আমেরিকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান ডেট্রয়েটে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ১ টলেডোতে রাসায়নিক ছড়িয়ে  পড়ায় সতর্কতা জারি প্যালিসেডস পারমাণবিক কেন্দ্র চালুর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা সিঁদুরের রঙে বিজয়া, বিষাদের  সুরে মিশিগানে দেবীর বিদায় সাউথফিল্ডে গুলিতে একজন নিহত, ভুক্তভোগীর পরিচিত যুবক গ্রেপ্তার হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই বাংলাদেশি : তারেক রহমান হৃদরোগে মৃত্যুহারে মিশিগান ও  যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে ডেট্রয়েট নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪ ধর্ম যার যার, রাষ্ট্র সবার : তারেক রহমান মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে টাইম বোমা, সঙ্গে পেট্রোল মিশিগানে সপ্তাহজুড়ে শরতের মৃদু আবহাওয়া, রাতে ঠান্ডা দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক জীবন বাঁচাতে রক্তদানের প্রতিযোগিতায় ইউএম ও ওহাইও স্টেট টেক্সাস টাউনশিপে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত, আহত ৩ মহাষ্টমীতে ভক্তিময় মিশিগান, দুর্গা  টেম্পল ও কালীবাড়িতে জনস্রোত

এক মিনিটেই বাঁচল শিশুর প্রাণ, পুলিশের বীরত্বে প্রশংসা

  • আপলোড সময় : ১৯-১২-২০২৫ ১১:৫২:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-১২-২০২৫ ১১:৫২:৩৯ পূর্বাহ্ন
এক মিনিটেই বাঁচল শিশুর প্রাণ, পুলিশের বীরত্বে প্রশংসা
স্টার্লিং হাইটস, ১৯ ডিসেম্বর :  স্টার্লিং হাইটসের একজন পুলিশ কর্মকর্তার দ্রুত ও সিদ্ধান্তমূলক পদক্ষেপে শ্বাসরোধে আক্রান্ত অচেতন এক বছর বয়সী শিশুর জীবন রক্ষা হয়েছে। এ ঘটনায় তাকে বীর হিসেবে প্রশংসা করেছে স্টার্লিং হাইটস পুলিশ বিভাগ। ম্যাকম্ব ডেইলির বরাতে এ খবর দিয়েছে দ্য ডেট্রয়েট নিউজ।
পুলিশ জানায়, বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে ১৮ মাইল রোডের ৮৪০০ ব্লকের একটি বাসা থেকে ৯১১ নম্বরে জরুরি ফোন আসে। সে সময় ওই এলাকাতেই দায়িত্বে ছিলেন এভিডেন্স টেকনিশিয়ান অফিসার ম্যাট ভারগাদামো। ফোন পাওয়ার এক মিনিটের মধ্যেই তিনি ঘটনাস্থলে পৌঁছান। ঘটনাস্থলে পৌঁছে ভারগাদামো দেখেন, রোমান নামের অচেতন শিশুটিকে তার মা কোলে নিয়ে বাড়ির বাইরে দাঁড়িয়ে আছেন। শিশুটিকে অফিসারের হাতে তুলে দিয়ে মা আতঙ্কিত কণ্ঠে বলেন, “সে শ্বাস নিচ্ছে না!”
পুলিশের তথ্যমতে, পুরো পরিস্থিতিতে ভারগাদামো ছিলেন অত্যন্ত শান্ত ও সচেতন। তিনি শিশুটিকে উল্টো করে ধরে কয়েকবার পিঠে চাপ দেন। কয়েক সেকেন্ডের মধ্যেই শিশুটি তার শ্বাসনালী থেকে তরল পদার্থ বের করে দেয়, পুনরায় শ্বাস নিতে শুরু করে এবং কেঁদে ওঠে। পরবর্তীতে স্টার্লিং হাইটস ফায়ার ডিপার্টমেন্টের চিকিৎসকরা ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেন এবং উন্নত চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নিয়ে যান।
শিশুটির মা পুলিশকে জানান, রোমান সম্প্রতি অসুস্থ ছিল এবং বাড়িতেই তার চিকিৎসা চলছিল। তিনি বলেন, শিশুটি সোফায় শুয়ে ছিল, হঠাৎ তার শ্বাস বন্ধ হয়ে যায়। তখনই তিনি ৯১১ নম্বরে ফোন করেন।
পুলিশ আরও জানায়, ঘটনাস্থলে আরও দুজন কর্মকর্তা পৌঁছে পরিবারের অন্য শিশুটির দেখভাল করেন এবং বাবা বাড়িতে ফিরে আসা পর্যন্ত পরিবারের পাশে থাকেন, যাতে এই চাপপূর্ণ সময়ে তারা প্রয়োজনীয় সহায়তা পায়।
স্টার্লিং হাইটস পুলিশের প্রধান অ্যান্ডি স্যাটারফিল্ড অফিসার ভারগাদামোর প্রশংসা করে বলেন, “অফিসার ভারগাদামোর পদক্ষেপ পুলিশিংয়ের সর্বোচ্চ মানের প্রতিফলন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো, শান্ত থাকা এবং তাৎক্ষণিক জীবনরক্ষাকারী ব্যবস্থা নেওয়ার ক্ষমতাই এই শিশুটির জন্য জীবন ও মৃত্যুর মধ্যকার পার্থক্য গড়ে দিয়েছে। আমরা তার পেশাদারিত্ব, প্রশিক্ষণ ও কমিউনিটির প্রতি দায়বদ্ধতায় গর্বিত।”
পুলিশ জানায়, গত এক মাসে স্টার্লিং হাইটসে শ্বাসরোধের ঘটনা থেকে কোনো পুলিশ কর্মকর্তার মাধ্যমে শিশুকে বাঁচানোর এটি দ্বিতীয় ঘটনা। এর আগে, ১ নভেম্বর অফিসার এডওয়ার তালিয়া ভ্যান ডাইক অ্যাভিনিউয়ের একটি ওয়ালমার্টে বুকের দুধ খাওয়ানোর সময় শ্বাসরোধে আক্রান্ত পাঁচ মাস বয়সী এক শিশুকে উদ্ধার করেন।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ডেট্রয়েটে অ্যাপার্টমেন্টে আগুন, আহত ২

ডেট্রয়েটে অ্যাপার্টমেন্টে আগুন, আহত ২