ডেট্রয়েট, ১৯ মার্চ : ডেট্রয়েটের নগর কর্মকর্তারা মঙ্গলবার জানিয়েছেন, শহরে চালু হওয়া নতুন ‘শর্তহীন’ নগদ সহায়তা কর্মসূচি-র প্রথম মাসেই ১,০০০-এরও বেশি নারী প্রায় ১০ লক্ষ ডলার (১ মিলিয়ন ডলার) সহায়তা পেয়েছেন।
রাজ্যব্যাপী উদ্যোগের অংশ হিসেবে পরিচালিত ‘ডেট্রয়েট আরএক্স কিডস’ (Detroit’s Rx Kids) কর্মসূচিটি নতুন মা এবং হবু মায়েদের ১,৫০০ ডলার নগদ অর্থ প্রদান করে। সন্তান জন্মের পর অন্তত ছয় মাস ধরে প্রতি মাসে ৫০০ ডলার করে সহায়তা প্রদান করা হয়, যা এই কর্মসূচিটিকে দেশের অন্যতম বৃহত্তম নগদ সহায়তা উদ্যোগে পরিণত করেছে।
মঙ্গলবার এক লিখিত বিবৃতিতে মেয়র মেরি শেফিল্ড বলেন, “ডেট্রয়েটের ১,০০০-এরও বেশি মা এত দ্রুত এই কর্মসূচিতে নাম তালিকাভুক্ত করেছেন—এটি দেখেই বোঝা যায়: পরিবারগুলো প্রস্তুত এবং ডেট্রয়েট তার প্রতিশ্রুতি পূরণ করছে।” কর্মসূচি ৯ ফেব্রুয়ারি চালু করা হয়েছিল। শহরের ওয়েবসাইট অনুযায়ী, এখন পর্যন্ত ১,১০০-এরও বেশি পরিবারকে মোট ১.৪ মিলিয়ন ডলার নগদ সহায়তা প্রদান করা হয়েছে।
কর্মসূচির নেতৃত্বে রয়েছে মিশিগান স্টেট ইউনিভার্সিটি (MSU) এবং এটি পরিচালনা করছে ‘গিভ-ডাইরেক্টলি’ (GiveDirectly) সংস্থা। সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে পরিচালিত এই উদ্যোগটি ‘নিশ্চিত আয়ের কর্মসূচি’-র আদলে তৈরি, যার মূল লক্ষ্য হলো সন্তানের প্রাথমিক জীবনে তরুণ মায়েদের দারিদ্র্য থেকে মুক্ত রাখা।
কর্মসূচির সমর্থকেরা মনে করেন, ডেট্রয়েটে প্রতি বছর প্রায় ৮,০০০ শিশুর জন্ম হয়। তাই এই উদ্যোগের মাধ্যমে পরিবারগুলোকে লক্ষ লক্ষ ডলারের সরাসরি সহায়তা প্রদান সম্ভব। পাশাপাশি, এটি মা ও শিশুর স্বাস্থ্য উন্নয়ন এবং স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করারও সম্ভাবনা রাখে।
এক বিবৃতিতে ‘আরএক্স কিডস’-এর পরিচালক এবং MSU-এর জনস্বাস্থ্য বিভাগের সহযোগী ডিন ডা. মোনা হান্না বলেন, “ডেট্রয়েটের পরিবারগুলোর কাছ থেকে আমরা যে সাড়া পেয়েছি, তা সত্যিই অসাধারণ। তবে এতে অবাক হওয়ার কিছু নেই। গর্ভাবস্থা এবং শিশুর জীবনের প্রথম মাসগুলো হওয়া উচিত আনন্দ-উচ্ছ্বাসের সময়, আর্থিক দুশ্চিন্তার নয়। সহজ ও সরাসরি সহায়তা প্রদানের মাধ্যমে ডেট্রয়েট পরিবারগুলোকে জীবনের শুরুটা শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে সাহায্য করছে এবং শিশুদের বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় সবকিছু একেবারে প্রথম দিন থেকেই তাদের হাতে তুলে দিচ্ছে।”
ডেট্রয়েটের বাসিন্দা মার্সিডিজ ব্রাউন, যিনি গত মাসে যমজ সন্তানের জন্ম দিয়েছেন, তিনি এই কর্মসূচির সুবিধাভোগীদের একজন। শহরের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে তিনি বলেন, “এটি আমাকে আমার বাড়িভাড়া পরিশোধ করতে সাহায্য করেছে। এই অর্থ আমাকে জীবনের আগামী ছয় মাসের জন্য স্বস্তি ও নিরাপত্তা দিয়েছে এমন এক সময়, যখন আমাকে বাড়ি থেকে উচ্ছেদ হওয়ার বিষয়ে চিন্তা করতে হবে না। এখন আমাকে আর ভাবতে হবে না যে, আমি কোথা থেকে টাকা জোগাড় করব।”
এই উদ্যোগটি মূলত অঙ্গরাজ্য ও স্থানীয় সরকারের অর্থায়ন, পাশাপাশি বিভিন্ন ফাউন্ডেশন এবং বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানের সহায়তার ওপর নির্ভরশীল। গত তিন বছরে মিশিগানের আইনপ্রণেতারা এই কর্মসূচির জন্য ৩০ কোটি ৬৫ লক্ষ ডলার বরাদ্দ করেছেন।
২০২৪ সালে ফ্লিন্ট শহরে যাত্রা শুরু করা ‘আরএক্স কিডস’ (Rx Kids) কর্মসূচিটি বর্তমানে মিশিগানের প্রায় ৩৬টি কমিউনিটিতে পরিচালিত হচ্ছে। গত মার্চের শুরুর দিকে, কর্মসূচির আওতা সম্প্রসারিত করে মিশিগানের ‘আপার পেনিনসুলা’ অঞ্চলের সব এলাকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
‘আরএক্স কিডস ডেট্রয়েট’-এর একজন মুখপাত্র জানান, এই কর্মসূচির বার্ষিক ব্যয় আনুমানিক ৩ কোটি ৫০ লক্ষ ডলার, যার সিংহভাগ অর্থ আসে মিশিগান অঙ্গরাজ্যের তহবিল থেকে। ডেট্রয়েট শহরের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী তিন বছরে ডেট্রয়েট সিটি কর্তৃপক্ষ স্থানীয় কর তহবিল থেকে ১৫ লক্ষ ডলার প্রদান করার প্রতিশ্রুতি দিয়েছে।
Source & Photo: http://detroitnews.com
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

সুপ্রভাত মিশিগান ডেস্ক :