ল্যান্সিং, ২২ নভেম্বর : মিশিগানে ক্রিপ্টো-কিওস্ক নিষিদ্ধ করতে উদ্যোগ নিয়েছেন এক আইনপ্রণেতা। রাজ্যে বিটকয়েন কিওস্ককে কেন্দ্র করে আর্থিক প্রতারণার ঘটনা বাড়ছে। এসব প্রতারণার শিকার হচ্ছেন প্রায়ই বয়স্ক ব্যক্তিরা।
ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)-এর তথ্য অনুযায়ী, ২০২৫ সালে মিশিগানে বিটকয়েন কিওস্ক-সংক্রান্ত প্রতারণার ৩৬৮টি অভিযোগ জমা পড়ে। এসব ঘটনায় প্রায় ১২ মিলিয়ন ডলার (১ কোটি ২০ লাখ ডলার) খোয়া গেছে বলে ধারণা করা হচ্ছে। এফবিআইয়ের ইন্টারনেট ক্রাইম কমপ্লেইন্ট সেন্টারে (আইসিথ্রি) সারা দেশ থেকে ক্রিপ্টোকারেন্সি কিওস্ক-সংক্রান্ত ১৩ হাজার ৪০০টির বেশি অভিযোগ জমা পড়েছে। এসব ঘটনায় মোট আর্থিক ক্ষতির পরিমাণ ৩৮৮ মিলিয়ন ডলারের বেশি।
বিটকয়েন হলো এক ধরনের ডিজিটাল মুদ্রা, যা বিনিয়োগের পাশাপাশি পণ্য ও সেবা কেনাবেচায় ব্যবহার করা হয়। এটি প্রচলিত সরকারি মুদ্রা বা ব্যাংকিং ব্যবস্থার মতো কেন্দ্রীয় কোনো কর্তৃপক্ষের সরাসরি নিয়ন্ত্রণে পরিচালিত হয় না।
বিটকয়েন কিওস্ক বা ‘ক্রিপ্টো এটিএম’ হলো এক ধরনের স্বয়ংক্রিয় যন্ত্র, যা দেখতে অনেকটা সাধারণ এটিএমের মতো। তবে এর মাধ্যমে মূলত বিটকয়েন কেনা-বেচা ও লেনদেন করা যায়।
মিশিগানের ডেমোক্র্যাট সিনেটর জেফ আরউইন (অ্যান আরবার) রাজ্যে ক্রিপ্টো-কিওস্ক নিষিদ্ধ করার লক্ষ্যে একটি বিল উত্থাপন করেছেন। গত অক্টোবর মাসে সিনেটের ‘ফিন্যান্স, ইন্স্যুরেন্স অ্যান্ড কনজিউমার প্রোটেকশন কমিটি’ বিলটি সর্বসম্মতিক্রমে অনুমোদন করে। বর্তমানে এটি পূর্ণাঙ্গ সিনেটে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। চলতি বছরের শেষ নাগাদ বিলটি পাস হবে বলে আশা প্রকাশ করেছেন সিনেটর আরউইন।
অক্টোবরে সিনেট কমিটির শুনানিতে আরউইন বলেন, প্রতারকদের জন্য ক্রিপ্টো-কিওস্ক অত্যন্ত সুবিধাজনক। এসব যন্ত্রের মাধ্যমে লেনদেনের অর্থ শনাক্ত করা বা তার গতিবিধি অনুসরণ করা প্রায় অসম্ভব। ফলে প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া অর্থ ফেরত পাওয়ারও কার্যকর কোনো উপায় থাকে না। আর প্রতারকরা এই সুযোগটিই কাজে লাগাচ্ছে।
‘মিশিগান কনজিউমার প্রোটেকশন টিম’-এর ওয়েবসাইটে বলা হয়েছে, ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে সাধারণ মানুষের অজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রতারকরা তাদের প্রতারণার ফাঁদে ফেলছে।
অ্যাটর্নি জেনারেল ডানা নেসেলের কার্যালয়ের অধীনস্থ ‘মিশিগান কনজিউমার প্রোটেকশন টিম’-এর তথ্য অনুযায়ী, ভুক্তভোগীরা প্রায়ই কোনো সুপরিচিত প্রতিষ্ঠানের পরিচয় ব্যবহার করে পাঠানো প্রতারণামূলক বার্তা বা ফোনকল পান। এরপর তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
পরবর্তী ধাপে ওই অর্থ ক্রিপ্টো-কিওস্কে জমা দিয়ে বিটকয়েনে রূপান্তর করা হয়। এরপর ভুক্তভোগীদের লেনদেনের রসিদ অথবা কিউআর (QR) কোড প্রতারকদের কাছে পাঠাতে বলা হয়। ভোক্তা সুরক্ষা দলের ভাষ্য, “প্রচলিত ব্যাংকিং লেনদেনে জালিয়াতি প্রতিরোধের ব্যবস্থা রয়েছে। কিন্তু এসব কিওস্ক গ্রাহকদের সুরক্ষার পরিবর্তে প্রতারকদেরই সুবিধা করে দেয়।”
মিশিগান স্টেট পুলিশের ক্রিপ্টোকারেন্সি ইনভেস্টিগেশন ইউনিটের ডিটেকটিভ সার্জেন্ট টোরি জনস জানান, অধিকাংশ প্রতারণার ধরন প্রায় একই রকম।
জনস বলেন, “সম্প্রতি এমন একটি প্রতারণার ঘটনা নিয়ে কাজ করেছি, যেখানে ভুক্তভোগী বিশ্বাস করেছিলেন, তিনি এফবিআইয়ের (FBI) কাছ থেকে ফোন পেয়েছেন এবং তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। তাঁকে নির্দেশ দেওয়া হয়েছিল, এসব কিওস্কের একটির মাধ্যমে হাজার হাজার ডলার পরিশোধ করতে। আর একবার টাকা চলে গেলে তা ফেরত পাওয়া প্রায় অসম্ভব।” তিনি আরও বলেন, “প্রতারণার কৌশল প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। ফলে অপরাধীদের শনাক্ত করা ক্রমেই কঠিন হয়ে পড়ছে।”
ওকল্যান্ড ইউনিভার্সিটির অধ্যাপক এবং ‘সেন্টার ফর সাইবারক্রাইম ইনভেস্টিগেশন অ্যান্ড ট্রেনিং’-এর পরিচালক থমাস হোল্ট বলেন, অপরাধীদের জন্য অর্থ আত্মসাতের সহজ মাধ্যম হয়ে উঠেছে ক্রিপ্টোকারেন্সি। প্রচলিত ওয়্যার ট্রান্সফার, মানি অর্ডার বা গিফট কার্ডের মাধ্যমে করা প্রতারণার তুলনায় এর মাধ্যমে অর্থ লেনদেনের ক্ষেত্রে অপরাধীদের পরিচয় গোপন রাখা অনেক সহজ।
হোল্ট ব্যাখ্যা করেন, “এর কারণ হলো, এখানে সরাসরি একটি ওয়ালেট থেকে অন্য ওয়ালেটে অর্থ পাঠানো হয়। ক্রিপ্টোকারেন্সির লেনদেন সাধারণত ‘ব্লকচেইন’ নামের একটি ব্যবস্থায় রেকর্ড করা থাকে, যেখানে এক ওয়ালেট থেকে অন্য ওয়ালেটে অর্থ স্থানান্তরের তথ্য সবার জন্য উন্মুক্ত থাকে।”
তিনি আরও বলেন, “পুলিশ শুধু জানতে পারে যে, একটি ওয়ালেট থেকে অন্য ওয়ালেটে অর্থ পাঠানো হয়েছে। কিন্তু এসব ওয়ালেটের মালিক কারা, তা শনাক্ত করা জরুরি। অথচ প্রতারকরা প্রায়ই ভুয়া নাম ও অবস্থানের তথ্য ব্যবহার করে। ফলে তাদের শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।”
এএআরপি (AARP)-এর অ্যাডভোকেসি বিভাগের সহযোগী পরিচালক জেসন লাচোস্কি জানান, বয়স্ক ব্যক্তিরা এ ধরনের প্রতারণার ক্ষেত্রে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন।
লাচোস্কি বলেন, “মোট আর্থিক ক্ষতির ৭৫ শতাংশেরও বেশি হয়েছে ৬০ বছর বা তার বেশি বয়সী ব্যক্তিদের ক্ষেত্রে।”
তিনি জানান, এএআরপি ক্রিপ্টো-কিওস্কে গ্রাহকদের সুরক্ষায় কার্যকর ব্যবস্থা নেওয়ার পক্ষে কাজ করছে। তবে সংগঠনটি বিটকয়েন কিওস্ক নিষিদ্ধ করার আইন প্রণয়নেরও সমর্থক।
তিনি আরও বলেন, “ধারণা করা হচ্ছে, ২০২৫ সালে বিটকয়েন কিওস্কের মাধ্যমে সম্পন্ন হওয়া লেনদেনের ৯০ শতাংশই কোনো না কোনোভাবে প্রতারণার সঙ্গে যুক্ত ছিল। এ কারণে আমরা সিনেটে উত্থাপিত এমন একটি বিলকে সমর্থন করছি, যার মাধ্যমে পুরো অঙ্গরাজ্যে বিটকয়েন কিওস্ক নিষিদ্ধ করা হবে।”
রিপাবলিকান নিয়ন্ত্রিত মিশিগান প্রতিনিধি পরিষদেও সিনেটর আরউইনের প্রস্তাবিত আইনের অনুরূপ একটি বিল উত্থাপন করেছেন ডেমোক্র্যাট ও রিপাবলিকান—উভয় দলের আইনপ্রণেতারা। তবে সংশ্লিষ্ট কমিটিতে বিলটি নিয়ে এখন পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি।
লাচোস্কির তথ্যমতে, ২০২৬ সালে ইন্ডিয়ানা ও মিনেসোটা প্রথম অঙ্গরাজ্য হিসেবে বিটকয়েন কিওস্ক নিষিদ্ধ করার আইন করেছে। আইন দুটি সর্বসম্মতিক্রমে পাস হয়েছে। এ ছাড়া আরও ৩৫টি অঙ্গরাজ্যে এ ধরনের কিওস্ক নিষিদ্ধ করা অথবা সেগুলোর ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপের লক্ষ্যে বিল উত্থাপন করা হয়েছে।
Source & Photo: http://detroitnews.com
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

সুপ্রভাত মিশিগান ডেস্ক :