জয়নব হাকিম (বামে)/Sanilac County Jail। গত ২৯ অক্টোবর ডেট্রয়েটে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে বিছানার নিচে লুকানো পানিতে ক্ষতিগ্রস্ত একটি ল্যাপটপ উদ্ধার করেন তদন্তকারীরা। ল্যাপটপটির স্ক্রিন ও কিবোর্ডে পানির ফোঁটা দেখা যায় (ডানে)/U.S. District Court।
অ্যান আরবার, ১৯ নভেম্বর : ইহুদি সম্প্রদায় ও ইউনিভার্সিটি অব মিশিগানের কর্মকর্তাদের আতঙ্কিত করার কথিত ষড়যন্ত্রের ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তির বিরুদ্ধে বুধবার নতুন করে অভিযোগপত্র দাখিল করেছে গ্র্যান্ড জুরি। প্রসিকিউটরদের অভিযোগ, জামিনে থাকা অবস্থায় ফিলিস্তিনপন্থী কর্মী জয়নব হাকিম এফবিআই এজেন্টদের তদন্তকাজে বাধা দিয়েছেন, বিচারপ্রক্রিয়ায় বিঘ্ন সৃষ্টি করেছেন এবং গুরুত্বপূর্ণ প্রমাণ নষ্ট করেছেন।
ডেট্রয়েটের ২৪ বছর বয়সী বাসিন্দা জয়নব হাকিমের বিরুদ্ধে নতুন এই অভিযোগ এমন এক সময়ে আনা হলো, যখন এর মাত্র তিন ঘণ্টা পর প্রসিকিউটরদের মার্কিন ডিস্ট্রিক্ট জজ জুডিথ লেভির কাছে তার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আবেদন করার কথা ছিল। অ্যান আরবারের ফেডারেল আদালতে তার বিরুদ্ধে আগের মামলাটির বিচার চলছে।
নতুন অভিযোগটি একটি গুরুতর ফেডারেল অপরাধ (ফেলোনি)। এতে দোষী সাব্যস্ত হলে তার সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড হতে পারে।
সরকারি কৌঁসুলিদের অভিযোগ, হাকিম তার প্রেমিকের ল্যাপটপ পানিতে ডুবিয়ে নষ্ট করে প্রমাণ নষ্ট করেছেন। গত মাসে এ ঘটনা ঘটে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, ওই সময় পুলিশ কর্মকর্তারা মামলার আরেক আসামি এবং হাকিমের ২৩ বছর বয়সী প্রেমিক হেনরি ডেভিড ম্যাকিন-শাপিরোকে গ্রেপ্তার করতে ডেট্রয়েটে হাকিমের টাউনহাউসের দরজা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করছিলেন।
গত ২ নভেম্বর আদালতে দাখিল করা নথিতে সহকারী মার্কিন অ্যাটর্নি মার্গারেট স্মিথ ও রবার্ট কুন অভিযুক্ত হাকিমকে ‘বিপজ্জনক মিথ্যাবাদী’ হিসেবে উল্লেখ করেন। তাদের মতে, তাকে অনির্দিষ্টকালের জন্য কারাগারে রাখা উচিত।
মামলাটি ঘিরে ব্যাপক আলোচনা চলছে। এতে ফিলিস্তিনপন্থী একদল কর্মীর বিরুদ্ধে ইউনিভার্সিটি অব মিশিগানের কর্মকর্তা, পুলিশ ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানকে লক্ষ্য করে হুমকি দেওয়া এবং ভাঙচুরের প্রচারণা চালানোর অভিযোগ রয়েছে।
অন্যদিকে, হাকিমের আইনজীবী আমান্ডা বাশি ও সারা গারবার আদালতে দাখিল করা নথিতে দাবি করেছেন, তার জামিন বাতিলের কোনো যুক্তিসংগত ভিত্তি নেই। তাদের মতে, ল্যাপটপ নিয়ে সরকারি পক্ষের অভিযোগ অযৌক্তিক এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বডি ক্যামেরায় ধারণ করা ভিডিও ফুটেজের সঙ্গে সাংঘর্ষিক। ওই ফুটেজে দেখা যায়, হাকিম ও তার রুমমেট তদন্তকারীদের নির্দেশে দ্রুত সাড়া দিচ্ছেন।
আইনজীবীরা প্রশ্ন তুলেছেন, “পুলিশ কর্মকর্তারা তার দরজার সামনে পৌঁছানো পর্যন্ত জয়নব কেন ল্যাপটপটি পানিতে ভেজানোর জন্য অপেক্ষা করবেন? সামান্য কিছু তরল ছিটিয়ে কী লাভ হতে পারে? আর সেটি নিজেদের বিছানার নিচেই বা লুকিয়ে রাখবেন কেন?”
তারা আরও বলেন, “সরকার জয়নবকে একটি আন্দোলনের ধূর্ত ‘মূল হোতা’ হিসেবে তুলে ধরছে। এমন একজন ব্যক্তি, যিনি নিজের ডিজিটাল পদচিহ্ন মুছে ফেলতে বিশেষ এনক্রিপ্টেড ডিভাইস ব্যবহারসহ কথোপকথন গোপন রাখার জটিল পদ্ধতি সম্পর্কে ভালোভাবেই অবগত বলে দাবি করা হচ্ছে। তাহলে প্রশ্ন হলো, তিনি কি সত্যিই মনে করেছিলেন যে, সামান্য কিছু তরল ঢেলে দিলেই একটি ল্যাপটপের অভ্যন্তরীণ তথ্য সংরক্ষণব্যবস্থা ধ্বংস হয়ে যাবে?”
অন্যদিকে, আদালতে দাখিল করা নথিতে সরকারি কৌঁসুলিরা জানিয়েছেন, ল্যাপটপটির ফরেনসিক পরীক্ষায় স্ক্রিন, কিবোর্ড ও অভ্যন্তরীণ যন্ত্রাংশে প্রচুর পরিমাণে খনিজ পদার্থ—সম্ভবত লবণ—শুকিয়ে জমে থাকার প্রমাণ পাওয়া গেছে। সরকারি পক্ষের তথ্য অনুযায়ী, এতে ল্যাপটপটির কিবোর্ডের অর্ধেক অকেজো হয়ে পড়ে এবং বিদ্যুৎ সংযোগ ছাড়া সেটি চালু করা সম্ভব হচ্ছিল না।
কৌঁসুলিদের যুক্তি, “এটি অত্যন্ত যৌক্তিক যে, অ্যান আরবারে এফবিআইয়ের উপস্থিতির খবর পেয়ে জয়নব হাকিম ল্যাপটপটি লবণাক্ত পানিতে ডুবিয়ে রেখেছিলেন। এটি ছিল তাঁর বাড়তি সতর্কতামূলক পদক্ষেপ। পরে দরজায় পুলিশকে দেখে তিনি ল্যাপটপটি পানি থেকে তুলে লুকিয়ে ফেলেন এবং এরপর দরজা খুলতে যান।”
গত মে মাস থেকে এ পর্যন্ত হাকিমসহ মোট ১২ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। হাকিমের বিরুদ্ধে অভিযোগ, তিনি এক ভুক্তভোগীর আইনজীবী প্রতিষ্ঠানের (ল ফার্ম) কার্যালয় ধ্বংস করতে সহায়তা করেছেন, অন্য এক ভুক্তভোগীর বাড়িতে ‘মেসন জার বোমা’ (কাঁচের জারে তৈরি বোমা) নিক্ষেপ করেছেন এবং ওই ভুক্তভোগীর স্ত্রীর গাড়িতে স্প্রে-পেইন্ট করেছেন।
গত ২৯ অক্টোবর ম্যাকিন-শাপিরো এবং ইপসিলান্তির ২৫ বছর বয়সী বাসিন্দা অ্যারন হান্টার ভনবারগেনকে গ্রেপ্তারের প্রস্তুতি নিচ্ছিলেন সরকারি কর্মকর্তারা। এ সময় ভনবারগেনের এক আত্মীয়কে ফোন করে জানানো হয়, অ্যারনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তদন্তকারীদের ধারণা, এর পরবর্তী এক ঘণ্টার মধ্যেই হাকিম আসন্ন গ্রেপ্তারের খবর পেয়ে যান।
আদালতের নথি অনুযায়ী, পুলিশ যখন ডেট্রয়েটের সেই টাউনহাউসে পৌঁছায়, যেখানে ম্যাকিন-শাপিরো ও হাকিম বসবাস করতেন, তখন হাকিমসহ ভেতরে থাকা আরও দুজন দরজা খুলতে অস্বীকৃতি জানান। পরে পুলিশ জোরপূর্বক দরজা ভেঙে বাড়ির ভেতরে প্রবেশ করে।
ভেতরে প্রবেশ করে তদন্তকারীরা হাকিমের বিছানার নিচে একটি কাপড়ের ব্যাগে ভেজা ল্যাপটপ খুঁজে পান। সরকারি কৌঁসুলিদের দাবি, ল্যাপটপটি ছিল ম্যাকিন-শাপিরোর।
কৌঁসুলিরা আদালতে দাখিল করা নথিতে লিখেছেন, “ক্ষতিগ্রস্ত ম্যাকবুকটি (MacBook) খুব সম্প্রতিই পানিতে ডোবানো হয়েছিল। এর স্ক্রিন ও টাচপ্যাডে তখনো পানির ফোঁটা লেগে ছিল। সব আলামত থেকে ধারণা করা যায়, হয় কোনো সহযোগী আগেভাগেই জয়নব হাকিমকে সতর্ক করেছিলেন, অথবা পুলিশের দরজায় কড়া নাড়া ও তাদের ঘোষণা শুনে তিনি ম্যাকিন-শাপিরোর ল্যাপটপটি নষ্ট করার (বা নষ্ট করার চেষ্টা করার) পর সেটি লুকিয়ে ফেলেছিলেন।”
ফেডারেল প্রসিকিউটরদের আপত্তি উপেক্ষা করে জিপিএস ট্র্যাকার পরিয়ে হাকিমকে জামিনে মুক্তি দেওয়ার পাঁচ মাস পর তাঁর জামিন নিয়ে নতুন করে নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
প্রসিকিউটররা আদালতে দাখিল করা নথিতে লিখেছেন, “সম্ভবত আদালত তাঁর এই আশ্বাসে বিশ্বাস করেছিল যে, তিনি জামিনের সব শর্ত মেনে চলবেন। কিন্তু তিনি মিথ্যা বলেছেন।”
গত ২ নভেম্বর আদালতে জমা দেওয়া নথিতে প্রসিকিউটররা উল্লেখ করেন, বিচারক জুডিথ লেভি এমন কিছু প্রমাণ উপেক্ষা করেছেন, যেগুলো থেকে ইহুদি সম্প্রদায়, ইসরায়েল রাষ্ট্র এবং আইন প্রয়োগকারী সংস্থার প্রতি হাকিমের বিদ্বেষের বিষয়টি উঠে আসে বলে তাঁদের দাবি।
প্রথমে হাকিমকে জামিনে মুক্তি দিয়ে গৃহবন্দি রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে গত সেপ্টেম্বরে বিচারক লেভি সেই শর্ত শিথিল করে তাঁর ওপর কারফিউ আরোপ করেন। একই সঙ্গে তিনি গৃহবন্দি থাকার ব্যবস্থাকে ‘অত্যন্ত মনোবল ভেঙে দেওয়ার মতো’ বলে অভিহিত করেন।
হাকিমের আইনজীবী তাঁর জামিনকালীন আচরণের বিষয়টি আদালতে তুলে ধরার পর জামিনের শর্তগুলো শিথিল করা হয়।
আইনজীবী বাশি আদালতে দাখিল করা নথিতে লিখেছেন, “তিনি জামিনের প্রতিটি শর্ত ও নির্দেশনা মেনে চলেছেন। কোনো নিয়ম লঙ্ঘন বা উদ্বেগের মতো ঘটনা ঘটেনি। তত্ত্বাবধানকারী প্রি-ট্রায়াল কর্মকর্তার সঙ্গে তিনি সুসম্পর্ক গড়ে তুলেছেন। কর্মস্থলে যাওয়া, ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ কিংবা আইনজীবীর সঙ্গে সাক্ষাতের জন্যও যথাসময়ে অনুমতি চেয়েছেন। জামিনে থাকার সময় মিস হাকিমের এই দায়িত্বশীল আচরণ প্রমাণ করে যে, ভবিষ্যতেও তিনি মুক্তির সব শর্ত মেনে চলবেন।”
অভিযোগপত্র অনুযায়ী, হাকিম এমন একটি দলের নেতৃত্ব দিতেন, যারা বিভিন্ন স্থানে আতঙ্ক ও ত্রাস সৃষ্টির ষড়যন্ত্রে জড়িত ছিল। তাদের কর্মকাণ্ডের মধ্যে ছিল বিভিন্ন বাড়ি ও স্থাপনায় স্প্রে-পেইন্ট করে সেগুলো বিকৃত করা, ইউনিভার্সিটি অব মিশিগানের (ইউএম) এক রিজেন্টের বাড়িতে দুর্গন্ধযুক্ত বোমা (স্টিঙ্ক বম্ব) নিক্ষেপ এবং অন্যান্য লক্ষ্যবস্তুতে অপহরণ ও অগ্নিসংযোগের পরিকল্পনা করা। এসব লক্ষ্যবস্তুর মধ্যে একটি গর্ভপাতবিরোধী (প্রো-লাইফ) কেন্দ্রও ছিল। অভিযোগ অনুযায়ী, তাদের মূল উদ্দেশ্য ছিল ইউনিভার্সিটি অব মিশিগানকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে বাধ্য করা।
প্রসিকিউটরদের অভিযোগ, তাদের কথিত আতঙ্ক সৃষ্টির অভিযানের লক্ষ্যবস্তুদের মধ্যে ছিলেন ইউনিভার্সিটি অব মিশিগানের সাবেক প্রেসিডেন্ট সান্তা ওনো, বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট জর্ডান অ্যাকার এবং ডেট্রয়েটের জিউইশ ফেডারেশন।
প্রসিকিউটররা আদালতে দাখিল করা নথিতে লিখেছেন, “তিনি জেনেশুনে ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রমাণ নষ্ট করেছেন এবং তা গোপন করার চেষ্টা করেছেন। তাঁর এই গুরুতর কর্মকাণ্ডের জন্য তাঁকে কারাগারে আটক রাখা প্রয়োজন। জয়নব হাকিম প্রায় এক ডজন ব্যক্তিকে ভয় দেখানো, হুমকি দেওয়া ও আতঙ্কিত করার কর্মকাণ্ডের মূল পরিকল্পনাকারী ছিলেন।”
এই দলের সদস্যদের বিরুদ্ধে আনা গুরুতর অভিযোগগুলোর মধ্যে হাকিমের বিরুদ্ধে থাকা অভিযোগগুলোও অন্যতম।
তাঁর বিরুদ্ধে সাক্ষীদের ভয়ভীতি দেখানোর অভিযোগ রয়েছে। এ অপরাধে দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড হতে পারে। অভিযোগপত্র অনুযায়ী, ২০২৪ সালের জুলাই মাসে হাকিম ও তাঁর এক সহযোগী ইউনিভার্সিটি অব মিশিগানের এক শিক্ষার্থীকে হুমকি দিয়েছিলেন, যাতে ওই শিক্ষার্থী আইন প্রয়োগকারী সংস্থাকে তাঁদের কথিত ভয়ভীতি প্রদর্শনের কর্মকাণ্ড সম্পর্কে কিছু না জানান।
এ ছাড়া, হাকিমের বিরুদ্ধে আন্তঃরাজ্য ও আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে হুমকি পাঠানোর ষড়যন্ত্রের একাধিক অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগে দোষী সাব্যস্ত হলে ফেডারেল কারাগারে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত সাজা হতে পারে।
Source & Photo: http://detroitnews.com
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

সুপ্রভাত মিশিগান ডেস্ক :