টেলর ক্রিগার ও জেমি হোয়াইট/Macomb County Prosecutor's Office
মেট্রো ডেট্রয়েট, ১৮ নভেম্বর : মেট্রো ডেট্রয়েটের দুই বাসিন্দার বিরুদ্ধে ‘মেইজার’ (Meijer) চেইন স্টোরের বিভিন্ন শাখা থেকে ধারাবাহিকভাবে পণ্য চুরির অভিযোগ আনা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ‘সংগঠিত খুচরা অপরাধের’ (Organized Retail Crime) অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
ম্যাকম্ব কাউন্টি প্রসিকিউটর অফিসের তথ্য অনুযায়ী, টেলর ক্রিগার ও জেমি হোয়াইট দ্বিতীয়কে শেলবি টাউনশিপের ৪১-এ ডিস্ট্রিক্ট কোর্টে হাজির করা হয়েছে।
অফিসটি জানায়, ৩২ বছর বয়সী ক্রিগারকে ১৩ নভেম্বর এবং ৩৬ বছর বয়সী হোয়াইটকে ১৬ নভেম্বর আদালতে হাজির করা হয়। প্রসিকিউটরদের ভাষ্য অনুযায়ী, ওকল্যান্ড কাউন্টি জেলের সময়সূচির কারণে হোয়াইটের আদালতে হাজির হতে কিছুটা বিলম্ব হয়। তিনি বর্তমানে ওই জেলেই আটক রয়েছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, সংগঠিত খুচরা অপরাধের অভিযোগে দোষী সাব্যস্ত হলে তাদের প্রত্যেকের সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
আদালত প্রত্যেকের জন্য ২৫ হাজার ডলার করে জামিন নির্ধারণ করেছেন। পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে সোমবার। একই সঙ্গে আদালত তাদের কোনো মেইজার স্টোরে প্রবেশ বা সংশ্লিষ্টতার ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন। তাদের কাছে আগ্নেয়াস্ত্র বা গোলাবারুদ রাখতেও নিষেধ করা হয়েছে। পাশাপাশি মাদক ও অ্যালকোহল গ্রহণ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
ক্রিগারের আইনজীবী জেফরি কোজোকারের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করে মন্তব্য পাওয়া যায়নি। বুধবার পর্যন্ত আদালতের নথিতে হোয়াইটের পক্ষে কোনো আইনজীবীর নাম উল্লেখ ছিল না।
পুলিশের দাবি, মেট্রো ডেট্রয়েটজুড়ে মেইজারের বিভিন্ন শাখায় এই দুজন ৪৭ বার চুরির ঘটনা ঘটিয়েছেন।
কর্তৃপক্ষের ধারণা, মেইজারের বিভিন্ন শাখায় ৩৩টি চুরির ঘটনায় জড়িত হোয়াইট। এসব ঘটনায় তিনি প্রায় ২৮ হাজার ডলার মূল্যের পণ্য চুরি করেছেন বলে অভিযোগ রয়েছে।
প্রসিকিউটরদের ভাষ্য অনুযায়ী, ক্রিগার মেইজারের বিভিন্ন শাখায় অন্তত ১৪ বার চুরি করেছেন। এসব ঘটনায় তিনি ১৪ হাজার ডলারের বেশি মূল্যের পণ্য নিয়ে গেছেন বলে অভিযোগ।
কর্মকর্তারা জানান, গত ৯ অক্টোবর সাউথফিল্ডের একটি মেইজার স্টোরে চুরির ঘটনার পর পুলিশ তাদের গ্রেপ্তার করে।
ম্যাকম্ব কাউন্টির প্রসিকিউটর পিটার লুসিডো এক বিবৃতিতে বলেন, “সংগঠিত খুচরা অপরাধ কোনো ভুক্তভোগীহীন অপরাধ নয়। এ ধরনের অপরাধ ব্যবসার ব্যয় বাড়িয়ে দেয়, যার চূড়ান্ত বোঝা বহন করতে হয় ভোক্তাদের। বড় পরিসরে পণ্য চুরির কারণে সৎ ও পরিশ্রমী পরিবারগুলোকে কেনাকাটার সময় বাড়তি দাম দিতে হয়। সংগঠিত খুচরা চুরির সঙ্গে জড়িতদের জবাবদিহির আওতায় আনার প্রচেষ্টা আমরা অব্যাহত রাখব। কারণ ব্যবসাপ্রতিষ্ঠান, ভোক্তা ও কমিউনিটিকে সুরক্ষিত রাখার অর্থ সবার আর্থিক স্বার্থ রক্ষা করা।”
এদিকে, বুধবার এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হননি মেইজার ইনকর্পোরেটেডের কর্মকর্তারা।
Source & Photo: http://detroitnews.com
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

সুপ্রভাত মিশিগান ডেস্ক :