আমেরিকা , বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ , ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হেজেল পার্ক সিটি ম্যানেজারের বিরুদ্ধে যৌন হয়রানির মামলা ওয়েস্টল্যান্ডে হত্যার পর  বাড়িতে আগুন, গ্রেপ্তার ১ আজ যুক্তরাষ্ট্রে ভেটেরানস ডে বেনসনের ট্রানজিশন টিমে বিতর্ক, সমালোচনায় নিজ দলের নেতারাও ফোর্ডের কারখানা থেকে যন্ত্রাংশ  চুরি, চারজনের বিরুদ্ধে অভিযোগ এক দশক পর যৌন নির্যাতনের মামলায় কালামাজুর দুই ব্যক্তির বিচার শুরু পশ্চিম মিশিগানে একাধিক ম্যাসাজ স্পায় এফবিআই অভিযান, আটক ৬ ডেট্রয়েটে পুলিশের দিকে তেড়ে আসা কুকুরকে গুলি, আহত দুই কর্মকর্তা ডেট্রয়েটের সিটি বাসে দুটি ঘোড়া! ভাইরাল ভিডিও ঘিরে রহস্য ওয়েস্টল্যান্ডে প্রেমিক-প্রেমিকার মৃত্যু, তদন্তে হত্যা ও আত্মহত্যার ধারণা ডেট্রয়েটের প্রায় অর্ধেক গির্জায় সপ্তাহান্তের মাসেস বন্ধের প্রস্তাব ডিয়ারবর্নের স্কুল ও বিভিন্ন স্থানে ধারাবাহিক বোমা হুমকি দক্ষিণ-পূর্ব মিশিগানে সপ্তাহান্তে তুষারপাতের সম্ভাবনা ডেট্রয়েটে ফ্যামিলি ডলারে ছুরিকাঘাত, আহত দুই কর্মী ডেট্রয়েটে বাড়িতে মিলল  স্বামী-স্ত্রীর গুলিবিদ্ধ মরদেহ মিশিগানে প্রস্রাবকে সারে রূপান্তরের উদ্যোগ ডিয়ারবর্নে ICE-এর  অভিযানে গ্রেপ্তার ৩ আমেরিকায় দীপাবলি অনুষ্ঠানে ঢুকে বিদ্বেষমূলক প্ল্যাকার্ড, নিন্দা হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি
মিস ইউএসএতে যৌন হয়রানির অভিযোগ 

আজ মুক্তি পাচ্ছে টেলর হেলের  তথ্যচিত্র ‘ক্রাউন অব ডিসিট’

  • আপলোড সময় : ১২-১১-২০২৬ ০১:৩৬:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-১১-২০২৬ ০১:৩৬:৩৪ পূর্বাহ্ন
আজ মুক্তি পাচ্ছে টেলর হেলের  তথ্যচিত্র ‘ক্রাউন অব ডিসিট’
ডেট্রয়েট, ১২ নভেম্বর : টেলর হেলের গল্প যদি বলতেই হয়, তাহলে তিনি চান, সেই গল্প যেন তাঁর নিজের মুখ থেকেই বলা হয়।
ডেট্রয়েটের বাসিন্দা ও সাবেক ‘মিস মিশিগান ইউএসএ’ টেলর হেল ২০২২ সালে সিবিএসের রিয়েলিটি শো ‘বিগ ব্রাদার’-এ প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেন। এবার ‘ক্রাউন অব ডিসিট: ইনসাইড দ্য মিস ইউনিভার্স স্ক্যান্ডাল’ (Crown of Deceit: Inside the Miss Universe Scandal) শীর্ষক একটি তথ্যচিত্রে তিনি ‘মিস ইউএসএ’ প্রতিযোগিতায় অংশ নেওয়ার সময় নিজের সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার বিবরণ তুলে ধরেছেন। তিন পর্বের এই তথ্যচিত্রটি বৃহস্পতিবার রাত ৮টায় টিএলসি (TLC) ও এইচবিও ম্যাক্সে (HBO Max) মুক্তি পাওয়ার কথা রয়েছে।
তথ্যচিত্রটিতে ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতার জটিল ও বিতর্কিত বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। ‘মিস ইউএসএ’ প্রতিযোগিতা মূলত ‘মিস ইউনিভার্স’-এর জন্য একটি প্রাথমিক বাছাইপর্ব হিসেবে কাজ করে।
হেল জানান, ২০২১ সালে ‘মিস ইউএসএ’ প্রতিযোগিতায় অংশ নেওয়ার সময় সংস্থাটির তৎকালীন ভাইস প্রেসিডেন্ট ম্যাক্স সেব্রেখটসের কাছ থেকে তিনি অনাকাঙ্ক্ষিত যৌন ইঙ্গিত ও আচরণের শিকার হয়েছিলেন। সে সময় সেব্রেখটস ছিলেন ‘মিস ইউএসএ’ সংস্থার তৎকালীন প্রধান ক্রিস্টল স্টুয়ার্টের স্বামী।
তথ্যচিত্রে হেল তাঁর অভিজ্ঞতার বিস্তারিত তুলে ধরেছেন। কীভাবে ঘটনাগুলো ঘটেছিল এবং সেসব অভিজ্ঞতা তাঁকে কীভাবে প্রভাবিত করেছিল, তা নিয়েও তিনি কথা বলেছেন।
৩১ বছর বয়সী হেল বলেন, “আমি এই তথ্যচিত্রে অংশ নেব কি না, তা সিদ্ধান্ত নিতে কিছুটা সময় নিয়েছি। এর আগে এসব ঘটনা নিয়ে কথা বলেছি। তবে আমার মধ্যে এক ধরনের ভয় কাজ করত—এই ঘটনা যেন শেষ পর্যন্ত আমার পরিচয়ের প্রধান অংশ হয়ে না দাঁড়ায়।”
শেষ পর্যন্ত তিনি তথ্যচিত্রে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন। কারণ, তিনি জানতেন, তাঁর অভিজ্ঞতার গল্পটি এই সিরিজের অংশ হতে যাচ্ছে। তিনি চাননি, তাঁর হয়ে অন্য কেউ সেই গল্প বলুক।
গত সপ্তাহে লস অ্যাঞ্জেলেসে নিজের বাড়ি থেকে জুমে দেওয়া সাক্ষাৎকারে হেল বলেন, “বিষয়টি নিয়ে কথা বলতে আমি স্বাচ্ছন্দ্যবোধ করি না। কিন্তু আমার মনে হয়, ভয়—এমনকি কিছুটা লজ্জাবোধও—যদি আমাকে ক্ষমতাধর ব্যক্তিদের বিরুদ্ধে সত্য কথা বলা থেকে বিরত রাখে, তাহলে তা হবে নিজের প্রতি বড় ধরনের অবিচার। এবার আমি স্পষ্টভাবে বুঝতে পেরেছি, লজ্জা পাওয়ার কোনো কারণ আমার নেই। বরং এই লজ্জার ভার ম্যাক্সেরই বহন করা উচিত।”

কী ঘটেছিল
ঘটনাটি ঘটে ২০২১ সালের নভেম্বরে, ‘মিস ইউএসএ’ (Miss USA) প্রতিযোগিতা শেষ হওয়ার পরদিন। ওই প্রতিযোগিতায় হেল ‘মিস কনজেনিয়ালিটি’ (Miss Congeniality) খেতাব অর্জন করেছিলেন।
হেলের ভাষ্য অনুযায়ী, সে সময় সেব্রেখটস তাঁর পোশাকের কিছু অংশ তাঁর কক্ষে পৌঁছে দেওয়ার প্রস্তাব দেন।
হোটেল স্যুটের ভেতরে সেব্রেখটস তাঁর চুলে হাত বুলিয়ে দেন, নিজের শরীর দিয়ে তাঁকে চেপে ধরেন এবং মুখের এক পাশে চুম্বন করেন বলে অভিযোগ করেন হেল। একপর্যায়ে তিনি কোনোভাবে সেব্রেখটসকে কক্ষ থেকে বের করে দিতে সক্ষম হন।
হেলের ধারণা, সেব্রেখটস হয়তো শুধু তাঁকেই যৌন হয়রানি করেননি। তাঁর আচরণ ছিল অত্যন্ত পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত। হেল বলেন, “তাঁর প্রতিটি পদক্ষেপেই ছিল প্রবল আত্মবিশ্বাস।” আয়োজক সংস্থার অন্য কেউ যে তাঁর এমন আচরণের বিষয়ে কিছুই জানতেন না, তা বিশ্বাস করা তাঁর পক্ষে কঠিন বলেও জানান তিনি।
সেব্রেখটস এসব অভিযোগ অস্বীকার করেছেন। তবে ২০২২ সালের শুরুর দিকে তাঁকে নীরবে ‘মিস ইউএসএ’ সংস্থা থেকে সরিয়ে দেওয়া হয়। একই বছরের অক্টোবরে ‘মিস মিশিগান’ হিসেবে তাঁর দায়িত্বের মেয়াদ শেষ হওয়ার পর এবং ‘বিগ ব্রাদার’ প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পর হেল প্রকাশ্যে তাঁর বিরুদ্ধে অভিযোগ তোলেন।
হেল জানান, ‘ক্রাউন অব ডিসিট’ (Crown of Deceit) তথ্যচিত্রের নির্মাতারা তাঁকে নিজের অভিজ্ঞতা সততা ও গুরুত্বের সঙ্গে তুলে ধরার সুযোগ দিয়েছেন। তিনি বলেন, সাধারণত যেকোনো পরিস্থিতিতে তিনি হাসিখুশি থাকার চেষ্টা করেন। কিন্তু এই তথ্যচিত্রে তাঁকে সেই স্বভাবের বাইরে এসে নিজের অভিজ্ঞতা ও অনুভূতির কথা খোলাখুলিভাবে বলার সুযোগ দেওয়া হয়েছে।

হেল বলেন, “এই তথ্যচিত্রে অংশ নেওয়ার ফলে ঘটনাটিকে মানসিকভাবে নতুনভাবে উপলব্ধি করার সুযোগ পেয়েছি। আমি সব সময়ই জানতাম, আমার সঙ্গে খারাপ কিছু ঘটেছিল। ঘটনাটির মধ্যে ছিল চরম স্বার্থপরতা ও কারসাজি। কিন্তু প্রতিটি শব্দকে গুরুত্ব ও গাম্ভীর্যের সঙ্গে উচ্চারণ করে পুরো ঘটনাটি তুলে ধরতে গিয়ে নিজের অবস্থান নতুন করে বুঝতে পেরেছি।
“আগে কখনো নিজেকে এই ঘটনার ‘ভুক্তভোগী’ হিসেবে ভাবিনি। কিন্তু এবার ঘটনার গভীরতা ও মানসিক ভার অনুভব করতে পেরেছি। বিষয়টিকে আর হালকাভাবে দেখার সুযোগ ছিল না। পাঁচ বছর পর অবশেষে এভাবে ঘটনাটিকে উপলব্ধি করতে পেরে পুরো অভিজ্ঞতা সম্পর্কে আমার দৃষ্টিভঙ্গিই বদলে গেছে।”
হেল জানান, প্রকাশ্যে মুখ খোলার পর আয়োজক সংস্থার প্রতিনিধিরা তাঁকে কার্যত অন্ধকারে রেখেছিলেন। তাঁর অভিযোগ, প্রতিনিধিরা এমন আচরণ করেছিলেন যেন তাঁর বক্তব্যকে গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে। কিন্তু পরবর্তী সময়ে তাঁকে আর কোনো প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত রাখা হয়নি।
তবে শেষ পর্যন্ত যে পদক্ষেপ নেওয়া হয়েছে, তাতে তিনি সন্তুষ্ট। হেল বলেন, “দিনশেষে ম্যাক্সকে সংগঠন থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এটি অবশ্যই একটি ভালো বিষয়।”
তিনি আরও বলেন, তিনি চান, সংবাদমাধ্যমে তাঁর নাম দেখলেই সেব্রেখটস যেন আতঙ্কিত হয়ে ওঠেন। কারণ, ‘মিস ইউএসএ’ খেতাবধারী থাকাকালে নিজের কোনো কর্মকাণ্ডের জন্য তাঁকে যেন নেতিবাচক অনুভূতি বা লজ্জা বহন করতে না হয়। বরং সেই দায় সেব্রেখটসেরই বহন করা উচিত।

প্রতিযোগিতা বন্ধ নয়, 
সংস্কারের পক্ষে 
টেলর হেল
হেল জীবনের তুলনামূলক পরের দিকে সুন্দরী প্রতিযোগিতার জগতে আসেন। কলেজে পড়ার সময় শীতের ছুটিতে টেলিভিশনে ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতা দেখে তিনি এতটাই মুগ্ধ হন যে, নিজেও এমন একটি প্রতিযোগিতায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন।
তিনি বলেন, “আমার মনে আছে, প্রতিযোগিতায় অংশ নেওয়া নারীদের দেখে আমি ভীষণ মুগ্ধ হয়েছিলাম। তখন মনে হয়েছিল, ‘আমিও হয়তো এমনটা করতে পারব।’”
এর এক মাসের মধ্যেই তিনি ‘মিস টিন ইউএসএ’ (Miss Teen USA) প্রতিযোগিতায় অংশ নিতে নাম নিবন্ধন করেন। পরে ‘মিস মিশিগান’ (Miss Michigan) প্রতিযোগিতায় অংশ নিয়ে দ্বিতীয় প্রচেষ্টাতেই বিজয়ী হন।
‘মিস মিশিগান’ হিসেবে দায়িত্ব পালনের সময় হেল উপলব্ধি করেন, নিজের উপস্থিতি দিয়ে অন্যের দিনটিকে আনন্দময় করে তোলা কতটা সহজ। এই অভিজ্ঞতা তাঁকে নিজের অন্তর্মুখী স্বভাবের গণ্ডি থেকে বেরিয়ে আসতেও সাহায্য করে।
হেল বলেন, “আমি স্বভাবগতভাবেই খুব অন্তর্মুখী। চাইলে টানা ৩০ দিন-রাত কম্বলের নিচে কাটিয়ে দিতে পারি, তাতেও আমার কোনো সমস্যা হবে না। কিন্তু খেতাবধারী হিসেবে যখন ঝলমলে ফিতা ও মুকুট পরে কোথাও প্রবেশ করতাম, তখন ছোট ছোট ছেলেমেয়েদের মধ্যে দারুণ উচ্ছ্বাস দেখতে পেতাম। এমনকি প্রাপ্তবয়স্করাও আমার এই পরিচয়ে মুগ্ধ হতেন।
“কারও কাছে গিয়ে শুধু জিজ্ঞেস করতাম, ‘এই, তুমি কি আমার সঙ্গে একটি সেলফি তুলতে চাও?’ কাজটি ছিল খুবই সহজ। কাউকে শুধু ‘হ্যালো’ বললেও দেখা যেত, তিনি আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছেন। সামান্য একটু বাড়তি উদ্যোগ—এমনকি নিজের ইচ্ছা না থাকলেও—খুব বেশি পরিশ্রম ছাড়াই কারও পুরো দিনটি আনন্দময় করে তুলতে পারে।”
এই অভ্যাসটি এখনো ধরে রেখেছেন হেল, যদিও টেলিভিশন দর্শকদের কাছে তিনি এখন বেশ পরিচিত মুখ। ‘বিগ ব্রাদার’ প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পাশাপাশি তিনি সিবিএসের এই অনুষ্ঠানের রিক্যাপ শো উপস্থাপনা করেছেন, অংশ নিয়েছেন ‘দ্য অ্যামেজিং রেস’-এ এবং প্লেবয় ম্যাগাজিনের ‘মিস মার্চ ২০২৬’ হয়েছেন। এ ছাড়া ২০২৭ সালে পিককের ‘দ্য ট্রেইটরস’-এর পরবর্তী সিজনেও তাঁকে দেখা যাবে।
হেল বলেন, “এখন আমার মনে হয়, সব সময়ই যেন মাথায় একটি অদৃশ্য মুকুট আর গায়ে একটি স্যাশ (ফিতা) পরে আছি। তবে বিষয়টিকে বোঝা হিসেবে নয়, বরং বিশেষ সুযোগ ও সৌভাগ্য হিসেবে দেখতে শিখেছি।”
‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতাকে ঘিরে নানা কেলেঙ্কারি—যার অনেক কিছুই ‘ক্রাউন অব ডিসিট’ (Crown of Deceit) তথ্যচিত্রে বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে—তা সত্ত্বেও সুন্দরী প্রতিযোগিতার জগতের প্রতি হেলের আস্থা এখনো অটুট।
তিনি জানান, সুযোগ পেলে ‘মিস ইউএসএ’ প্রতিযোগিতার দায়িত্ব নিতে চান। তা সম্ভব না হলে প্রতিযোগিতাটির উপস্থাপনা করতে কিংবা নেটফ্লিক্সের ‘আমেরিকা’স সুইটহার্টস: ডালাস কাউবয়েজ চিয়ারলিডার্স’-এর আদলে এর নেপথ্যের ঘটনাবলি নিয়ে একটি তথ্যচিত্রধর্মী সিরিজ (ডকুসিরিজ) নির্মাণে আগ্রহী।
হেল বলেন, ‘ক্রাউন অব ডিসিট’ (Crown of Deceit)-কে যেন সুন্দরী প্রতিযোগিতার বিরুদ্ধে কোনো আক্রমণ হিসেবে দেখা না হয়। বরং প্রতিযোগিতাগুলো পরিচালনাকারী সংস্থার শীর্ষ পর্যায়ে প্রয়োজনীয় পরিবর্তনের পক্ষে জনমত তৈরিই এই উদ্যোগের লক্ষ্য।
তিনি বলেন, “আমি চাই না, এই তথ্যচিত্রের মাধ্যমে এমন দাবি উঠুক যে সুন্দরী প্রতিযোগিতা চিরতরে বন্ধ করে দেওয়া উচিত। বরং এটি এমন একটি আহ্বান হয়ে উঠুক, যেখানে আরও যোগ্য মানুষ, উন্নত বিনিয়োগ এবং ভালো ব্যবস্থাপনার কথা বলা হবে—যাতে এর সঙ্গে যুক্ত সবাই উপকৃত হন। আমার মনে হয়, কোনো সংস্থার দিকে তাকিয়ে যখন আমরা বলি, ‘হয়তো স্বার্থান্বেষী বিলিয়নেয়ার বা ব্যবসায়ীদের এর বাইরে রাখা উচিত। বরং কীভাবে সবার জন্য বিষয়টিকে আরও ন্যায়সংগত ও সুষ্ঠু করা যায়, তা ভাবা দরকার’—তখনই কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে।”
তিনি আরও বলেন, “স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে যাওয়ার অভিজ্ঞতা আমার আছে। কোনো সংস্থায় প্রবেশ করে এমন অনুভূতিও আমার হয়েছে—‘আমাকে কি কেউ দেখছে? আমার কথা কি কেউ শুনছে? আমার কি কোনো মূল্য আছে?’ আমার মতে, সবচেয়ে বড় ভুল হবে ‘মিস ইউএসএ’র মতো প্রতিযোগিতায় অংশ নেওয়া নারী ও মেয়েদের তুচ্ছজ্ঞান করা কিংবা মনে করা, ‘এটি তো কেবল একটি সুন্দরী প্রতিযোগিতা, এর আর কোনো প্রয়োজন নেই।’ আমি মনে করি, সবার সুরক্ষা নিশ্চিত করতে হলে সঠিক মানুষ এবং যথাযথ ব্যবস্থাপনা থাকা জরুরি। আমি শুধু চাই, মেয়েরা ভালো থাকুক।”
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডেট্রয়েটের বাসে দুই ঘোড়া, ভাইরাল ভিডিওটি ভুয়া নয়-আসল

ডেট্রয়েটের বাসে দুই ঘোড়া, ভাইরাল ভিডিওটি ভুয়া নয়-আসল