গত ১ নভেম্বর ডেট্রয়েটের সেন্ট হুয়ান দিয়েগো প্যারিশে ধর্মীয় উপাসনা অনুষ্ঠানে (মাস) সভাপতিত্ব করছেন রেভারেন্ড নোয়েল ইমানুয়েল করনেলিয়ো। ডেট্রয়েটের যেসব গির্জায় পুনর্গঠন পরিকল্পনার আওতায় সপ্তাহান্তের উপাসনা বন্ধের সম্ভাবনা রয়েছে, সেন্ট হুয়ান দিয়েগো প্যারিশ তার মধ্যে অন্যতম/Photo : David Guralnick, The Detroit News
ডেট্রয়েট, ১৫ নভেম্বর : ডেট্রয়েট আর্চডায়োসিসের (ধর্মপ্রদেশ) স্থানীয় ক্যাথলিক সম্প্রদায় ও প্যারিশ নেতাদের পুনর্গঠন পরিকল্পনা নিয়ে মতামত দেওয়ার সময়সীমা আগামী ১৬ নভেম্বর। আর্চডায়োসিসের বৃহৎ পুনর্গঠন পরিকল্পনার অংশ হিসেবে প্রকাশিত নতুন মডেলে দক্ষিণ-পূর্ব মিশিগানের কোন কোন গির্জায় সাপ্তাহিক ‘মাস’ (ক্যাথলিক ধর্মীয় উপাসনা অনুষ্ঠান) বন্ধ হতে পারে, তার একটি সম্ভাব্য চিত্র তুলে ধরা হয়েছে।
দক্ষিণ-পূর্ব মিশিগানের প্রায় ৯ লাখ ক্যাথলিক ধর্মাবলম্বীর সেবায় নিয়োজিত ডেট্রয়েট আর্চডায়োসিস বর্তমানে দুই বছর মেয়াদি একটি বড় পুনর্গঠন প্রক্রিয়া বাস্তবায়ন করছে। গির্জায় উপস্থিতির হার কমে যাওয়া, যাজকের সংখ্যা হ্রাস এবং পুরোনো গির্জা ভবনগুলোর রক্ষণাবেক্ষণ ব্যয় বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে সম্পদের সুষ্ঠু ব্যবহার ও কার্যক্রমের পরিসর পুনর্বিন্যাসের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
গত অক্টোবরের মাঝামাঝি সময়ে আর্চডায়োসিস দক্ষিণ-পূর্ব মিশিগানের ছয়টি কাউন্টিতে ১৫টি পরিকল্পনা এলাকার জন্য নতুন মডেল প্রকাশ করে। এতে সম্ভাব্য ১০৬টি গির্জার তালিকা উঠে এসেছে, যেখানে সাপ্তাহিক ‘মাস’ অনুষ্ঠান বন্ধ হতে পারে। তবে আর্চডায়োসিস কর্তৃপক্ষ সরাসরি এসব গির্জা বন্ধের ঘোষণা দেয়নি। তারা স্বীকার করেছে, উপাসনা বন্ধের পাশাপাশি ভবিষ্যতে গির্জা বন্ধ করে দেওয়াও একটি সম্ভাব্য বিকল্প। সংশ্লিষ্ট ‘প্যাস্টোরেট মডেল’-এর আওতায় গির্জা পরিচালনার দায়িত্বে থাকা নেতারাই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
আর্চডায়োসিসের ওয়েবসাইটে প্রকাশিত পুনর্গঠনবিষয়ক এক ভিডিও বার্তায় আর্চবিশপ এডওয়ার্ড ওয়েসেনবার্গার বলেন, গির্জায় নিয়মিত উপস্থিতি কমে যাওয়ায় অতীতের তুলনায় বড় পরিসরে নির্মিত ভবন, ধর্মীয় কার্যক্রম ও অবকাঠামো রক্ষণাবেক্ষণ কঠিন হয়ে পড়েছে। এতে আর্থিক ও প্রশাসনিক চাপ বাড়ছে। ফলে অনেক ক্ষেত্রে প্রত্যাশিত পরিসরে ও মানে ধর্মীয় সেবা দেওয়া সম্ভব হচ্ছে না।
আর্চডায়োসিসের ওয়েবসাইটে প্রকাশিত নতুন মডেলগুলো গত কয়েক মাসে সংগৃহীত মতামতের ভিত্তিতে তৈরি করা হয়েছে। এ জন্য আর্চডায়োসিসের অধীন ২০০টিরও বেশি প্যারিশে বিভিন্ন আলোচনা সভার আয়োজন করা হয়। পুনর্গঠন পরিকল্পনার আওতায় রয়েছে ওকল্যান্ড, ওয়েন, ম্যাকম্ব, মনরো, ল্যাপিয়ার ও সেন্ট ক্লেয়ার কাউন্টি।
সর্বশেষ খসড়া প্রস্তাবে মোট ১০৬টি গির্জাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে ৬১টি গির্জায় প্রস্তাবিত উভয় মডেলের কোনোটিতেই রবিবারের প্রার্থনা অনুষ্ঠান (সানডে মাস) রাখার প্রস্তাব নেই। অন্যদিকে, ৪৫টি গির্জায় প্রস্তাবিত দুটি মডেলের অন্তত একটিতে সপ্তাহান্তের উপাসনা অনুষ্ঠান রাখা হয়নি।
এদিকে, স্থানীয় গির্জাগুলো ‘রাউন্ড ২ ড্রাফট মডেলস’ (দ্বিতীয় পর্যায়ের খসড়া মডেল) নিয়ে প্যারিশবাসীদের মতামত আহ্বান করেছে। ম্যাকম্ব কাউন্টির সেন্ট ক্লিমেন্ট অব রোম গির্জায় বিতরণ করা মতামত ফরমে প্যারিশবাসীদের কাছে জানতে চাওয়া হয়েছে, প্রস্তাবিত মডেলের কোন বিষয়গুলো তাঁদের ভালো লেগেছে বা লাগেনি, এটি বাস্তবায়িত হলে কী ধরনের ইতিবাচক ফলাফল আসতে পারে এবং বাস্তবায়নের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো কী হতে পারে।
ডেট্রয়েট আর্চডায়োসিসের মুখপাত্র হলি ফোরনিয়ার জানান, প্যারিশগুলো কীভাবে তাদের সদস্যদের কাছ থেকে মতামত সংগ্রহ করবে, সে বিষয়ে আর্চডায়োসিসের পক্ষ থেকে কিছু নির্দেশনা ও পরামর্শ দেওয়া হয়েছিল। তবে এ ক্ষেত্রে চূড়ান্ত পদ্ধতি নির্ধারণের দায়িত্ব সংশ্লিষ্ট প্যারিশগুলোর ওপরই ছেড়ে দেওয়া হয়।
ইমেইলে ফোরনিয়ার বলেন, কোনো কোনো প্যারিশ সরাসরি সভার আয়োজন করেছে, কেউ গুগল ফর্ম তৈরি করেছে, আবার কেউ গির্জার বুলেটিনে মতামত ফরম যুক্ত করেছে। এ ছাড়া কয়েকটি প্যারিশ সদস্যদের মতামত পাঠানোর জন্য আলাদা ইমেইল ঠিকানাও চালু করেছে।
তিনি আরও জানান, প্রতিটি প্যারিশ তাদের সদস্যদের মতামত জমা দেওয়ার জন্য নিজস্ব সময়সীমা নির্ধারণ করেছে। তবে সব মতামত ও ফরম ১৬ নভেম্বরের মধ্যেই আর্চডায়োসিসে জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে হয়েছে।
পুনর্গঠন পরিকল্পনার অংশ হিসেবে প্যারিশ যাজকদেরও নতুন দায়িত্ব ও কর্মস্থল নির্ধারণ করা হবে।
চলতি বছরের শেষ নাগাদ যাজকদের মধ্যে দায়িত্ব বণ্টনের প্রক্রিয়া পর্যালোচনা শুরু হবে। একই সঙ্গে যাজকীয় পরিচালনার মডেলগুলো আরও পরিমার্জন করে চূড়ান্ত বিবেচনার জন্য আর্চবিশপ ওয়েসেনবার্গারের কাছে উপস্থাপন করা হবে। পরিকল্পনা অনুযায়ী, এর বাস্তবায়ন শুরু হবে ২০২৭ সালে এবং চলবে ২০২৮ সাল পর্যন্ত।
ভিডিও বার্তায় আর্চবিশপ ওয়েসেনবার্গার বলেন, “প্রতিটি প্রার্থনার যেমন গুরুত্ব রয়েছে, তেমনি প্রতিটি কণ্ঠস্বরেরও গুরুত্ব রয়েছে। ...আমাদের গির্জার ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষেত্রে আপনাদের প্রত্যেকেরই ভূমিকা রয়েছে।”
আর্চডায়োসিসের কর্মকর্তারা জানিয়েছেন, কয়েকটি গুরুত্বপূর্ণ কারণে এই পুনর্গঠন প্রক্রিয়া প্রয়োজন হয়ে পড়েছে। তাঁদের তথ্যমতে, আর্চডায়োসিসের আওতাধীন ৬৭ শতাংশ প্যারিশে সাপ্তাহিক উপাসনায় উপস্থিতির সংখ্যা ৬০০ জনের কম। এ ছাড়া অধিকাংশ যাজকের বয়স ৫০ বছর বা তার বেশি। আগামী ১০ বছরে যাজকদের মোট সংখ্যা প্রায় ৪০ শতাংশ কমে যেতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
Source & Photo: http://detroitnews.com
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

সুপ্রভাত মিশিগান ডেস্ক :