ওয়ারেন, ২১ নভেম্বর : শীত মানেই বাঙালির ঘরে ঘরে পিঠাপুলির উৎসব। ঐতিহ্য, স্বাদ আর পারিবারিক আনন্দের মেলবন্ধনে পিঠা হয়ে উঠেছে বাঙালির শীতকালীন সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। সেই চিরচেনা স্বাদ ও ঐতিহ্য প্রবাসে ছড়িয়ে দিতে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন সিটিতে চতুর্থবারের মতো দুই দিনব্যাপী পিঠা উৎসবের আয়োজন করেছে ‘রয়্যাল বেঙ্গল বাংলাদেশি কুজিন’।
আজ শনিবার (২১ নভেম্বর) শুরু হওয়া এ উৎসব চলবে আগামীকাল রোববার (২২ নভেম্বর) পর্যন্ত। ওয়ারেন সিটির ২৬০২৯ হুভার রোডে আয়োজিত এ উৎসব প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ১১টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
আয়োজকরা জানান, শীতের পিঠাপুলি বাঙালির হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতির অংশ। এসব পিঠার সঙ্গে জড়িয়ে আছে শৈশবের স্মৃতি, পারিবারিক আনন্দ ও শেকড়ের টান। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে দেশীয় ঐতিহ্য তুলে ধরা এবং বাঙালির চিরচেনা খাবারের স্বাদ ফিরিয়ে আনতেই এ উদ্যোগ। একই সঙ্গে এ আয়োজনের মধ্য দিয়ে কমিউনিটির মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে বলে আশা করছেন তাঁরা।
আয়োজকরা আরো জানান, উৎসবে ঘরোয়া পদ্ধতিতে তৈরি বাংলাদেশের ঐতিহ্যবাহী নানা ধরনের পিঠা পাওয়া যাবে। প্রবাসে বসেই দর্শনার্থীরা উপভোগ করতে পারবেন বাড়িতে তৈরি পিঠার চিরচেনা স্বাদ। পাশাপাশি উৎসব প্রাঙ্গণে থাকবে দেশীয় পোশাক, গয়না ও বিভিন্ন পণ্যের স্টল, যেখানে কেনাকাটার সুযোগ পাবেন আগত অতিথিরা।
উৎসবের শেষ দিন রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এ আয়োজনে অংশ নিতে আগ্রহী প্রতিভাবান শিল্পীদের খুঁজছেন উদ্যোক্তারা। শিল্পীদের পরিবেশনার জন্য থাকবে সুন্দর মঞ্চের ব্যবস্থা।
বাঙালি ঐতিহ্য ও সংস্কৃতির এ মিলনমেলায় প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও শিল্পীদের পরিবেশনা উৎসবকে আরও প্রাণবন্ত করে তুলবে বলে আশা করছেন আয়োজকেরা। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে আগ্রহী শিল্পীদের (৫৮৬) ৭৫৫-৮০০০ নম্বরে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে। প্রবাসের মাটিতে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির চর্চা অব্যাহত রাখা এবং নতুন প্রজন্মের কাছে পিঠাপুলির চিরচেনা স্বাদ পৌঁছে দিতে চতুর্থবারের মতো এ উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

নিজস্ব প্রতিনিধি :