আটলান্টিক সিটি, ১১ নভেম্বর : নিউ জার্সির আটলান্টিক সিটিতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির (BASJ) উদ্যোগে ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা প্রদান করা হয়েছে। গত ১০ নভেম্বর মঙ্গলবার সিটির ফেয়ারমাউন্ট অ্যাভিনিউতে অবস্থিত বাংলাদেশ কমিউনিটি সেন্টারে নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের সার্বিক সহযোগিতায় এ সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের জন্য পাসপোর্ট ও ভিসাসংক্রান্ত নথিপত্র হালনাগাদ রাখা অত্যন্ত জরুরি। বিশেষ করে জরুরি প্রয়োজনে এসব নথির প্রয়োজনীয়তা আরও বেড়ে যায়। কিন্তু এ ধরনের সেবা নিতে অনেক সময় অন্য স্টেটে অবস্থিত কনস্যুলেট বা মিশনে যেতে হয়, যা প্রবাসীদের জন্য বেশ সময়সাপেক্ষ ও কষ্টসাধ্য। তাঁদের এই ভোগান্তি কমাতে আটলান্টিক সিটিতে ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবার আয়োজন করা হয়।
সকাল থেকেই সেবা নিতে প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশ কমিউনিটি সেন্টারে সমবেত হন। তাঁরা সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে সেবার জন্য অপেক্ষা করেন। আয়োজকদের সুষ্ঠু ব্যবস্থাপনায় নির্ধারিত সময়ে কনস্যুলেটের সেবা কার্যক্রম শুরু হয়।
ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবার আওতায় বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি ডিজিটাল পাসপোর্ট, এলাইড সার্টিফিকেট, দ্বৈত নাগরিকত্বের সনদের আবেদন, বাংলাদেশের বিভিন্ন সনদপত্র সত্যায়ন, পাওয়ার অব অ্যাটর্নি এবং ‘নো ভিসা রিকোয়ার্ড’ (NVR) সিলসহ বিভিন্ন ধরনের সেবা গ্রহণ করেন।
এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান সেবা নিতে আসা প্রবাসীরা। তাঁরা ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
কনস্যুলেট সেবা কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ায় সংগঠনের সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আব্দুর রফিক সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

সুব্রত চৌধুরী :