ঢাকা, ২৪ নভেম্বর: আগামী ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে বাংলাদেশে ফিরতে চান জুলাই আন্দোলনে ক্ষমতাচ্যুত ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২৪ নভেম্বর) তাঁর মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী বার্তাসংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।
ভারতে দুই বছরের বেশি সময় নির্বাসনে থাকার পর প্রথমবারের মতো দেশে ফেরার নির্দিষ্ট তারিখ ঘোষণা করলেন শেখ হাসিনা। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তাঁর এই ঘোষণায় বাংলাদেশের রাজনৈতিক ও আইনি উত্তেজনা আরও বাড়তে পারে।
মোজাম্মেল আলী বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনাকে বাংলাদেশের একটি উড়োজাহাজে করে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। তাই দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য তিনি সরকারের কাছে আকাশপথে পরিবহনের ব্যবস্থা করার আহ্বান জানাচ্ছেন।
এ বিষয়ে মন্তব্য জানতে রয়টার্স বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাৎক্ষণিক কোনো সাড়া পাওয়া যায়নি। গত রোববার এক মন্ত্রী রয়টার্সকে জানিয়েছিলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে।
এর আগে গত ৯ নভেম্বর লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বার্স’-এর মাধ্যমে শেখ হাসিনার আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে ইমেইল পাঠিয়ে তাঁর জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যুর আবেদন জানান।
প্রথম আবেদনে শেখ হাসিনার স্বাক্ষরিত অনুমোদনপত্র না থাকায় ঢাকা প্রশ্ন তুললে, ১৯ নভেম্বর তাঁর আইনজীবীরা স্বাক্ষরিত অনুমোদনপত্রসহ দ্বিতীয়বার আবেদন পাঠান।
অন্যদিকে, ৯ নভেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে এই আবেদনকে ‘হাস্যকর’ বলে অভিহিত করেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও পলাতক আসামিকে সাধারণ পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়া হবে না। সরকারের দাবি, ভারতের সঙ্গে থাকা দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির আওতায় আইনি প্রক্রিয়ায় তাকে হস্তান্তর করতে হবে।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জানিয়েছিলেন, আবেদনটির সত্যতা এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির এ ধরনের নথির জন্য আবেদন করার আইনি অধিকার রয়েছে কি না, তা পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে।
জাতিসংঘের তথ্যানুযায়ী, শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা ওই আন্দোলনের সময় প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হন। ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার দায়ে গত বছরের নভেম্বরে তাঁর অনুপস্থিতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে মৃত্যুদণ্ড দেন।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

সুপ্রভাত মিশিগান ডেস্ক :