ইউনিয়নভিল, ২৭ নভেম্বর : যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হিউরন হ্রদের সাগিনাউ বে-তে মাছ ধরার একটি নৌকা ডুবে যাওয়ার পর প্রাণে বেঁচেছেন চার আরোহী। গত ২৫ নভেম্বর উত্তাল ঢেউয়ের মধ্যে নৌকাটি ডুবে গেলে তাঁরা পানিতে পড়ে যান। পরে উদ্ধারকারীরা তাঁদের জীবিত উদ্ধার করেন।
এসি ডব্লিউ-ইউনিয়নভিল (ACW-Unionville) ফায়ার ডিপার্টমেন্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে তাদের কাছে খবর আসে, বে ও তাসকোলা কাউন্টির সীমান্তবর্তী এলাকার কাছে উপকূল থেকে প্রায় দেড় মাইল দূরে একটি নৌকায় পানি ঢুকছে।
ঘটনাস্থলে পৌঁছে প্রথম উদ্ধারকারী দল নৌকাটিকে সম্পূর্ণ ডুবে যেতে দেখে। বিজ্ঞপ্তিতে বলা হয়, চার ব্যক্তি হাঁস শিকার করছিলেন। এ সময় তাঁদের নৌকায় পানি ঢুকতে শুরু করে। উদ্ধারকারীরা পৌঁছানোর আগেই নৌকাটি ডুবে যায় এবং চারজনই পানিতে পড়ে যান। তাঁরা একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে উত্তাল ঢেউয়ের সঙ্গে লড়াই করে ভেসে থাকার চেষ্টা করছিলেন। কোনো কোনো মুহূর্তে তাঁরা পুরোপুরি পানির নিচে তলিয়ে যাচ্ছিলেন।
উদ্ধারকারী দলের একজন সদস্য পানিতে নেমে তাঁদের সহায়তায় এগিয়ে আসেন। চারজনের সবার মধ্যেই হাইপোথার্মিয়া বা শরীরের তাপমাত্রা বিপজ্জনকভাবে কমে যাওয়ার লক্ষণ দেখা দিয়েছিল।
ফায়ার ডিপার্টমেন্ট জানায়, পানির পরিস্থিতি ক্রমেই প্রতিকূল হয়ে উঠলেও চার ভুক্তভোগী ও উদ্ধারকারী দলের সদস্যকে নিরাপদে তীরে ফিরিয়ে আনা সম্ভব হয়।
ন্যাশনাল ওয়েদার সার্ভিসের তথ্য অনুযায়ী, হিউরন হ্রদের জন্য শুক্রবার ভোর ৫টা পর্যন্ত ‘গেল ওয়ার্নিং’ (ঝড়ো বাতাসের সতর্কতা) জারি ছিল। এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ৩৫ নট এবং ঢেউয়ের উচ্চতা প্রায় ১২ ফুটে পৌঁছেছিল।
আকরন, কলম্বিয়া ও উইসনার টাউনশিপ এবং ইউনিয়নভিল গ্রামে সেবা প্রদানকারী ফায়ার ডিপার্টমেন্টটি জানায়, ডিসপ্যাচারদের দ্রুত তৎপরতায় পানিতে আটকে পড়া ব্যক্তিদের অবস্থান শনাক্ত করা সম্ভব হয়েছিল। উদ্ধার অভিযানের সাফল্যে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উদ্ধার হওয়া চারজনকে হাসপাতালে নেওয়া হয়েছিল কি না, সে বিষয়ে ফায়ার ডিপার্টমেন্ট কিছু জানায়নি। তবে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছিল।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ঘটনা সাগিনাউ বে-তে নৌযান চলাচলের ঝুঁকি সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। পানির তাপমাত্রা, আবহাওয়া, ঢেউ এবং দ্রুত পরিবর্তনশীল পরিবেশ যেকোনো সময় বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে।
Source & Photo: http://detroitnews.com
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

সুপ্রভাত মিশিগান ডেস্ক :