উইকসম, ২২ নভেম্বর : মিশিগান অঙ্গরাজ্যের উইকসম সিটির বাসিন্দা বায়োমেডিকেল ইঞ্জিনিয়ার আশীষ মজুমদারের সহধর্মিণী সিঁথি মজুমদার আর নেই। আজ রোববার সকাল ৬টা ৩০ মিনিটে অ্যান আরবারের ইউনিভার্সিটি অব মিশিগান হাসপাতালে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫১ বছর। মৃত্যুকালে তিনি স্বামী, দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আগামী মঙ্গলবার (২৪ নভেম্বর) হেজেল পার্কের ৬২৭ ইস্ট ৯ মাইল রোডে অবস্থিত মার্সি ফিউনারেল হোমে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানানো হবে। এরপর তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
ইঞ্জিনিয়ার আশীষ মজুমদারের সহধর্মিণী সিঁথি মজুমদারের মৃত্যুতে সুপ্রভাত মিশিগানের সম্পাদক চিন্ময় আচার্য গভীর শোক প্রকাশ করেছেন। এক বিবৃতিতে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন।
এ ছাড়া, নোভাই সিটির বাসিন্দা ইঞ্জিনিয়ার রতন কুমার হাওলাদার সিঁথি মজুমদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি বলেন, প্রবাসের মাটিতে সিঁথি মজুমদার বাংলাদেশি কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ ছিলেন। তাঁর মৃত্যুতে কমিউনিটির মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং এ শোকাবহ সময়ে তাঁদের ধৈর্য ও মানসিক শক্তি কামনা করেন।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

নিজস্ব প্রতিনিধি :