আমেরিকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে ডাকবাহকের ওপর হামলা; ৪ জন গ্রেপ্তার ডেট্রয়েটের মেয়রকে হুমকি, এক ব্যক্তির বিরুদ্ধে মামলা ল্যাপিয়ার হাই স্কুলের শিক্ষকের বিরুদ্ধে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ হ্যারিসন টাউনশিপে নৌকাডুবি, তিনজন নিহত I-696-এ স্বস্তি, ১২ অক্টোবর খুলছে পশ্চিমমুখী প্রায় সব র‍্যাম্প অটো শ্রমিকদের দূত হলেন ট্রাম্প-সমর্থক প্যানেবেকার ডেট্রয়েটে অরক্ষিত বন্দুকের গুলিতে ১১ বছরের শিশু আহত ৭ অক্টোবরের তৃতীয় বার্ষিকীতে ইউনিভার্সিটি অব মিশিগানে স্মরণ ও বিক্ষোভ নানা পাটেকর আর নেই : শেষ হলো বলিউডের এক বর্ণময় অধ্যায় মর্টগেজ ও ট্যাক্স জালিয়াতিতে ওয়ারেনের নারীকে ৫১ মাসের কারাদণ্ড মিশিগানে চার সপ্তাহের শিশুর ওপর ভয়াবহ নির্যাতন : বাবার বিরুদ্ধে মামলা যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব বাতিলের উদ্যোগে বড় উল্লম্ফন, ৬ সপ্তাহে ৪০ জন মিশিগানে আগাম ভোটের জোয়ার, অ্যাবসেন্টি ব্যালট ২ লাখ ছাড়াল অ্যান আরবারের দুই স্কুলে বোমা হামলার হুমকি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি এল-সায়েদ-বেনসনের প্রচারণায় ডেট্রয়েটে আসছেন বারাক ওবামা ডেট্রয়েটে নিরাপদ গ্রীষ্ম, অপরাধের হার নিম্নমুখী মিশিগানে ভোটের মাঠে ফের নামছেন ট্রাম্প ইকরসে ট্রেনের ধাক্কায় শিশু নিহত, হাসপাতালে মা-মেয়ে মদ্যপ অবস্থায় ভুল পথে গাড়ি চালিয়ে সংঘর্ষ,  ডেট্রয়েট পুলিশ কর্মকর্তার  বিরুদ্ধে অভিযোগ

মিশিগানে মহা শিবরাত্রি উদযাপন

  • আপলোড সময় : ১৬-০২-২০২৬ ০৩:১৪:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০২-২০২৬ ০৩:১৪:৫৪ পূর্বাহ্ন
মিশিগানে মহা শিবরাত্রি উদযাপন
ওয়ারেন, ১৬ ফেব্রুয়ারি : হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র ও মহিমান্বিত তিথি মহা শিবরাত্রি গভীর ভক্তি, উপবাস ও ধর্মীয় সাংস্কৃতিক আয়োজনে মিশিগানে অত্যন্ত শ্রদ্ধা ও আধ্যাত্মিক আবহে উদযাপিত হয়েছে। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে পালিত এ পবিত্র তিথিতে ভক্তরা উপবাস, রাতভর জাগরণ ও মন্দিরে পূজার মাধ্যমে ভগবান শিবের আশীর্বাদ প্রার্থনা করেন। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এই শুভ রজনীতেই দেবাদিদেব মহাদেব ও দেবী পার্বতীর ঐশ্বরিক বিবাহ সম্পন্ন হয়েছিল। তাই এ রাত শিব ও শক্তির মিলন-উৎসব, সৃষ্টি ও চেতনার পরম ঐক্যের প্রতীক।
বিকাল থেকেই মিশিগানের ওয়ারেন সিটির  শিব মন্দির টেম্পল অব জয়,  মিশিগান কালী বাড়ি, ডেট্রয়েট দুর্গা টেম্পল এবং হ্যামট্রাম্যাক সিটির  রাধাকৃষ্ণ টেম্পল ভক্তসমাগমে মুখর হয়ে ওঠে। উপবাস, ব্রত, জপ ও প্রার্থনায় দিনব্যাপী শিবভক্তরা নিমগ্ন থাকেন। শিবলিঙ্গে পবিত্র জল, দুধ, মধু ও বিল্বপত্র অর্পণের মধ্য দিয়ে সম্পন্ন হয় মহাদেবের আরাধনা। অনেকে পরিবার-পরিজনসহ মন্দিরে এসে প্রার্থনায় অংশ নিয়ে পারিবারিক কল্যাণ ও বিশ্বশান্তির জন্য প্রার্থনা করেন।

সন্ধ্যা গড়াতেই মন্দিরপ্রাঙ্গণে ভক্তদের উপস্থিতি আরও বৃদ্ধি পায়। ধূপ-ধুনোর সুগন্ধ, ঘণ্টাধ্বনি ও “ওঁ নমঃ শিবায়” জপে পরিবেশ হয়ে ওঠে অপার্থিব ও শিবময়। গভীর রাত পর্যন্ত চলে চার প্রহরের পূজা, অভিষেক, কীর্তন ও ধ্যান। নির্জলা উপবাস পালন করে বহু ভক্ত দিবা-রাত্র জেগে থেকে জপ-ধ্যান ও শাস্ত্রপাঠে সময় অতিবাহিত করেন। চার প্রহরে শিবের শিরে জলাঞ্জলি অর্পণের পর ব্রত সমাপন করার প্রাচীন রীতি অনুসরণ করা হয়।
মহা শিবরাত্রি উপলক্ষে গতকাল নগরীর শিব মন্দির টেম্পল অব জয়ে এক মনোজ্ঞ ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অভিজিৎ চক্রবর্তী ও তাঁর দল  সঙ্গীত পরিবেশন করেন। পরে রাহুল দাশের রচনা ও নির্দেশনায় মঞ্চস্থ হয় নাটক “ওঁ নমঃ শিবায়”। বিভিন্ন চরিত্রে অভিনয় করেন রাহুল দাশ, অরুপ পুরকায়স্থ, অসিত পুরকায়স্থ কমল, ঝন্টু দাশ এবং লাকী পুরকায়স্থ। অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন সৌরভ চৌধুরী। সমগ্র আয়োজন ছিল ভক্তিময় ও উৎসবমুখর।
মন্দিরের প্রতিষ্ঠাতা বিশিষ্ট চিকিৎসক ও দার্শনিক ড. দেবাশীষ মৃধা বলেন, “শিবরাত্রি আমাদের জন্য এক অত্যন্ত পবিত্র সাধনার দিন। উপবাস, প্রার্থনা ও পূজার মাধ্যমে আমরা মহাদেবের কৃপা ও আশীর্বাদ কামনা করি। এই পুণ্যরজনী আমাদের আত্মশুদ্ধি, সংযম ও ভক্তির মাধ্যমে অন্তরের অন্ধকার দূর করে আলোর পথে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়।”
ধর্মীয় বিশ্বাস মতে, মহা শিবরাত্রির এই পবিত্র রজনীতে ভগবান শিবের আরাধনা করলে পাপমোচন ও আত্মশুদ্ধি লাভ হয়। সংযম, উপবাস ও একাগ্র ভক্তির মাধ্যমে এই তিথি ভক্তদের আত্মোপলব্ধি ও অন্তরের পরিশুদ্ধির এক অনন্য সুযোগ এনে দেয়। শিব ও শক্তির ঐক্যের প্রতীক এই মহিমান্বিত রজনী তাই কেবল একটি উৎসব নয়,  এ এক আত্মজাগরণের আহ্বান, ভক্তির গভীর সাধনা এবং চিরন্তন সত্যের পথে অন্তরের নিবেদন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বেঙ্গল ক্লাবের উদ্যোগে আটলান্টিক সিটিতে নির্বাচনী মতবিনিময় সভা

বেঙ্গল ক্লাবের উদ্যোগে আটলান্টিক সিটিতে নির্বাচনী মতবিনিময় সভা