চট্টগ্রাম, ১৭ নভেম্বর: সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত বিশেষ কারাগারে স্থানান্তর করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) ভোর আনুমানিক ৫টার দিকে বিশেষ নিরাপত্তাব্যবস্থায় তাঁকে স্থানান্তর করা হয়। গ্রেপ্তারের পর থেকে প্রায় দুই বছর ধরে তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ছিলেন।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সুপার ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সোমবার ভোরে চিন্ময় কৃষ্ণ দাসকে কেরানীগঞ্জে নেওয়া হয়েছে। এটি নিয়মিত প্রক্রিয়ার অংশ। মাঝে মাঝে বন্দিদের বিভিন্ন কারাগারে স্থানান্তর করা হয়।’
রাষ্ট্রদ্রোহ ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি চিন্ময় কৃষ্ণ দাস। এসব মামলার বিচারিক কার্যক্রম চট্টগ্রামের আদালতে চলছে। তবে তাঁকে ভার্চ্যুয়ালি শুনানিতে হাজির করা হচ্ছে।
২০২৪ সালের ৫ আগস্ট গণ-আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন দাবি নিয়ে দেশের বিভিন্ন জেলায় সমাবেশ করে আলোচনায় আসেন সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী।
একপর্যায়ে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়। ওই মামলায় ২০২৪ সালের ২৫ নভেম্বর ঢাকার বিমানবন্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরদিন চট্টগ্রামের আদালতে হাজির করা হলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ সময় তাঁর অনুসারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটে।
ওই ঘটনার মধ্যে আদালত-সংলগ্ন পাথরঘাটার বাণ্ডেল রোডে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় আলিফের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। পরে তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ওই মামলায় চিন্ময় দাসকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে বর্তমানে আটটি মামলা রয়েছে। এর মধ্যে আইনজীবী আলিফ হত্যা মামলাটি চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন। হাইকোর্ট থেকে চারটি মামলায় জামিন পেলেও অন্য মামলাগুলোতে গ্রেপ্তার থাকায় তাঁর কারামুক্তি সম্ভব হয়নি।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

নিজস্ব প্রতিনিধি :