হুইলার টাউনশিপ, ২২ নভেম্বর : মিশিগানের গ্র্যাটিয়ট কাউন্টিতে এক মাকে হত্যার ঘটনায় তাঁর ২২ বছর বয়সী ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ওই ব্যক্তি প্লাইমাউথের বাসিন্দা।
মিশিগান স্টেট পুলিশের ষষ্ঠ ডিস্ট্রিক্ট ২০ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ (X)-এ দেওয়া এক পোস্টে জানায়, গ্র্যাটিয়ট কাউন্টির হুইলার টাউনশিপের ইস্ট সেন্ট চার্লস রোডের ১০৩০০ ব্লকে ৫৮ বছর বয়সী ওই নারী হত্যাকাণ্ডের শিকার হন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, এ ঘটনায় নিহত নারীর ২২ বছর বয়সী ছেলেকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে গ্র্যাটিয়ট কাউন্টি জেলে রাখা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জনসাধারণের জন্য কোনো নিরাপত্তাঝুঁকি নেই এবং অন্য কেউ আহত হননি।
২০ নভেম্বর সকালে লেকভিউ পোস্টের ট্রুপারদের ঘটনাস্থলে পাঠানো হয়। পুলিশ জানায়, নিহত নারী ও অভিযুক্ত দুজনই প্লাইমাউথের বাসিন্দা এবং ওই এলাকায় ভ্রমণে এসেছিলেন।
এ ঘটনায় পুলিশ আর কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। তদন্তে লেকভিউ পোস্টের ট্রুপারদের পাশাপাশি সাগিনাউ চিপেওয়া ট্রাইবাল পুলিশ, গ্র্যাটিয়ট কাউন্টি শেরিফ অফিস, এমএসপি মাউন্ট প্লেজেন্ট পোস্ট এবং এমএসপির দ্বিতীয় ও ষষ্ঠ ডিস্ট্রিক্টের বিশেষ তদন্ত বিভাগের কর্মকর্তারা সহায়তা করেন।
Source & Photo: http://detroitnews.com
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

সুপ্রভাত মিশিগান ডেস্ক :