মাধবপুর (হবিগঞ্জ), ২৬ জুন : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার এনটিসির চণ্ডীছড়া চা বাগানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর (আদিবাসী) জীবনমান উন্নয়ন, সংস্কৃতি সংরক্ষণ এবং চা শ্রমিকদের অধিকার নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকাল ১১টায় চণ্ডীছড়া চা বাগানের এনটিসি বাংলো প্রাঙ্গণে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল টি কোম্পানি (এনটিসি)-এর চেয়ারম্যান, পিকেএসএফের পরিচালক এবং দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক সালেহ উদ্দিন।
চণ্ডীছড়া চা বাগানের ব্যবস্থাপক সেলিমুর রহমানের সভাপতিত্বে এবং আদিবাসী সমাজকল্যাণ সংস্থার সভাপতি পলাশ হাজংয়ের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধি, শ্রমিক নেতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
মতবিনিময় সভায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিরা শিক্ষা, স্বাস্থ্যসেবা, ন্যায্য মজুরি, আবাসন, কর্মসংস্থান এবং মৌলিক নাগরিক সুবিধা থেকে দীর্ঘদিনের বঞ্চনার চিত্র তুলে ধরেন। তারা বলেন, প্রায় দেড়শ বছর ধরে চা শ্রমিকরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসলেও তাদের জীবনমানের উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি। এখনও দারিদ্র্য, অনিশ্চয়তা ও নানা সংকটের মধ্যেই তাদের জীবন কাটছে।
প্রধান অতিথির বক্তব্যে সালেহ উদ্দিন বলেন, সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চা বাগান এবং শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করছে। চা শিল্পকে কৃষি শিল্পের মর্যাদায় উন্নীত করতে তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি চা পাতার ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং শ্রমিকদের ন্যায্য মজুরি আদায়ের ক্ষেত্রেও তাঁর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, অতীতে চা শিল্পে ব্যাপক দুর্নীতির কারণে এ খাত আজ সংকটের মুখে পড়েছে। এ সংকট কাটিয়ে উঠতে কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি চা শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
সভায় উপস্থিত প্রতিনিধিরা জানান, চা শ্রমিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠার দাবিতে আগামী এক সপ্তাহের মধ্যে একটি সংগ্রাম কমিটি গঠন করা হবে। এরপর চুনারুঘাটে বৃহৎ পরিসরে ‘বাঁচা-বাঁড়া সমাবেশ’ আয়োজনের উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে সাংবাদিক চন্দন কুমার ব্রাহ্মণ, সৈয়দ শামীম, আব্দুর রাজ্জাক রাজু, শিক্ষক দিলীপ সাংমা, স্বপন মুন্ডা, শ্যামল মুন্ডা, অলিল ভৌমিক, সুবীর তন্তবায়, নিপেন্দ্র দাশ, প্রবাট উরাং, নাড়ু রাম, হরলাল মুদি, দুর্লভ মৃধাসহ বিভিন্ন শ্রমিক নেতা ও শতাধিক শ্রমিক উপস্থিত ছিলেন।
চণ্ডীছড়া চা বাগানে সাঁওতাল, মুন্ডা, উড়াঁও, ভূমিজ, কোল, খাড়িয়া, সবর, রেলি ও উড়িষ্যাসহ বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের বসবাস। তাদের ভাষা, সংস্কৃতি, উৎসব ও ঐতিহ্য বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অংশ। বক্তারা এসব ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অর্থনৈতিক উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

নিজস্ব প্রতিনিধি :