ডেট্রয়েট, ২৫ মার্চ : কর্মকর্তারা জানিয়েছেন, ফেডারেল ছাত্র সহায়তা তহবিল হাতিয়ে নেওয়ার লক্ষ্যে পরিচালিত এক দশকব্যাপী জালিয়াতি চক্রে জড়িত থাকার অভিযোগে ডেট্রয়েটের এক নারী নিজের দোষ স্বীকার করেছেন।
মিশিগানের পূর্বাঞ্চলীয় জেলার মার্কিন অ্যাটর্নি জেরোম গর্গন জানান, ৪৮ বছর বয়সী মিশেল ডেনিস হিল সোমবার ডেট্রয়েটের ফেডারেল আদালতে ‘ওয়্যার ফ্রড’ (ইলেকট্রনিক মাধ্যমে জালিয়াতি) অভিযোগে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
এক বিবৃতিতে তিনি জানান, আগামী ৩ আগস্ট হিলের সাজার রায় ঘোষণা করা হবে এবং এ অভিযোগে তার সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড হতে পারে। পাশাপাশি ক্ষতিপূরণ হিসেবে তাকে ২৫ লাখ ৩০ হাজার ৮৫৪ ডলার পরিশোধ করতে হবে।
জেরোম গর্গন বলেন, ফেডারেল ছাত্র সহায়তা কর্মসূচির মূল উদ্দেশ্য হলো কঠোর পরিশ্রমী আমেরিকানদের শিক্ষা ও জীবনমান উন্নয়নের সুযোগ সৃষ্টি করা। কিন্তু মিশেল হিল এই সহায়তা ব্যবস্থাকে জালিয়াতির মাধ্যমে অপব্যবহার করে প্রকৃত সুবিধাভোগীদের প্রাপ্য লক্ষ লক্ষ ডলার আত্মসাৎ করেছেন।
হিলের আইনজীবী স্টিভেন শার্গ বলেন, তার মক্কেল ঘটনার জন্য গভীরভাবে অনুতপ্ত এবং ক্ষতিপূরণের অর্থ পরিশোধে তার পূর্ণ সদিচ্ছা রয়েছে, যত সময়ই লাগুক না কেন।
কর্তৃপক্ষ জানায়, ২০১৫ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত সময়ের মধ্যে হিল জালিয়াতির মাধ্যমে ২৫ লাখ ডলারের বেশি ফেডারেল ছাত্র সহায়তা তহবিল হাতিয়ে নিয়েছেন।
মার্কিন শিক্ষা বিভাগের তদন্তকারীরা জানান, ডেট্রয়েটের ওয়েইন কাউন্টি কমিউনিটি কলেজ ডিস্ট্রিক্টে ভর্তির প্রত্যাশী ৮০ জনেরও বেশি শিক্ষার্থীর পক্ষে তিনি জালিয়াতিপূর্ণ সহায়তা আবেদন জমা দিয়েছিলেন, যাতে তারা পেল গ্রান্ট এবং ফেডারেল ডাইরেক্ট স্টুডেন্ট লোন পেতে পারে।
তদন্তে আরও জানা যায়, তিনি ওই শিক্ষার্থীদের হয়ে প্রয়োজনীয় হাইস্কুল ডিপ্লোমা সংগ্রহ করেছিলেন, যার অনেকগুলোই ফ্লোরিডার একটি অনলাইন স্কুল থেকে নেওয়া হয়েছিল। পাশাপাশি শিক্ষার্থীদের হয়ে অনলাইন পাঠ্যক্রমও তিনি নিজেই সম্পন্ন করতেন—অনেক সময় একাধিক শিক্ষার্থীর কাজ একসঙ্গে করে তাদের শিক্ষাগত অগ্রগতি দেখিয়ে একাধিক সেমিস্টার ধরে সহায়তা পাওয়ার যোগ্যতা বজায় রাখতেন।
কর্মকর্তারা জানান, জালিয়াতির মাধ্যমে হাতিয়ে নেওয়া সহায়তা তহবিলের অর্থ তিনি কথিত শিক্ষার্থীদের সঙ্গে ভাগ করে নিতেন।
২.৬ মিলিয়ন ডলারের কোভিড-১৯ ত্রাণ ঋণ জালিয়াতির অভিযোগে অভিযুক্ত দুই ব্যক্তির বিরুদ্ধে ফেডারেল আদালতে অভিযোগ গঠনের কয়েক সপ্তাহ পরই হিল নিজের দোষ স্বীকার করে জবানবন্দি দেন।
এছাড়া চলতি মাসে ফেডারেল আদালতের নথি থেকে জানা গেছে, ডেট্রয়েট ডিস্ট্রিক্ট কোর্টের এক সাময়িক বরখাস্তকৃত বিচারকের বিরুদ্ধে ওয়্যার ফ্রডসহ অন্যান্য অপরাধের ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে এবং তার বিরুদ্ধে আরও নতুন অভিযোগ আনা হতে পারে।
গত মাসে ওয়েস্ট ব্লুমফিল্ড টাউনশিপের এক ব্যক্তিকে বেকারত্ব বীমা জালিয়াতির মামলায় ফেডারেল আদালতে ওয়্যার ফ্রডের দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর ৪১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে কর্মকর্তারা জানান।
Source & Photo: http://detroitnews.com
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

সুপ্রভাত মিশিগান ডেস্ক :