আমেরিকা , শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ , ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ থ্যাঙ্কসগিভিংয়ে ভ্রমণে প্রস্তুত  মিশিগান, উদ্বেগে নেই যাত্রীরা গৃহহীনদের কষ্ট বুঝতে উষ্ণ বিছানার বদলে কার্ডবোর্ডের বাক্সে এক রাত ডেট্রয়েটে বাড়িতে অগ্নিকাণ্ড, ৬ বছরের  শিশুর মৃত্যু মিশিগানে অনিয়ন্ত্রিত ক্র্যাটম বিক্রি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, প্রাণহানি ২ মিশিগানে গভর্নরের ক্ষমায় রক্ষা পেল থ্যাঙ্কসগিভিংয়ের টার্কি দীর্ঘ ভোগান্তির অবসান, ২১ মাস পর খুলছে আই-৬৯৬-এর পূর্বমুখী অংশ ম্যাসাজ পার্লার ঘিরে মিশিগানজুড়ে ফেডারেল তদন্ত, কয়েক লাখ ডলার জব্দ ইউএম মামলা : ল্যাপটপ কাণ্ডে নতুন করে অভিযুক্ত ফিলিস্তিনপন্থী কর্মী  জয়নব জন রেইলির স্মরণে মিশিগানে পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ মিশিগানে মেইজারের বিভিন্ন শাখায় ধারাবাহিক চুরি, অভিযুক্ত দুইজন মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে সাইবার নিরাপত্তা নিয়ে তদন্ত, যুক্ত এফবিআই আজ মিশিগানসহ যুক্তরাষ্ট্রজুড়ে জরুরি সতর্কবার্তা পরীক্ষা  রোজ টাউনশিপে পোল বার্নে আগুন, নিহত ১ মজুরি বৃদ্ধির দাবিতে উত্তাল মিরপুর, সাভার ও গাজীপুর ফেব্রুয়ারি পর্যন্ত ‘জে.এইচ. ক্যাম্পবেল’ বিদ্যুৎ কেন্দ্র চালু রাখার নির্দেশ ভিসা নিয়ে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের সতর্কবার্তা গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, মাঠে এপিসি ও ড্রোন ডিয়ারবর্নে বিপি গ্যাস স্টেশনে গুলিতে নিহত ১ : সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ রোজভিলে গোলাগুলিতে নিহত ২, গ্রেপ্তার ১

থ্যাঙ্কসগিভিংয়ে ভ্রমণে প্রস্তুত  মিশিগান, উদ্বেগে নেই যাত্রীরা

  • আপলোড সময় : ২০-১১-২০২৬ ০২:২০:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-১১-২০২৬ ০২:২০:৪৭ পূর্বাহ্ন
থ্যাঙ্কসগিভিংয়ে ভ্রমণে প্রস্তুত  মিশিগান, উদ্বেগে নেই যাত্রীরা
ডেলটনের বাসিন্দা ব্রায়ান ও ক্রিস গ্রুবিয়াস থ্যাঙ্কসগিভিং উপলক্ষে ক্রিসের মায়ের সাথে দেখা করতে হিউস্টনগামী ফ্লাইটে ওঠার জন্য ডেট্রয়েট মেট্রোপলিটন বিমানবন্দরের ইভান্স টার্মিনালের নিরাপত্তা তল্লাশির দিকে হেঁটে যাচ্ছেন/Photo : Clarence Tabb Jr, The Detroit News 

ডেট্রয়েট, ২০ নভেম্বর : গত সপ্তাহান্তে দেশজুড়ে বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ থাকায় বাণিজ্যিক বিমান পরিবহনে বিঘ্ন ঘটলেও থ্যাঙ্কসগিভিংয়ের ব্যস্ত ভ্রমণ মৌসুমে মিশিগানের যাত্রীরা আশাবাদী। তাঁদের প্রত্যাশা, ছুটির এই মৌসুমে বিমানবন্দর ও সড়ক যোগাযোগব্যবস্থা বাড়তি যাত্রীর চাপ সামাল দিতে পারবে।
রয়্যাল ওকের ‘ক্যাডিল্যাক ট্রাভেল এজেন্সি’র দীর্ঘদিনের ট্রাভেল এজেন্ট ডেভিড ফিশম্যান বলেন, “আমার মনে হয় না মানুষ খুব একটা উদ্বিগ্ন।”
ফিশম্যান জানান, বিমান চলাচল বন্ধের ঘটনার পর নিরাপত্তার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আরও সতর্ক হয়েছে বলে তিনি যাত্রীদের আশ্বস্ত করেছেন। ছুটির মৌসুমে বিমান চলাচল নির্বিঘ্ন রাখতে কর্তৃপক্ষ বাড়তি সতর্কতা অবলম্বন করবে বলেও তাঁর প্রত্যাশা। তবে ফ্লাইট বিলম্বিত বা বাতিল হওয়ার আশঙ্কা নিয়ে গ্রাহকদের মধ্যে কিছুটা উদ্বেগ রয়েছে বলে তিনি স্বীকার করেন।
২০ নভেম্বর শুক্রবার থেকে ডেট্রয়েট মেট্রোপলিটন এয়ারপোর্ট (DTW) এবং এ অঞ্চলের মহাসড়কগুলোতে যাত্রীদের চাপ উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে ধারণা করা হচ্ছে। থ্যাঙ্কসগিভিং উপলক্ষে মিশিগানের বাসিন্দাদের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শনার্থীরাও আকাশপথ ও সড়কপথে ভ্রমণের প্রস্তুতি নিচ্ছেন।
বিমানযাত্রীদের মধ্যে রয়েছেন ব্রায়ান গ্রুবিয়াস (৫২) ও ক্রিস গ্রুবিয়াস (৪৯)। বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ডেট্রয়েট মেট্রো বিমানবন্দর থেকে হিউস্টনের উদ্দেশে রওনা হন এই দম্পতি। নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা আগেই তাঁরা বিমানবন্দরে পৌঁছান। থ্যাঙ্কসগিভিংয়ের ছুটিতে ক্রিসের মায়ের সঙ্গে দেখা করতেই তাঁদের এই যাত্রা। কয়েক মাস আগেই তাঁরা টিকিট কেটেছিলেন। তাই কোনোভাবেই যাত্রা বাতিল করতে চাননি। মিশিগানের ডেলটনে নিজেদের বাড়ি থেকে হিউস্টন পর্যন্ত গাড়িতে যেতে অন্তত ১৯ ঘণ্টা সময় লাগে।
ব্রায়ান গ্রুবিয়াসের বাবা এয়ার ট্রাফিক কন্ট্রোলার হিসেবে কাজ করতেন। ব্রায়ান জানান, বিমানযাত্রার নিরাপত্তা নিয়ে তিনি মোটেও উদ্বিগ্ন নন। তাঁর মতে, আকাশপথে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক বিকল্প ব্যবস্থা বা ‘ব্যাকআপ’ রয়েছে।
ব্রায়ান গ্রুবিয়াস বলেন, “এসব নিয়ে আমার কোনো ভয় নেই। শুধু একটাই চাওয়া—উড্ডয়নের সময় বিমানের ইঞ্জিন থেকে যেন কোনো অস্বাভাবিক শব্দ বা হেঁচকির মতো আওয়াজ না আসে। এটাই আমার একমাত্র চিন্তা।”
এএএ (AAA)-এর তথ্য অনুযায়ী, এ বছর অভ্যন্তরীণ ভ্রমণের জনপ্রিয় গন্তব্যের তালিকায় ডেট্রয়েটের অবস্থান অষ্টম। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, ছুটির সপ্তাহান্তে মিশিগানের ইন্টারস্টেট ৯৬ (I-96) মহাসড়কের গ্র্যান্ড র‍্যাপিডস থেকে ডেট্রয়েটগামী অংশে সবচেয়ে বেশি যানজটের আশঙ্কা রয়েছে।
এএএ-এর প্রাক্কলন অনুযায়ী, ‘ব্ল্যাক ফ্রাইডে’তে বিকেল পৌনে ৫টার দিকে এই মহাসড়কে যানজট সবচেয়ে তীব্র হতে পারে। ওই সময় সাধারণত যে পথ পাড়ি দিতে ২ ঘণ্টা ১৫ মিনিট লাগে, যানজটের কারণে তা পার হতে ৩ ঘণ্টারও বেশি সময় লাগতে পারে।
জাতীয় পর্যায়ে এএএ-এর পূর্বাভাস, এ বছর থ্যাঙ্কসগিভিংয়ের ছুটিতে ভ্রমণকারীর সংখ্যা সামান্য কমতে পারে। সংস্থাটির হিসাব অনুযায়ী, ২৪ থেকে ৩০ নভেম্বরের মধ্যে প্রায় ৮ কোটি ১৫ লাখ আমেরিকান বাড়ি থেকে অন্তত ৫০ মাইল দূরে ভ্রমণ করবেন। গত বছরের একই সময়ের তুলনায় এই সংখ্যা প্রায় ০.১ শতাংশ কম।
এদিকে, থ্যাঙ্কসগিভিংয়ের ছুটিতে মিশিগানের প্রায় ২৫ লাখ ৯০ হাজার বাসিন্দা ভ্রমণ করবেন বলে ধারণা করছে এএএ। গত বছরের তুলনায় এ সংখ্যাও প্রায় ০.১ শতাংশ কম।

থ্যাঙ্কসগিভিংয়ে ভ্রমণে 
আগাম প্রস্তুতির পরামর্শ
এএএ (AAA) – দ্য অটো ক্লাব গ্রুপের মুখপাত্র অ্যাড্রিয়েন উডল্যান্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, “থ্যাঙ্কসগিভিংয়ে ভ্রমণের হার এবার কিছুটা স্থিতিশীল থাকলেও যাত্রীর সংখ্যা এখনও অনেক বেশি। মিশিগানবাসীদের রাস্তাঘাট বা বিমানবন্দরে ভিড় কম হবে—এমনটা আশা করা উচিত নয়। অল্প সময়ের মধ্যে লাখ লাখ মানুষ ভ্রমণ করবেন। তাই আগেভাগে পরিকল্পনা করা এবং হাতে বাড়তি সময় নিয়ে বের হওয়া জরুরি।”
পরিবহনবিষয়ক তথ্য ও বিশ্লেষণ সংস্থা ‘ইনরিক্স’ (INRIX)-এর তথ্য অনুযায়ী, সারা দেশে ২৪ ও ২৫ নভেম্বর—মঙ্গলবার ও বুধবার—সড়কপথে ভ্রমণের চাপ সবচেয়ে বেশি থাকতে পারে। ২৪ নভেম্বর দুপুর ২টা থেকে রাত ৮টা এবং ২৫ নভেম্বর দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মহাসড়কগুলোতে তীব্র যানজটের আশঙ্কা রয়েছে। অন্যদিকে, ‘এয়ারলাইন্স ফর আমেরিকা’ (Airlines for America)-এর তথ্য অনুযায়ী, আকাশপথে ভ্রমণের ক্ষেত্রে ২৯ নভেম্বর, রোববার এবং ৩০ নভেম্বর, সোমবার যাত্রীদের সবচেয়ে বেশি ভিড় হতে পারে।

গাড়িতে ভ্রমণকারীর
 সংখ্যা কমছে
এএএ (AAA)-এর প্রাক্কলন অনুযায়ী, মোট ৮ কোটি ১৫ লাখ ভ্রমণকারীর মধ্যে ৭ কোটি ২৯ লাখ আমেরিকান গাড়িতে করে গন্তব্যে পৌঁছাবেন। তাঁদের মধ্যে মিশিগানের বাসিন্দা থাকবেন প্রায় ২৩ লাখ। গত বছর থ্যাঙ্কসগিভিং উপলক্ষে প্রায় ৭ কোটি ৩১ লাখ আমেরিকান গাড়িতে ভ্রমণ করেছিলেন।
বিশেষজ্ঞদের মতে, জ্বালানির তুলনামূলক বেশি দামই এবার গাড়িতে ভ্রমণকারীর সংখ্যা কিছুটা কমার অন্যতম কারণ।
এএএ-এর তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে সাধারণ পেট্রোলের দাম ২৪ সেপ্টেম্বর প্রতি গ্যালন ৪.৪৮ ডলারে পৌঁছেছিল, যা ছিল এ বছরের সর্বোচ্চ। মিশিগানে ২১ সেপ্টেম্বর এই দাম ছিল প্রতি গ্যালন ৪.৯৩ ডলার।
সম্প্রতি মিশিগানে পেট্রোলের দাম গত এপ্রিলের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এলেও তা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ২৬ শতাংশ বেশি।
গ্যাসবাডি (GasBuddy)-এর পূর্বাভাস অনুযায়ী, থ্যাঙ্কসগিভিংয়ের দিন যুক্তরাষ্ট্রে পেট্রোলের গড় দাম প্রতি গ্যালন ৩.৫৯ থেকে ৩.৬৯ ডলারের মধ্যে থাকতে পারে। গত বছর একই দিনে এই দাম ছিল ৩.০২ ডলার।
থ্যাঙ্কসগিভিংয়ের দিনে পেট্রোলের সর্বোচ্চ গড় দাম রেকর্ড করা হয়েছিল ২০২২ সালে। সে বছর জাতীয় পর্যায়ে প্রতি গ্যালনের দাম ছিল ৩.৫৮ ডলার এবং মিশিগানে প্রায় ৩.৮১ ডলার।
জ্বালানির দাম তুলনামূলক বেশি থাকলেও সাম্প্রতিক দরপতনকে সময়োপযোগী বলে মনে করছেন জ্বালানিমূল্য বিশেষজ্ঞ প্যাট্রিক ডি হান।
গ্যাসবাডির পেট্রোলিয়াম বিশ্লেষণ বিভাগের প্রধান ডি হান জানান, হরমুজ প্রণালী দিয়ে তেলের সরবরাহ বাড়ায় পেট্রোলের দাম কমেছে। এ ছাড়া সেপ্টেম্বর ও অক্টোবর মাসে তেল শোধনাগার-সংক্রান্ত যেসব জটিলতার কারণে দাম বেড়েছিল, সেগুলোও এখন কেটে গেছে। তাঁর মতে, মিশিগানের গাড়িচালকদের তাড়াহুড়ো করে পেট্রোল কেনার প্রয়োজন নেই; বরং আগামী দিনগুলোতে দাম আরও কমতে পারে।

থ্যাঙ্কসগিভিংয়ের 
পরিকল্পনা চূড়ান্ত, বড়দিনের
ভ্রমণ নিয়ে বাড়ছে শঙ্কা
ডি হানের মতে, বিমান চলাচল নিয়ে সাম্প্রতিক উদ্বেগের কারণে থ্যাঙ্কসগিভিংয়ের সময় ভ্রমণকারীরা তাঁদের পরিকল্পনা বাতিল করবেন, এমন সম্ভাবনা কম।
তিনি বলেন, “আমরা এমন কোনো উল্লেখযোগ্য প্রবণতা দেখছি না, যেখানে মানুষ বিমান ভ্রমণ বাতিল করে সড়কপথে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন। এ ধরনের বড় কোনো পরিবর্তনের স্পষ্ট লক্ষণও আমাদের চোখে পড়ছে না। কেউ কেউ হয়তো এমন সিদ্ধান্ত নিতে পারেন, তবে তা আমাদের স্বাভাবিক পরিসংখ্যানগত ত্রুটির সীমার মধ্যেই রয়েছে।”
ডি হান উল্লেখ করেন, থ্যাঙ্কসগিভিংয়ের অধিকাংশ ভ্রমণের পরিকল্পনা ১৩ নভেম্বর বিমান চলাচল বন্ধের ঘটনার আগেই চূড়ান্ত করা হয়েছিল। এ ছাড়া, এয়ারলাইনগুলোর ফ্লাইট বাতিলের নীতিমালাও বেশ কঠোর। তবে তাঁর মতে, বড়দিনের (ক্রিসমাস) ভ্রমণ পরিকল্পনা বেশি প্রভাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
ডি হান বলেন, “থ্যাঙ্কসগিভিংয়ের ক্ষেত্রে এখন আর পরিকল্পনায় পরিবর্তন আনা প্রায় অসম্ভব, কারণ এয়ারলাইনগুলো এ বিষয়ে খুব একটা নমনীয় নয়। তবে আমার মনে হয়, বড়দিনের ভ্রমণ নিয়ে মানুষ এখন নতুন করে ভাবতে পারে।”
তিনি আরও বলেন, “থ্যাঙ্কসগিভিংয়ের ভ্রমণ পরিকল্পনা অধিকাংশ মানুষ আগেই চূড়ান্ত করে ফেলেছেন। কিন্তু এফএএ (FAA)-সংক্রান্ত পরিস্থিতি এবং সম্প্রতি সংবাদমাধ্যমে সাইবার হামলার খবর দেখে মনে হচ্ছে, বড়দিনের ভ্রমণ পরিকল্পনা নিয়ে মানুষ আগের চেয়ে বেশি উদ্বিগ্ন হয়ে পড়েছেন।”

বিমান ভ্রমণে নিম্নমুখী 
প্রবণতার বিপরীতে 
মিশিগান
এএএ (AAA)-এর তথ্য অনুযায়ী, জাতীয় পর্যায়ে অভ্যন্তরীণ বিমান ভ্রমণ সামান্য কমতে পারে। ২০২৫ সালে এ সংখ্যা ছিল প্রায় ৫৯ লাখ ৭০ হাজার। এ বছর তা কমে ৫৯ লাখ ৬০ হাজারে দাঁড়াতে পারে।
এএএ-এর মতে, এর অন্যতম কারণ ভ্রমণ ব্যয় বৃদ্ধি। এ বছর অভ্যন্তরীণ রুটে আসা-যাওয়ার গড় বিমানভাড়া প্রায় ৮০০ ডলার, যা গত বছরের তুলনায় প্রায় ১৭ শতাংশ বেশি।
তবে মিশিগানে চিত্রটি ভিন্ন। রাজ্যটিতে বিমান ভ্রমণ ১ দশমিক ২ শতাংশ বাড়তে পারে। গত বছর যেখানে যাত্রীর সংখ্যা ছিল ২ লাখ ২০ হাজারের সামান্য কম, এ বছর তা বেড়ে ২ লাখ ২২ হাজার ছাড়িয়ে যেতে পারে।
ক্যালিফোর্নিয়ার রিভারসাইডের বাসিন্দা ৪২ বছর বয়সী ভিক্টোরিয়া রোচা বৃহস্পতিবার তাঁর মা, স্বামী ও ৯ বছর বয়সী ছেলেকে নিয়ে ডেট্রয়েট মেট্রো বিমানবন্দরে পৌঁছান। থ্যাঙ্কসগিভিংয়ের আগের সপ্তাহান্তে হেনরি ফোর্ড মিউজিয়ামসহ ডেট্রয়েটের অন্যান্য জাদুঘর ঘুরে দেখার পরিকল্পনা ছিল তাঁদের। এ জন্য অনেক আগেই বিমানের টিকিট কেটে রেখেছিলেন।
গত সপ্তাহে বিমান চলাচলে বিঘ্নের ঘটনায় তাঁর স্বামী বিচলিত না হলেও রোচার মা বিমান ভ্রমণ নিয়ে কিছুটা অস্বস্তিতে ছিলেন।
রোচা বলেন, “আমি নিজেও কিছুটা উদ্বিগ্ন ছিলাম। বিশেষ করে গত সপ্তাহের পরিস্থিতির পর মনে হচ্ছিল, ভ্রমণের ক্ষেত্রে সবকিছু যেন অত্যন্ত অনিশ্চিত হয়ে পড়েছে। তাই খবরের দিকে কড়া নজর রাখছিলাম।”
তিনি আরও বলেন, “তবে আমরা অনেক আগেই টিকিট বুক করেছিলাম এবং ভ্রমণ নিয়ে খুবই উচ্ছ্বসিত। এখন পর্যন্ত পরিস্থিতি মোটেও খারাপ নয়।”
এদিকে, যাত্রীরা যখন আকাশপথে ভ্রমণের প্রস্তুতি নিচ্ছেন, তখন ফেডারেল কর্মকর্তারা সাম্প্রতিক বিপর্যয়ের পরও দেশের বিমান পরিবহন ব্যবস্থা নিরাপদ ও নির্ভরযোগ্য থাকবে বলে জনসাধারণকে আশ্বস্ত করার চেষ্টা করছেন।
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) প্রধান ব্রায়ান বেডফোর্ড এ সপ্তাহে ‘দ্য হিল’-কে বলেন, বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ থাকার ঘটনার পরও তিনি আমেরিকানদের “নিশ্চিতভাবেই” আশ্বস্ত করতে পারেন যে, “বিমান পরিবহন ব্যবস্থা ভ্রমণের জন্য নিরাপদ।”
বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ থাকায় ফ্লাইট বিলম্ব ও বাতিলের ঘটনা যাত্রীদের শুধু ভোগান্তিতেই ফেলেনি, বরং আর্থিক ক্ষতিরও কারণ হয়েছে।
ইস্ট ল্যান্সিংভিত্তিক ‘অ্যান্ডারসন ইকোনমিক গ্রুপ’ (AEG)-এর প্রাক্কলন অনুযায়ী, এ স্থগিতাদেশের কারণে সময় নষ্ট ও অন্যান্য আনুষঙ্গিক ব্যয় মিলিয়ে যাত্রীদের ক্ষতির পরিমাণ ১৯০ কোটি ডলারের বেশি।
এজিই-এর জ্যেষ্ঠ বিশ্লেষক আন ডো বলেন, “দীর্ঘ সময় ধরে বিমান চলাচল বন্ধ থাকায় যাত্রীদের প্রায় ২০০ কোটি ডলারের ক্ষতি হয়েছে। এর বড় একটি অংশই অতিরিক্ত ভ্রমণ-সময়ের কারণে। এই সময়টুকু তাঁরা গন্তব্যে পৌঁছে ব্যবসায়িক কাজ বা অবসর যাপনে ব্যয় করতে পারতেন। অনেক যাত্রীকে হোটেল ভাড়া, খাবার ও যাতায়াতের খরচ নিজেদের পকেট থেকে বহন করতে হয়েছে। আবার কেউ কেউ তাঁদের পুরো ভ্রমণ পরিকল্পনাই বাতিল করতে বাধ্য হয়েছেন।”
থ্যাঙ্কসগিভিংয়ের ছুটির সময়—অর্থাৎ বছরের সবচেয়ে ব্যস্ত বিমান ভ্রমণের মৌসুমে—এ ধরনের স্থগিতাদেশ ঘটলে এর আর্থিক ক্ষতির পরিমাণ আরও অনেক বেশি হতে পারত।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ