ডেলরে এলাকার সাউথ স্ট্রিটে অবস্থিত ‘হোলি ক্রস প্যারিশ’-এর আজীবন সদস্য শার্লি কোভাকস বলেন, “বিশ্বাস, সংস্কৃতি ও পারিবারিক ইতিহাসের কেন্দ্রস্থল একটি পবিত্র স্থানে প্রার্থনা আয়োজন বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা আমার কাছে অত্যন্ত বেদনাদায়ক।”
উল্লেখ্য, যেসব গির্জায় সপ্তাহান্তের প্রার্থনা বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে, সেগুলোর মধ্যে হোলি ক্রস প্যারিশও রয়েছে।
কোভাকস জানান, শান্ত ও মনোরম পরিবেশে অবস্থিত তাঁর এই গির্জাটি মিশিগানের একমাত্র হাঙ্গেরীয় ক্যাথলিক গির্জা। বিংশ শতাব্দীর শুরুর দিকে এর যাত্রা শুরু হয়। বর্তমান গির্জা ভবনটি চালু হয় ১৯২৫ সালে।
আর্চডায়োসিসের কর্মকর্তারা সরাসরি বলেননি যে পুনর্গঠন পরিকল্পনার আওতায় থাকা গির্জাগুলো বন্ধ করে দেওয়া হবে। তবে তাঁরা স্বীকার করেছেন, প্রতিটি গুচ্ছের দায়িত্বে থাকা যাজক বা পাস্টর চাইলে সংশ্লিষ্ট গির্জা বন্ধ করার সিদ্ধান্ত নিতে পারেন। এটি পুনর্গঠন প্রক্রিয়ার সম্ভাব্য বিকল্পগুলোর একটি।
আর্চডায়োসিসের প্যারিশ নবায়ন কার্যক্রমের নির্বাহী পরিচালক রেভারেন্ড মারিও আমোরে এই পুনর্গঠন প্রক্রিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি। তিনি স্বীকার করেছেন, ডেট্রয়েটের অনেক গির্জায় সপ্তাহান্তের প্রার্থনা বা ‘উইকেন্ড মাস’ বন্ধ হয়ে যেতে পারে।
এক বিবৃতিতে আমোরে বলেন, “যেসব ক্যাথলিক এই সম্প্রদায়গুলোকে ভালোবাসেন এবং এখানে প্রার্থনা করেছেন, ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করেছেন ও নিজেদের জীবন গড়ে তুলেছেন, তাঁদের কাছে এই পরিবর্তনের তাৎপর্য কতটা গভীর, তা আমাদের কোনোভাবেই খাটো করে দেখা উচিত নয়।” তিনি আরও বলেন, আর্চডায়োসিসের দায়িত্ব কেবল “একই সংখ্যক ভবন টিকিয়ে রাখা” নয়।
আমোরে বলেন, “আমাদের লক্ষ্য হলো, ডেট্রয়েটে ক্যাথলিক চার্চের কার্যক্রম যেন আগামী প্রজন্মের জন্য অব্যাহত, প্রাণবন্ত ও টেকসই থাকে, তা নিশ্চিত করা। এ জন্য এখনই কিছু কঠিন সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। যাতে ভবিষ্যতে টিকে থাকা প্যারিশগুলোতে প্রার্থনা, ধর্মীয় সেবা, সুসমাচার প্রচার ও জনকল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় যাজক, জনবল ও সম্পদ নিশ্চিত করা যায়।”
এই হিসাবের মধ্যে ডেট্রয়েটের ‘সেন্ট এলিজাবেথ প্যারিশ’ অন্তর্ভুক্ত নয়। সম্প্রতি এটি ‘নেটিভিটি অব আওয়ার লর্ড চার্চ’-এর সঙ্গে একীভূত হয়েছে। ফলে এটি এখন আর স্বতন্ত্র গির্জা হিসেবে বিবেচিত হচ্ছে না।
যেসব গির্জায় সপ্তাহান্তের প্রার্থনা বন্ধ হয়ে যেতে পারে, সেগুলোর মধ্যে রয়েছে গ্রস পয়েন্টের কাছে অবস্থিত ‘সেন্ট ম্যাথিউ’, শহরের কেন্দ্রস্থলের ‘সেন্ট অ্যালয়েসিয়াস’ এবং ডিয়ারবর্ন হাইটস ও ডেট্রয়েটের সীমান্তবর্তী এলাকার ‘সেন্ট হুয়ান দিয়েগো’।
ডেট্রয়েটের বিভিন্ন প্যারিশের অনেক সদস্যের আশঙ্কা, গির্জাগুলোতে প্রার্থনা বন্ধ হয়ে গেলে শহরের বিস্তীর্ণ এলাকায় ক্যাথলিক সম্প্রদায়ের নিয়মিত ধর্মীয় উপস্থিতি কমে যাবে। তাঁদের কেউ কেউ মনে করেন, ঐতিহাসিক গুরুত্ব কিংবা নির্দিষ্ট জাতিগোষ্ঠীর মানুষের ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয়ের সঙ্গে গভীরভাবে যুক্ত হওয়ায় এসব গির্জা সংরক্ষণ করা প্রয়োজন। প্রার্থনা বন্ধ হওয়ার আশঙ্কায় থাকা গির্জাগুলোর সদস্যরা এখন নিজেদের উপাসনালয় টিকিয়ে রাখার উপায় খুঁজছেন।
ডেট্রয়েটের পূর্বাঞ্চলে অবস্থিত ‘সেন্ট অগাস্টিন-সেন্ট মনিকা প্যারিশ’-এর সদস্য ব্রেন্ডা মার্শাল বলেন, “আমরা কীভাবে আমাদের গির্জাটি খোলা রাখা যায় এবং সাপ্তাহিক প্রার্থনা অব্যাহত রাখা সম্ভব, সেই উপায় খুঁজছি।”
আমোরে জানান, আর্চডায়োসিসের বিভিন্ন প্যারিশের প্রধানদের দ্বিতীয় পর্যায়ের খসড়া পুনর্গঠন মডেলের ওপর তাঁদের মতামত বা প্রতিক্রিয়া ১৬ নভেম্বরের মধ্যে জমা দিতে বলা হয়েছে।

পুনর্গঠনের পেছনের 
কারণসমূহ
দক্ষিণ-পূর্ব মিশিগানজুড়ে ১০৬টি গির্জায় পুনর্গঠন পরিকল্পনার অন্তত একটি মডেল অনুযায়ী শনিবার সন্ধ্যার বিশেষ প্রার্থনা (স্যাটারডে ভিজিল) কিংবা রবিবারের প্রার্থনা বা ‘মাস’ (সানডে মাস) আর অনুষ্ঠিত হবে না। ডিয়ারবর্ন হাইটস, সেন্ট ক্লেয়ার শোরস ও ট্রয়সহ কয়েকটি শহরে সর্বোচ্চ তিনটি করে গির্জা এই পরিবর্তনের আওতায় পড়তে পারে। তবে সবচেয়ে বেশি প্রভাব পড়বে ডেট্রয়েটে। পুনর্গঠন পরিকল্পনা চূড়ান্ত হওয়ার পর আগামী বছর থেকে তা বাস্তবায়ন শুরু হওয়ার কথা রয়েছে।
আমোরে জানান, ডেট্রয়েটের অনেক ক্যাথলিক গির্জা এমন সময়ে নির্মিত হয়েছিল, যখন সংশ্লিষ্ট এলাকাগুলোতে ক্যাথলিক জনগোষ্ঠীর সংখ্যা ছিল উল্লেখযোগ্য। সেন্ট ফ্রান্সিস ডি’অ্যাসিসি চার্চসহ অনেক গির্জা মূলত নির্দিষ্ট জনগোষ্ঠীর ধর্মীয় সেবা দেওয়ার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল। এসব জনগোষ্ঠীর মধ্যে পোলিশ অভিবাসীরাও ছিলেন।
আমোরে বলেন, “প্রজন্মের পর প্রজন্ম ধরে এসব জনগোষ্ঠীর মানুষ প্রথমে শহরের কাছাকাছি উপশহরগুলোতে এবং পরে দক্ষিণ-পূর্ব মিশিগানের আরও দূরবর্তী এলাকায় চলে গেছেন। চার্চ কর্তৃপক্ষ কয়েক দশক ধরেই এই জনবিন্যাসের পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করছে।”
তিনি জানান, ডেট্রয়েটের ক্যাথলিক গির্জাগুলোতে সপ্তাহান্তের প্রার্থনায় মোট উপস্থিতি প্রায় ১৪ হাজার ৩৬১ জন। অথচ এসব গির্জায় মোট আসনসংখ্যা প্রায় ৩৪ হাজার। আমোরের হিসাব অনুযায়ী, প্রতিটি গির্জায় সপ্তাহান্তে মাত্র একটি করে প্রার্থনার আয়োজন করা হলেও মোট আসনের বিপরীতে উপস্থিতির হার হবে প্রায় ৪২ শতাংশ। অর্থাৎ, প্রতি ১০টি আসনের মধ্যে গড়ে চারটি পূর্ণ হবে।
অন্যদিকে, “এই সুন্দর ও ঐতিহাসিক গির্জাগুলোতে” বর্তমানে প্রায় ২৩.৫ মিলিয়ন ডলারের রক্ষণাবেক্ষণ ও সংস্কারকাজ প্রয়োজন। এসব কাজের জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান নেই বলেও জানান তিনি।
আমোরে বলেন, “বর্তমান পরিস্থিতির পেছনে কয়েকটি বাস্তব কারণ একসঙ্গে কাজ করছে। এর মধ্যে রয়েছে যাজকদের অবসরের সময় ঘনিয়ে আসা, পুরোনো গির্জা ভবনগুলোর সংস্কারে বড় অঙ্কের বিনিয়োগের প্রয়োজন, অনেক প্যারিশের আর্থিক সংকট এবং বর্তমানে প্রার্থনায় অংশগ্রহণকারীর সংখ্যার তুলনায় গির্জাগুলোর আসনসংখ্যা অনেক বেশি হওয়া।”

ওয়েস্টসাইডের প্যারিশটি 
সমাজসেবায়ও অনন্য
ডেট্রয়েটের যে ১৯টি প্যারিশে সাপ্তাহিক ধর্মীয় উপাসনা বা ‘মাস’ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, সেগুলোর অনেকগুলোই বিভিন্ন এলাকার গভীরে অবস্থিত এবং স্থানীয় জনজীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে।
ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে ওয়েস্ট শিকাগো অ্যাভিনিউতে অবস্থিত ‘সেন্ট সুজান-আওয়ার লেডি গেট অব হেভেন’ প্যারিশে গত ৫ নভেম্বরের এক প্রার্থনা অনুষ্ঠানে ছয়জন প্যারিশ সদস্য ও একজন ডিকন (ধর্মীয় সেবক) উপস্থিত ছিলেন। এই সম্প্রদায়ের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক এতটাই নিবিড় যে, প্রার্থনা পরিচালনার সময় ডিকন প্রত্যেকের নাম ধরে তাঁদের পবিত্র রুটি বা কমিউনিয়ন গ্রহণের জন্য আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষে সবাই মিলে ‘জিসাস ইন দ্য মর্নিং’ (Jesus in the Morning) শিরোনামের একটি আধ্যাত্মিক সংগীত পরিবেশন করেন।
ডেট্রয়েটের বাসিন্দা সিলভিয়া ওয়াকার জানান, তিনি ২০ বছরেরও বেশি সময় ধরে এই গির্জার সদস্য।
ওয়াকার বলেন, “আমার মনে হয়, আর্চডায়োসিসের কর্মকর্তারা যদি এখানে এসে আমাদের সঙ্গে প্রার্থনায় অংশ নিতেন, তাহলে তাঁরা বুঝতে পারতেন, আমরা কতটা গভীর বিশ্বাসী এবং আনন্দময় একটি উপাসক সম্প্রদায়। বৃহত্তর সমাজের জন্যও আমরা গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছি।”
তিনি জানান, প্যারিশটি আর্থিকভাবে কোনো সংকটে নেই।
এই প্যারিশের গায়কদলের সদস্য ওয়াকার আরও বলেন, “মানুষ যদি দেখতে পেত, আমরা কীভাবে একে অপরের সঙ্গে মিশি, পরস্পরের অনুভূতি ভাগ করে নিই... আমাদের মধ্যে যে ভালোবাসা রয়েছে, তা যদি তারা অনুভব করতে পারত, তাহলে বুঝতে পারত, কেন এই গির্জাটি খোলা রাখা জরুরি।”
তিনি আরও জানান, গির্জাটিতে হুইলচেয়ার নিয়ে প্রবেশের ব্যবস্থা রয়েছে। সম্প্রতি সেখানে নতুন পিয়ানো, সাউন্ড সিস্টেম ও বয়লার স্থাপন করা হয়েছে।
প্যারিশের সদস্য স্টিভ ওয়াসকো জানান, ২০১৮ সালে ‘সেন্ট সুজান-আওয়ার লেডি গেট অব হেভেন’ গির্জা তাদের পুরোনো স্কুল ভবনে একটি ‘কমিউনিটি রিসোর্স সেন্টার’ বা সামাজিক সহায়তা কেন্দ্র চালু করে। ‘সেন্ট সুজান কোডি রুজ কমিউনিটি রিসোর্স সেন্টার’ নামের এই প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ওয়াসকো। কেন্দ্রটিতে স্থানীয় বাসিন্দাদের জন্য প্রবীণদের মধ্যাহ্নভোজ, খাদ্য ও পোশাক বিতরণ এবং তরুণদের উন্নয়নমূলক কর্মসূচিসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালিত হয়।
কেন্দ্রটি পরিচালনাকারী অলাভজনক সংস্থা গির্জা কর্তৃপক্ষকে ভবন ব্যবহারের জন্য ভাড়া দেয়। এই আয় প্যারিশের আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করছে।
গির্জাটির ঠিক বিপরীত পাশে বসবাসকারী লেন্ডেন টেরি আশা প্রকাশ করেন, গির্জাটি যেন বন্ধ না হয়।
তিনি বলেন, “স্থানীয় সম্প্রদায়ের জন্য এই গির্জা অনেক কিছু করে।”
৬৩ বছর বয়সী টেরি জানান, তিনি ‘সেন্ট সুজান কোডি রুজ কমিউনিটি রিসোর্স সেন্টার’-এর প্রবীণদের জন্য পরিচালিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন। এ ছাড়া, কেন্দ্রটি তাঁর বিদ্যুৎ ও পানির মতো ইউটিলিটি বিল পরিশোধেও সহায়তা করেছে। তিনি নিয়মিত এই কেন্দ্র থেকে খাদ্য সহায়তাও পেয়ে থাকেন। টেরি বলেন, “এই রিসোর্স সেন্টারটি স্থানীয় সম্প্রদায়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

পূর্বাঞ্চলের প্যারিশটি 
আরও বিকশিত হতে চায়
ডেট্রয়েটের পূর্বাঞ্চলে অবস্থিত ‘সেন্ট অগাস্টিন-সেন্ট মনিকা প্যারিশ’-এর আজীবন সদস্য ব্রেন্ডা মার্শাল জানান, আর্চডায়োসিসের পুনর্গঠন পরিকল্পনা নিয়ে তিনি এবং প্যারিশের অন্য সদস্যরা উদ্বিগ্ন। কারণ, প্রস্তাবিত কোনো মডেলেই এই প্যারিশে সপ্তাহান্তের ‘মাস’ (ক্যাথলিক ধর্মীয় উপাসনা) আয়োজনের সুযোগ রাখা হয়নি।
মার্শাল জানান, এই প্যারিশে ২৭ বছর ধরে যাজক হিসেবে দায়িত্ব পালন করা মনসিনিয়র ড্যানিয়েল ট্র্যাপ ২০২৪ সালে মারা যান।
মার্শাল বলেন, “তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। সবার সঙ্গে তাঁর গভীর সম্পর্ক ছিল। দীর্ঘদিন ধরে তিনি প্যারিশের সদস্যদের বিভিন্ন ভালো কাজ করতে অনুপ্রাণিত করেছেন এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর মৃত্যু প্যারিশ পরিবারের জন্য ছিল অত্যন্ত বেদনাদায়ক ও বড় ধাক্কা। এরপর কিছু সময়ের জন্য আমরা যেন অভিভাবকহীন হয়ে পড়েছিলাম, দিকনির্দেশনারও অভাব অনুভব করছিলাম।”
তিনি জানান, পরবর্তী সময়ে প্যারিশটিতে একজন মডারেটর নিয়োগ দেওয়া হয়। তবে তিনি সেখানকার পরিবেশ ও পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারছিলেন না।
এরপর গত বছর থেকে জোসেফাইট (Josephite) সম্প্রদায়ের যাজকরা গির্জাটিতে ধর্মীয় সেবা দেওয়া শুরু করেন। মার্শালের ভাষায়, তাঁরা “অত্যন্ত নিবেদিতপ্রাণ ও উদ্যমী”। তাঁর মতে, দীর্ঘদিন ধরে গির্জায় উপস্থিতি কমে যাওয়ার পর এখন আবার মানুষের সমাগম বাড়তে শুরু করেছে।
ডেট্রয়েটের বাসিন্দা মার্শাল জানান, পুনর্গঠন পরিকল্পনা নিয়ে আর্চডায়োসিসের কাছে নিজেদের মতামত তুলে ধরতে প্যারিশের নেতারা বিভিন্ন ফর্ম পূরণ করছেন। প্যারিশটির কার্যক্রম আরও বিকশিত হওয়ার সুযোগ দিতে তাঁরা আর্চডায়োসিসের কাছে এক থেকে দুই বছর সময় চেয়ে আবেদন করার পরিকল্পনা করছেন।

মার্শাল জানান, তাঁর প্যারিশসহ ডেট্রয়েটের অন্যান্য প্যারিশেও এমন অনেক সদস্য রয়েছেন, যাঁরা গাড়ি চালাতে পারেন না। আবার বয়সের কারণে অনেকের পক্ষে দূরের গির্জায় হেঁটে যাওয়াও সম্ভব নয়।
তিনি বলেন, “সবচেয়ে কষ্টদায়ক বিষয় হলো, অনেকে আমাকে বলেছেন, ‘এমনটা ঘটলে আর কোনোভাবেই গির্জায় প্রার্থনায় অংশ নিতে পারব না।’”
মার্শাল আরও বলেন, “আবার কেউ কেউ বলছেন, ‘আমরা এতটাই ক্লান্ত ও হতাশ হয়ে পড়েছি যে, ক্যাথলিক বিশ্বাসের চর্চা আদৌ চালিয়ে যাব কি না, তা নিয়েও ভাবছি।’ বিষয়টি কতটা হৃদয়বিদারক, একবার ভেবে দেখুন।”
আমোরে জানান, যাতায়াত ও গির্জায় পৌঁছানোর বিষয়টি যে একটি বাস্তব সমস্যা, তা আর্চডায়োসিসও স্বীকার করে। বিশেষ করে বয়স্ক ব্যক্তি এবং যাঁদের পক্ষে অন্য কোনো গির্জায় যাতায়াত করা কঠিন, তাঁদের জন্য বিষয়টি আরও জটিল।
এক বিবৃতিতে তিনি বলেন, “বিভিন্ন প্যারিশের সম্প্রদায়গুলো একীভূত হলে যাতায়াতের বিষয়টি পুনর্গঠন পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে। আর্চডায়োসিস প্রতিটি প্যারিশকে তাদের সদস্যদের প্রয়োজন মূল্যায়ন করতে এবং কার্যকর সমাধান খুঁজে বের করতে উৎসাহিত ও সহায়তা করবে। এর মধ্যে যাতায়াতের সমন্বয়, স্বেচ্ছাসেবকদের মাধ্যমে পরিবহনের ব্যবস্থা কিংবা স্থানীয় পর্যায়ে বিকল্প উদ্যোগ গ্রহণের বিষয়গুলোও থাকতে পারে।”
‘সেন্ট অগাস্টিন-সেন্ট মনিকা’ প্যারিশটি ম্যাক অ্যাভিনিউয়ের (Mack Avenue) খুব কাছেই অবস্থিত। মার্শাল জানান, ম্যাক করিডোর এলাকাকে নতুন করে প্রাণবন্ত করে তোলার উদ্যোগ চলছে। এই করিডোরে অবস্থিত অন্য ক্যাথলিক গির্জাটি হলো গ্রস পয়েন্ট পার্কের ‘সেন্ট ক্লেয়ার অব মন্টেফালকো’। তবে পুনর্গঠন পরিকল্পনার একটি মডেল অনুযায়ী, সেখানেও সপ্তাহান্তের প্রার্থনা বা ‘মাস’ বন্ধ হয়ে যেতে পারে।
মার্শালের আশঙ্কা, এই দুটি প্যারিশেই যদি সপ্তাহান্তের প্রার্থনা বন্ধ হয়ে যায়, তাহলে ম্যাক করিডোর এলাকায় ক্যাথলিক সম্প্রদায়ের নিয়মিত ধর্মীয় উপস্থিতি আর থাকবে না।
মার্শাল ‘ন্যাশনাল ব্ল্যাক ক্যাথলিক হিস্ট্রি মান্থ’ (জাতীয় কৃষ্ণাঙ্গ ক্যাথলিক ইতিহাস মাস) উপলক্ষে আয়োজিত বার্ষিক অনুষ্ঠানের আয়োজনে সহায়তা করেন। এ বছর ২১ নভেম্বর ডেট্রয়েটের ‘স্যাক্রেড হার্ট মেজর সেমিনারি’তে অনুষ্ঠানটি আয়োজনের কথা রয়েছে। এতে কৃষ্ণাঙ্গ ক্যাথলিকদের ইতিহাস নিয়ে আলোচনা, জপমালা প্রার্থনা (রোজারি) এবং পবিত্র খ্রিস্টযাগ বা ‘মাস’ অনুষ্ঠিত হবে।
মার্শালের ভাষায়, এই আয়োজন “ধর্মপ্রচারের একটি মাধ্যম”।
তিনি বলেন, “চার্চ সম্পর্কে তথ্য ছড়িয়ে দেওয়া এবং ক্যাথলিকদের কাছে চার্চের ব্যাপকতা ও সৌন্দর্য আরও ভালোভাবে তুলে ধরতেই আমরা এই আয়োজন করি।”

১৮৯০ সালে যাত্রা, এবার
 প্রার্থনা বন্ধের শঙ্কা
ডেট্রয়েটের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওয়েসন স্ট্রিটে অবস্থিত ‘সেন্ট ফ্রান্সিস ডি’অ্যাসিসি’ (St. Francis D’Assisi) গির্জায় প্রস্তাবিত পুনর্গঠন পরিকল্পনার কোনো মডেলেই সপ্তাহান্তের প্রার্থনা বা ‘মাস’ (Mass) আয়োজনের সুযোগ রাখা হয়নি। গির্জাটির সদস্য ওয়াল্টার গ্লিঙ্কা এ সিদ্ধান্তের সম্ভাবনাকে ‘খুবই খারাপ’ বলে অভিহিত করেছেন। তাঁর মতে, এটি ডেট্রয়েটের অন্যতম ঐতিহাসিক গির্জা।
‘ডেট্রয়েট হিস্টোরিক্যাল সোসাইটি’র তথ্য অনুযায়ী, ১৮৯০ সালে এই গির্জায় প্রথম ‘মাস’ অনুষ্ঠিত হয়। গ্লিঙ্কা জানান, ১৯২৮ সালে এটি ডেট্রয়েট আর্চডায়োসিসের প্রথম পবিত্রকৃত (Consecrated) গির্জার মর্যাদা লাভ করে। সে সময় পুরো যুক্তরাষ্ট্রে এ ধরনের মর্যাদা পাওয়া গির্জার মধ্যে এটি ছিল পঞ্চম।
গ্লিঙ্কার ভাষায়, “ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় সেন্ট ফ্রান্সিস ডি’অ্যাসিসি গির্জাটিতে কোনো ধরনের পরিবর্তন বা হস্তক্ষেপ করা একেবারেই উচিত নয়।”
গির্জাটি ‘সেন্ট ফ্রান্সিস ডি’অ্যাসিসি-সেন্ট হেডউইগ প্যারিশ’-এর অন্তর্ভুক্ত দুটি উপাসনালয়ের একটি। পুনর্গঠনের উভয় প্রস্তাবিত মডেলেই অন্য গির্জা ‘সেন্ট হেডউইগ’-এ সপ্তাহান্তের প্রার্থনা বা ‘মাস’ চালু রাখার প্রস্তাব রয়েছে।
ডেট্রয়েটের বাসিন্দা গ্লিঙ্কা আজীবন সেন্ট ফ্রান্সিস ডি’অ্যাসিসি প্যারিশের সদস্য। এই গির্জাতেই তিনি জীবনের সব ধর্মীয় সংস্কার (Sacraments) সম্পন্ন করেছেন। এ ছাড়া তিনি সেন্ট হেডউইগ হাইস্কুলেও পড়াশোনা করেছেন।
৭২ বছর বয়সী গ্লিঙ্কা বলেন, সেন্ট ফ্রান্সিস ডি’অ্যাসিসিতে প্রার্থনা বন্ধ হয়ে গেলে এবং সপ্তাহান্তের উপাসনায় অংশ নিতে তাঁকে শুধু সেন্ট হেডউইগে যেতে হলে তাঁর অনুভূতি হবে একই সঙ্গে আনন্দ ও বেদনার। কারণ, গির্জা দুটি তাঁর কাছে ‘নিজের বাড়ির মতো’।
তিনি বলেন, “এর একটি দিক কষ্টের। কারণ, শৈশবের সেই প্যারিশে আর ফিরে যেতে পারব না। তবে অন্য দিকটি আনন্দের, কারণ আমার আরেকটি আপন গির্জা সেন্ট হেডউইগে যেতে পারব। সেটিও আমার কাছে নিজের প্যারিশের মতোই।”

গির্জা একটি 
'জীবন্ত স্মৃতিস্তম্ভ'
প্যারিশের সদস্য কোভাকস জানান, ‘হোলি ক্রস হাঙ্গেরিয়ান রোমান ক্যাথলিক চার্চ’ কেবল একটি ভবন নয়; এটি হাঙ্গেরীয় অভিবাসীদের হাতে গড়ে ওঠা একটি ‘জীবন্ত স্মৃতিস্তম্ভ’। এই গির্জায় ইংরেজি ও হাঙ্গেরীয়—উভয় ভাষায় প্রার্থনা বা ‘মাস’ অনুষ্ঠিত হয়।
কোভাকস বলেন, “নিজের পূর্বপুরুষদের ভাষায় প্রার্থনা করার মধ্যে এক অনন্য তাৎপর্য রয়েছে। এটি আমাদের হৃদয়ের সঙ্গে এমনভাবে সংযোগ স্থাপন করে, যা ইংরেজি ভাষায় কখনোই সম্ভব নয়।”
ডেট্রয়েটের ‘সেন্ট হায়াসিন্থ রোমান ক্যাথলিক চার্চের’ পঞ্চম প্রজন্মের সদস্য জেনিফার বার্থ জানান, প্রস্তাবিত দুটি পুনর্গঠন মডেলের কোনোটিতেই তাঁদের গির্জায় সপ্তাহান্তের প্রার্থনা বা ‘মাস’ চালু রাখার সুযোগ নেই। বিষয়টি তাঁদের জন্য অত্যন্ত দুঃখজনক। তাঁর মতে, কোনো গির্জায় নিয়মিত প্রার্থনা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা প্যারিশের বহু মানুষের জীবনে প্রভাব ফেলবে।
বার্থ আরও বলেন, “আমাদের মনে হয়, আর্চডায়োসিসের উচিত ছিল প্যারিশগুলোর সঙ্গে আরও বেশি যোগাযোগ রাখা। শুধু আমাদের গির্জার ক্ষেত্রে নয়, যেসব গির্জায় আর নিয়মিত প্রার্থনা অনুষ্ঠিত হবে না, সেগুলোর প্রতিটির ক্ষেত্রেই বিষয়টি প্রযোজ্য।”
তিনি জানান, তিনি ও প্যারিশের অন্য সদস্যরা আশা করেছিলেন, আর্চডায়োসিসের কর্মকর্তারা তাঁদের গির্জায় এসে সদস্যদের উদ্বেগের কথা শুনবেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন।
আমোরে জানান, খসড়া পুনর্গঠন পরিকল্পনায় যেসব প্যারিশে সপ্তাহান্তের ‘মাস’ আয়োজনের ব্যবস্থা রাখা হয়নি, সেসব প্যারিশ থেকেও একই ধরনের উদ্বেগ ও প্রতিক্রিয়া পাওয়া গেছে।
তিনি বলেন, “আমরা জানি, আর্চডায়োসিসের প্রতিটি প্যারিশ তার সদস্য, কর্মী ও যাজকদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশেষ করে ডেট্রয়েট শহরের প্যারিশগুলোর সঙ্গে প্রজন্মের পর প্রজন্ম ধরে বহু পরিবারের গভীর সম্পর্ক গড়ে উঠেছে।”
আমোরে আরও জানান, আর্চডায়োসিসের কেন্দ্রীয় প্রশাসনিক কার্যালয় বা ‘কিউরিয়া’ বর্তমানে সীমিত জনবল নিয়ে কাজ করছে। এই সীমাবদ্ধতা মোকাবিলায় আর্চডায়োসিস ২০০ জনেরও বেশি স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ দিয়েছে। তাঁরা স্বেচ্ছায় সময় দিয়ে বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নিয়েছেন এবং পুরো আর্চডায়োসিস এলাকায় প্যারিশ সদস্যদের মতামত শোনার অধিবেশন পরিচালনা করেছেন।
আমোরে জানান, সেন্ট হায়াসিন্থ প্যারিশে আয়োজিত এমনই একটি অধিবেশনে সদস্যদের পক্ষ থেকে উত্থাপিত বিস্তারিত প্রশ্নগুলোরও উত্তর দিয়েছে আর্চডায়োসিস।

প্রার্থনা বন্ধের প্রস্তাবে 
হতাশ প্যারিশ সদস্যরা
ডেট্রয়েটের পশ্চিম দিকে এভারগ্রিন রোডে অবস্থিত ‘সেন্ট হুয়ান দিয়েগো প্যারিশে’ প্রস্তাবিত পুনর্গঠন মডেলগুলোর কোনোটিতেই সপ্তাহান্তে ‘মাস’ (ধর্মীয় প্রার্থনা সভা) আয়োজনের ব্যবস্থা রাখা হয়নি। প্যারিশের যাজক ফাদার নোয়েল ইমানুয়েল কর্নেলিও জানিয়েছেন, এ সিদ্ধান্তে সদস্যরা ‘বেশ হতাশ’।
কর্নেলিও বলেন, ‘প্যারিশের সদস্যরা পুনর্গঠনের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন। তবে এই প্রক্রিয়ায় যেন এমন পরিস্থিতি তৈরি না হয়, যেখানে যাদের সেবা করার জন্য গির্জার অস্তিত্ব, তারাই অবহেলিত হন।’
তিনি জানান, প্যারিশের কয়েকজন সদস্য তাঁকে বলেছেন, এখানে নিয়মিত ‘মাস’ বন্ধ হয়ে গেলে তাঁরা আর ক্যাথলিক উপাসনায় অংশ নেবেন না।
কর্নেলিওর প্যারিশের অধিকাংশ সদস্য হিস্পানিক সম্প্রদায়ের। গির্জাটিতে প্রায় ৩০০ জনের বসার ব্যবস্থা রয়েছে। যাজকের ভাষ্য অনুযায়ী, রোববার সকাল ১১টার স্প্যানিশ ভাষার ‘মাসে’ প্রায় সব আসন পূর্ণ থাকে। অন্যদিকে, শনিবার সন্ধ্যার ‘ভিজিল’ (প্রাক-রবিবার প্রার্থনা সভা) এবং রবিবার সকাল ৯টার প্রার্থনা সভা—যেগুলো ইংরেজি ভাষায় হয়—সেগুলোতে তুলনামূলক কম মানুষ উপস্থিত থাকেন।
কর্নেলিও জানান, প্যারিশের অনেক সদস্য দূরের কোনো গির্জায় গিয়ে উপাসনায় অংশ নিতে চান না। তাঁদের আশঙ্কা, সেখানে যাওয়ার পথে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা (আইসিই)-এর কর্মকর্তাদের হাতে তাঁরা আটক হতে পারেন।
তিনি আরও বলেন, ‘সেন্ট হুয়ান দিয়েগো’ গির্জাটি তরুণদের ধর্মীয় কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠতে পারে। এর কাছেই রয়েছে হেনরি ফোর্ড কলেজ ও ইউনিভার্সিটি অব মিশিগান-ডিয়ারবর্ন। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গির্জাটিতে প্রার্থনায় অংশ নিতে আসেন।
‘সেন্ট হুয়ান দিয়েগো’ প্যারিশের অধীনে আগে দুটি গির্জা ছিল—‘সেন্ট ক্রিস্টোফার’ ও ‘সেন্ট থমাস অ্যাকুইনাস’। তবে গত জানুয়ারিতে ‘সেন্ট ক্রিস্টোফার’ গির্জাটি বন্ধ করে দেওয়া হয়। প্যারিশের সদস্য জেফ স্টাওয়াশ জানান, গির্জাটি হারিয়ে পুরো সম্প্রদায় গভীর শোক, কষ্ট ও মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে গেছে।
নতুন প্রস্তাবে সপ্তাহান্তের প্রার্থনা বা ‘মাস’ বন্ধের বিষয়টি উল্লেখ করে স্টাওয়াশ বলেন, ‘আগের সেই শোকই আমরা কাটিয়ে উঠতে পারিনি। এরই মধ্যে আবার নতুন এই পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। মনে হচ্ছে, আমরা যেন এক ধরনের অসাড়তার মধ্যে দিন কাটাচ্ছি।’
‘সেন্ট অগাস্টিন-সেন্ট মনিকা’ প্যারিশের সদস্য মার্শাল জানান, ক্যাথলিক ধর্মাবলম্বীরা এখনও নিয়মিত প্রার্থনায় অংশ নিচ্ছেন।
তিনি বলেন, ‘আমার মনে হয়, আমরা আমাদের বিশ্বাসকে ভালোবাসি এবং গির্জাগুলো ধরে রাখতে চাই। এখন আমাদের প্রয়োজন এমন নেতৃত্ব, যারা আমাদের সামনে এগিয়ে যাওয়ার পথ দেখাবে।’
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডেট্রয়েটের প্রায় অর্ধেক গির্জায়  সপ্তাহান্তের মাসেস বন্ধের প্রস্তাব

ডেট্রয়েটের প্রায় অর্ধেক গির্জায় সপ্তাহান্তের মাসেস বন্ধের প্রস্তাব