ট্র্যাভার্স সিটি, ১৯ নভেম্বর : চলতি গ্রীষ্মে ক্র্যাটমের অতিরিক্ত মাত্রা গ্রহণের কারণে অন্তত দুজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ পরিপ্রেক্ষিতে গ্র্যান্ড ট্র্যাভার্স কাউন্টির কর্মকর্তারা বৈধ হলেও অনিয়ন্ত্রিত এই মাদক ব্যবহারের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
গত ১৪ জুন গ্র্যান্ড ট্র্যাভার্স কাউন্টির ২১ বছর বয়সী এক যুবক বন্ধুদের সঙ্গে রাতভর মদ্যপান ও খেলা দেখার পর আর ঘুম থেকে ওঠেননি। তার সঙ্গে থাকা বন্ধুরা জানিয়েছেন, ওই রাতে তারা তাকে ক্র্যাটম সেবন করতে দেখেননি। তবে তাদের কেউ কেউ বলেছেন, ওই যুবক একটি স্মোক শপ থেকে কেনা ‘ক্র্যাটম ৭-ওএইচ’ (7-OH) বড়ির কথা উল্লেখ করেছিলেন।
ময়নাতদন্তের প্রতিবেদনে বলা হয়েছে, অ্যালকোহল ও ক্র্যাটমের অতিরিক্ত মাত্রা গ্রহণের কারণে তার মৃত্যু হয়েছে। ঘটনাটিকে দুর্ঘটনাজনিত মৃত্যু হিসেবে উল্লেখ করা হয়েছে।
মিশিগানের বিভিন্ন গ্যাস স্টেশন, গাঁজার দোকান ও বিশেষায়িত বিপণিতে উদ্দীপক হিসেবে ক্র্যাটম বৈধভাবে বিক্রি হয়। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এই পদার্থ আসক্তি সৃষ্টি করতে পারে এবং গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। মিশিগানে ক্র্যাটম কেনা বা ব্যবহারের ক্ষেত্রে বর্তমানে সরকারি কোনো নিয়ন্ত্রণ কিংবা বয়সসীমা নেই।
ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেলথের (NIH) তথ্য অনুযায়ী, ক্র্যাটম শরীরে ‘ওপিওয়েড ও উদ্দীপকজাতীয় প্রভাব’ সৃষ্টি করতে পারে। মায়ো ক্লিনিকের (Mayo Clinic) তথ্য অনুসারে, শক্তি বৃদ্ধি, মেজাজ ভালো রাখা ও ব্যথা উপশমের উপায় হিসেবে এটি প্রচার করা হয়। এমনকি ওপিওয়েডের আসক্তি থেকে মুক্তির সময় দেখা দেওয়া উপসর্গ কমাতেও অনেকে এটি ব্যবহার করেন। তবে মায়ো ক্লিনিক ক্র্যাটমকে ‘অনিরাপদ ও অকার্যকর’ বলে অভিহিত করেছে।
ক্র্যাটমে ‘৭-হাইড্রক্সিমিট্রাজিনিন’ (7-hydroxymitragynine বা 7-OH) এবং ‘মিট্রাজিনিন সিউডোইনডক্সিল’ (mitragynine pseudoindoxyl)-এর মতো উপাদান রয়েছে। এগুলো ক্র্যাটম উদ্ভিদ থেকে প্রাপ্ত ওপিওয়েড-সক্রিয় যৌগ, যা বিভিন্ন ক্র্যাটম পণ্যে পাওয়া যায়। ‘৭-ওএইচ’ (7-OH) নামে বাজারজাত পণ্যগুলোতে ক্র্যাটমের স্বল্পমাত্রায় থাকা এই উপাদানকে বিশেষ প্রক্রিয়ায় ঘনীভূত করে অত্যন্ত শক্তিশালী রূপ দেওয়া হয়।
ওই ২১ বছর বয়সী যুবকের এক বন্ধু শেরিফের ডেপুটিদের জানান, এর আগেও তিনি তার বন্ধুকে ক্র্যাটম সেবনের পর নেশাগ্রস্ত অবস্থায় দেখেছিলেন। তিনি বলেন, “তাকে তখন যে অবস্থায় দেখেছিলাম, তা ছিল ভয়াবহ। মনে হচ্ছিল, তার চোখ দুটি উল্টে মাথার ভেতরে চলে যাচ্ছে।”
ট্র্যাভার্স সিটির মানসন মেডিকেল সেন্টারের চিফ মেডিকেল, কোয়ালিটি অ্যান্ড সেফটি অফিসার জো সান্তাঞ্জেলো বলেন, ক্র্যাটম সেবনের অন্যতম সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া হলো তীব্র অবসাদ বা ঝিমুনি। এর ফলে শ্বাস-প্রশ্বাস ও হৃদস্পন্দনের গতি কমে যেতে পারে। শরীরে অন্য কোনো মাদক বা ওষুধের উপস্থিতি থাকলে এ প্রভাব আরও তীব্র হতে পারে।
সান্তাঞ্জেলো বলেন, “আমরা জানি, অনেকেই ক্র্যাটমের সঙ্গে অন্যান্য ওষুধ গ্রহণ করেন। এর মধ্যে চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী বা ব্যবস্থাপত্র ছাড়াই নেওয়া ওপিওয়েড রয়েছে। কেউ কেউ অ্যালকোহল বা গাঁজার সঙ্গেও এটি মিশিয়ে নেন। এভাবে বিভিন্ন পদার্থ একসঙ্গে গ্রহণ করলে প্রতিটির ক্ষতিকর প্রভাব আরও বেড়ে যেতে পারে।”
তিনি আরও বলেন, বিভিন্ন ওষুধ, ওপিওয়েড, অ্যালকোহল কিংবা ব্যবস্থাপত্র ছাড়া গ্রহণ করা অন্যান্য মাদক কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ওপর ক্র্যাটমের অবসাদ সৃষ্টিকারী প্রভাব বাড়িয়ে দিতে পারে। এতে শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে যাওয়া কিংবা হৃদযন্ত্রের কার্যক্রম অকার্যকর হয়ে পড়ার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। এটি অত্যন্ত গুরুতর স্বাস্থ্যঝুঁকি।
সান্তাঞ্জেলোর মতে, কেউ ক্র্যাটম সেবনের পর স্বাভাবিক থাকলেও অন্য কোনো ওষুধের সঙ্গে এটি গ্রহণ করলে তা গুরুতর স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে।
ট্র্যাভার্স সিটির ‘অ্যাডিকশন ট্রিটমেন্ট সার্ভিসেস’-এর চিফ কোয়ালিটি অফিসার এমি নিউথ জানান, তাদের বিভিন্ন চিকিৎসা কর্মসূচিতে ক্র্যাটম ব্যবহারের ঘটনা আগের তুলনায় বেশি দেখা যাচ্ছে।
নিউথ বলেন, “ক্র্যাটম সেবনের ফলে প্যারানয়া (অহেতুক সন্দেহপ্রবণতা), হ্যালুসিনেশন (অবাস্তব কিছু দেখা বা শোনা) এবং সাইকোসিসের মতো গুরুতর মানসিক সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে ‘৭-ওএইচ’ (7-OH) উপাদানটি অত্যন্ত উদ্বেগজনক। কারণ এটি খুবই শক্তিশালী এবং এতে আসক্তি ও অতিরিক্ত মাত্রায় সেবনের (ওভারডোজ) ঝুঁকি রয়েছে।”
ক্র্যাটমকে প্রায়ই ‘প্রাকৃতিক’ পণ্য হিসেবে বাজারজাত করা হয়। এতে অনেকের মনে পণ্যটি নিরাপদ—এমন ভ্রান্ত ধারণা তৈরি হতে পারে। ফলে তারা এর আসক্তি সৃষ্টির ক্ষমতা ও সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সচেতন থাকেন না।
নিউথ বলেন, “এ বিষয়ে প্রচুর ভুল তথ্য রয়েছে। একই সঙ্গে অনেক ক্ষেত্রে সঠিক তথ্যেরও অভাব রয়েছে।”
একটি অপ্রত্যাশিত আসক্তি
চলতি বছরের ১০ আগস্ট গ্র্যান্ড ট্র্যাভার্স কাউন্টির ৩৮ বছর বয়সী এক ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া যায়। ক্র্যাটম ও ইনহ্যাল্যান্ট (শ্বাসের মাধ্যমে গ্রহণযোগ্য রাসায়নিক পদার্থ) অনিচ্ছাকৃতভাবে অতিরিক্ত মাত্রায় গ্রহণের কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাঁর পরিচিত ব্যক্তিরা পুলিশ কর্মকর্তাদের জানান, অতীতেও তিনি ক্র্যাটম ব্যবহার করতেন। মৃত্যুর কিছুদিন আগে তিনি আবারও প্রতিদিন এটি গ্রহণ শুরু করেছিলেন।
ট্র্যাভার্স সিটির ‘অ্যাডিকশন ট্রিটমেন্ট সার্ভিসেস’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা পলা লিপিনস্কি জানান, ক্র্যাটম অত্যন্ত আসক্তি সৃষ্টিকারী একটি পদার্থ। এর প্রভাব বজায় রাখতে ব্যবহারকারীদের ধীরে ধীরে গ্রহণের পরিমাণ ও ব্যবহারের হার বাড়াতে হয়। তাঁর মতে, ক্র্যাটম ব্যবহারের কারণে কারও দৈনন্দিন জীবন ও ব্যক্তিগত সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়লে, তিনি অন্যদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লে কিংবা ছেড়ে দিতে চাইলেও তা ছাড়তে না পারলে বুঝতে হবে, তিনি সমস্যার মধ্যে রয়েছেন।
পলা লিপিনস্কি বলেন, “অন্যান্য নেশাজাতীয় পদার্থের মতোই, যখন ক্র্যাটম আপনার জীবনকে নিয়ন্ত্রণ করতে শুরু করে এবং দৈনন্দিন স্বাভাবিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করে, তখন সেটি আসক্তিজনিত সমস্যার লক্ষণ হিসেবে বিবেচিত হয়।”
‘অ্যাডিকশন ট্রিটমেন্ট সার্ভিসেস’ (ATS)-এর অভিজ্ঞতা অনুযায়ী, ক্র্যাটমে আসক্ত ব্যক্তিদের মধ্যে মূলত দুই ধরনের প্রবণতা দেখা যায়। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা পলা লিপিনস্কির মতে, এক ধরনের মানুষ হলেন, যাদের আগে কোনো মাদকাসক্তির ইতিহাস নেই। কিন্তু ক্র্যাটম ব্যবহার শুরু করার পর দ্রুতই তাঁরা এতে আসক্ত হয়ে পড়েন। অন্য ধরনের মানুষ হলেন, যারা অন্য কোনো মাদকের আসক্তি থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় রয়েছেন। ক্র্যাটমকে ব্যাপকভাবে আসক্তি সৃষ্টিকারী পদার্থ হিসেবে বিবেচনা করা হয় না—এমন ধারণা থেকে তাঁরা এটিকে নিরাপদ বিকল্প মনে করে ব্যবহার শুরু করেন। অথচ বাস্তবে এটি মোটেও নিরাপদ নয়।
সান্তাঞ্জেলোর ভাষ্য অনুযায়ী, অনেকে অন্য কোনো ওপিওয়েড (opioid) জাতীয় মাদকের আসক্তি ছাড়ার সময় দেখা দেওয়া শারীরিক ও মানসিক প্রত্যাহারজনিত উপসর্গ (withdrawal symptoms) মোকাবিলায় ক্র্যাটম ব্যবহার করেন।
লিপিনস্কি জানান, প্রায় আট বছর ধরে তাঁরা ক্র্যাটমে আসক্ত ব্যক্তিদের কাছ থেকে এ বিষয়ে অভিজ্ঞতার কথা শুনে আসছেন। তবে ২০২০ সাল থেকে ক্র্যাটমের ব্যবহার উল্লেখযোগ্য হারে বাড়তে শুরু করেছে। সেই প্রবণতা এখনো অব্যাহত রয়েছে এবং এটি ক্রমেই বড় সমস্যায় পরিণত হচ্ছে।
তিনি বলেন, “প্রতি বছর অন্তত ১০০ জন ব্যক্তি ক্র্যাটম বা ‘৭-ওএইচ’ (7-OH) আসক্তির সমস্যা নিয়ে আমাদের কাছে আসছেন। বাজার থেকে এসব পণ্য পুরোপুরি সরিয়ে ফেলার মতো কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়া হলে এ সংখ্যা আরও বাড়বে বলে আমরা আশঙ্কা করছি।”
লিপিনস্কি আরও বলেন, অনেকেই নিজেদের আসক্ত বলে মনে করেন না। কারণ, তাঁদের কাছে ক্র্যাটমকে ‘নিরাপদ’ ও ‘প্রাকৃতিক’ পণ্য হিসেবে উপস্থাপন করা হয়েছে। কিন্তু বাস্তবে এটি মোটেও নিরাপদ নয়। যে কেউ যেকোনো সময় ক্র্যাটমে আসক্ত হয়ে পড়তে পারেন এবং অনেক ক্ষেত্রে অল্প সময়ের মধ্যেই এই আসক্তি তৈরি হয়।
তিনি জানান, অনেকেই তাঁদের সঙ্গে যোগাযোগ করেছেন, কারণ নিজের চেষ্টায় ক্র্যাটম গ্রহণ বন্ধ করতে পারছিলেন না। এটি ছেড়ে দেওয়ার সময় যে শারীরিক ও মানসিক প্রত্যাহারজনিত উপসর্গ (উইথড্রয়াল সিম্পটমস) দেখা দেয়, তা এতটাই তীব্র হতে পারে যে অনেকেই মনে করেন, একা এসব মোকাবিলা করা তাঁদের পক্ষে সম্ভব নয়।
লিপিনস্কি বলেন, ক্র্যাটম ছেড়ে দেওয়ার সময় দেখা দেওয়া উপসর্গগুলো অনেকটা ওপিওয়েড আসক্তি থেকে বেরিয়ে আসার সময়ের লক্ষণের মতো। এ কারণে চিকিৎসাগতভাবে এবং তাঁদের বিভিন্ন চিকিৎসা কর্মসূচিতে উভয় ক্ষেত্রেই একই ধরনের চিকিৎসাপদ্ধতি অনুসরণ করা হয়।
তিনি আরও বলেন, “আপনার শরীরে হয়তো ওপিওয়েডের উপস্থিতি শনাক্ত হবে না, কিন্তু এই আসক্তি থেকে মুক্তি পাওয়া বা শরীরকে মাদকমুক্ত করার (ডিটক্স) প্রক্রিয়া ঠিক ততটাই কঠিন ও যন্ত্রণাদায়ক হতে পারে।”
ক্র্যাটম গ্রহণ বন্ধ করার পর যেসব উপসর্গ দেখা দিতে পারে, তার মধ্যে রয়েছে—বমি বমি ভাব, বমি, অতিরিক্ত ঘাম, পেশিতে ব্যথা, অনিদ্রা, উদ্বেগ, অস্থিরতা এবং ক্র্যাটম গ্রহণের তীব্র আকাঙ্ক্ষা।
কোনো পরিচিত বা প্রিয়জন ক্র্যাটমে আসক্ত হয়ে পড়েছেন বলে সন্দেহ হলে তাঁর সঙ্গে খোলাখুলি ও সৎভাবে কথা বলার পরামর্শ দিয়েছেন লিপিনস্কি। প্রয়োজনে তাঁকে উপযুক্ত চিকিৎসা ও সহায়তা পাওয়ার বিভিন্ন উৎসের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।
লিপিনস্কি বলেন, “সহায়তা পাওয়ার সুযোগ রয়েছে। প্রত্যেকেই হয়তো আসক্তির ভিন্ন ভিন্ন পর্যায়ে রয়েছেন। তবে আপনার যদি মনে হয়, নিজের এই অভ্যাস নিয়ে প্রশ্ন তোলার সময় এসেছে, তাহলে আমরা পাশে আছি। আপনাকে সহায়তা করতে আমরা প্রস্তুত। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছানোর জন্য অপেক্ষা করবেন না, যখন আপনার জীবন পুরোপুরি বিশৃঙ্খল হয়ে পড়বে। মনে সন্দেহ জাগলে দেরি না করে এখনই পদক্ষেপ নেওয়া ভালো।”
Source & Photo: http://detroitnews.com
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

সুপ্রভাত মিশিগান ডেস্ক :